Logo
Logo
×

বিশেষ সংবাদ

বিদেশ ফেরতদের চেনার উপায় রয়েছে, তথ্য দিন : সিভিল সার্জন

Icon

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ০২:৫৪ এএম

বিদেশ ফেরতদের  চেনার  উপায় রয়েছে, তথ্য দিন : সিভিল সার্জন
Swapno

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে জেলায় বিদেশ থেকে ফিরেছেন ৫ হাজার ৪ শত ৭৬ জন। তাদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টিনে রয়েছে ৯৪ জন। কিন্তু যারা দেশে ফিরেছেন তাদের অধিকাংশই হোম কোয়ারেন্টিনে নেই। হোম কোয়ারেন্টিনের নীতি না মেনে বাহিরে ঘোরাঘুরি করছেন। তাদেরকে চিহ্নিত করার বিশেষ ব্যবস্থা করা হয়েছে।


শনিবার (২১ মার্চ) বিদেশ ফেরত যারা হোম কোয়ারেন্টাইনে নেই তাদের চিহ্নিত করে হোম কোয়ারেন্টিনে রাখার বিশেষ ব্যবস্থার কথা জানিয়েছেন করোনা ভাইরাস প্রতিরোধে জেলা কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।


জেলার ৯৪ জন কোয়ারেন্টিনের সিটি করর্পোরেশনে ৬ জন, আড়াইহাজারে ৯ জন, বন্দরে ১৯ জন, রূপগঞ্জে ২২ জন, সদর উপজেলায় ১৯ জন, সোনারগাঁয়ে ১৯ জন কোয়ারেন্টিনে আছেন।


তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা জুড়ে এখন কোয়ারেন্টিনে আছেন ৯৪ জন। এদের মধ্যে নতুন ৩১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জেলায়  হোম কোয়ারেন্টিনে আছে মোট ৯১ জন। কোয়ারেন্টিন সেলে রয়েছে ৩ জন।


ইতিমধ্যে হোম কোয়ারেন্টিনে থেকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৫ জন। তবে ১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত বিদেশ থেকে ফিরেছেন ৫৪৭৬ জন। তাদের মধ্যে নূন্যতম কিছু মানুষ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।


বাকিদেরকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টিনে আনার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিদেশ ফেরতদের হাতে বিমানবন্দর থেকে ফেরার সময় কোয়ারেন্টিন সিল দেওয়া হচ্ছে। সিলে তারা কতদিন হোম কোয়ারেন্টিনে থাকবে সেই তারিখ উল্লেখ থাকে। আশা করছি আমারা এই কোয়ারেন্টিন সিলের মাধ্যমে সহজেই তাদের চিহ্নিত করতে পারব।


তিনি আরো বলেন, উপজেলার প্রতি ইউনিয়নে একটি কোয়ারেন্টিন কমিটি গঠন করা হয়েছে। প্রতি কমিটির প্রধান ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কমিটি সদস্যরা বিদেশ ফেরতদের চিহ্নিত করে উপজেলা প্রশাসনকে অবহিত করেন। এই কোয়ারেন্টাইন সিল দেখে কমিটির সদস্যরা সহজেই বিদেশ ফেরতদের চিহ্নিত করতে পারবেন। চিহ্নিত বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিনে রাখা হবে। যারা হোম কোয়ারেন্টিনে না থেকে নিয়ম ভঙ্গ করবেন তাদের শনাক্ত করে কোয়ারেনটাইনে ফেরত পাঠাতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সহজ হবে।


বিদেশ ফেরতদের হাতে কোয়ারেন্টিন চিহ্ন দেখলে সাধারন মানুষকে কমিটি বরাবর তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশ ফেরতদের চেনার উপায় রয়েছে। এখন প্রয়োজন তথ্যের, তথ্য দিন। আমরা বিদেশ ফেরতদের কোয়ারেন্টিনে পাঠাবো। এর ফলে সংস্পর্শের মাধ্যমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হ্রাস পাবে।   


মোহাম্মদ ইমতিয়াজ বলেন, জেলার হাসপাতালে প্রয়োজনীয় পিপিই (পারসোনাল প্রোটেক্টটিভ ইক্যুইপমেন্ট) রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই রয়েছে। আগামীকাল আরো পাঠানো হবে। এছাড়াও রোগীদের প্রয়োজনে যেসব যন্ত্রপাতি প্রয়োজন তার অধিকাংশই আমাদের রয়েছে। ১০-১২ জন আক্রান্ত রোগীকে সেবা দেওয়ার মতো যন্ত্রপাতি রয়েছে। যন্ত্রপাতি আনানো হবে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন