Logo
Logo
×

বিশেষ সংবাদ

বাজার মনিটরিং করব, মুনাফাখোরদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: শামীম ওসমান

Icon

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ০৭:২৫ পিএম

বাজার মনিটরিং করব, মুনাফাখোরদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: শামীম ওসমান
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা আতংকে দ্রব্যসামগ্রী মজুদের হিড়িক তুলে ব্যবসায়ীদের অধিক মুনাফা লাভের সুযোগ করে না দিতে সাধারণ মানুষের প্রতি আহবান জানিয়ে শামীম ওসমান বলেন, মানুষ যদি প্যানিক সৃষ্টি করে তাহলে মুনাফালোভীরা সেই সুযোগ নেবে। সমাজের সকল মানুষের স্বার্থে সুবিধাভোগীদের সেই সুযোগ দেয়া যাবে না। 

 

বাজার নিয়ন্ত্রন করতে দলমত নির্বিশেষে আমরা সবাই মিলে বাজারে গিয়ে মনিটরিং করব। মানুষের দূর্বলতার সুযোগ নিয়ে খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে যারা অধিক মুনাফা অর্জনের চেষ্টা করবে সেই সমস্ত সুদখোর ও মুনাফাখোরদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। 

 

নারায়ণগঞ্জের বাজারগুলোতে দ্রব্যমুল্যের দাম বাড়িয়ে কেউ অধিক মুনাফা লাভের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

 

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় কবরস্থান মসজিদে জুম্মার নামাজ শেষে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান গণমাধ্যমকে এ কথা জানান। 

 

জুম্মার নামাজের আগে শামীম ওসমান করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে মহান আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করতে মুসুল্লিদের প্রতি আহবান জানান। 

 

এছাড়াও দেশের এই দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা না করতেও ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি। 

 

এ সময় শামীম ওসমান করোনা ভাইরাস যাতে মহামারিতে রূপ না নেয় তার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনে কবরস্থান মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন এবং এতে মানুষকে হেফাজতে রাখতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বিশেষ দোয়া করা হয়। এই দোয়া মাহফিলে জেলা প্রশাসক জসিম উদ্দিনসহ স্থানীয় মুসুল্লিরা অংশগ্রহণ করেন। 

 

এরআগে দেশবাসীর কল্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সবার সুস্থতা কামনা করে গত এক সপ্তাহে জেলার বিভিন্ন মাদ্রাসায় ৫ হাজার ২শ’ ৭৫ বার কোরআন খতমেরও ব্যবস্থা করেন তিনি।

 

করোনা ভাইরাস মোকাবেলায় সরকার যথেষ্ট তৎপর এবং স্বয়ংসম্পূর্ণ আছে উল্লেখ করে শামীম ওসমান জানান, দেশে খাদ্য ও অষুদ পথ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। ইতিমধ্যে সরকার সেই প্রস্তুতি ও ব্যবস্থা রেখেছে। করোনা নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। 

 

তিনি বলেন, আমরা ৯৮'র ভয়াবহ বন্যা পরিস্থিতি আমরা সেই সময় মোকাবেলা করেছি। তখন একজন মানুষও খাদ্যের অভাবে মারা যায় নাই। এবারও আল্লাহর রহমতে খাদ্যের অভাবে বা বিনা চিকিৎসায় কারো মৃত্যু হবে না ইনশাল্লাহ।

 

করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে পরিস্কার পরিচ্ছন্নতা অবলম্বন করারও আহবান জানান শামীম ওসমান। এছাড়া করোনা ভাইরাসকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে সব ধরণের রাজনৈতিক কার্যক্রম স্থগিত রেখে জনসেবামূলক কাজে সম্পৃক্ত থাকার কথাও জানান তিনি। 

 

এর আগে সংসদ সদস্য শামীম ওসমান মাসদাইর কবরস্থানে তার বাবা মা ও দাদার কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন