রাসেল আদিত্য : করোনা ভাইরাসের প্রভাব পড়েছে দেশের নিত্যপণ্যের বাজারে। হঠাৎ করে শহরের বাজারগুলোতে কেনা-কাটায় ভীড় চোখে পড়ার মতো। করোনা ভাইরাস আতঙ্কে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনে মজুদ করে রাখছে মানুষ। যদিও গত বুধবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আতিরিক্ত কেনাকাটা না করতে নিষেধ করেছেন সবাইকে। কিন্তু মানুষ সেটিকে আমলে নিচ্ছেনা, এই সুযোগে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, গত দুই দিনের ব্যবধানে দাম সবচেয়ে বেড়েছে চাল এবং পেঁয়াজের। আলু, ডিম, ডাল, খোলা সয়াবিন, পামতেলের দামও বড়েছে। তাছাড়া বিদেশি শিশুখাদ্য ও ডায়াপারের দামও বাড়তি বলে জানান ব্যবসায়ীরা। করোনার প্রভাব বাড়ার সাথে সাথেই বিভিন্ন স্যানিটাইজেশন, জীবাণুনাশকের দাম তো আগে থেকেই বেড়ে গেছে।
মানভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে ৫-৮ টাকা করে। আর বস্তা প্রতি এর দাম বেড়েছে ২৫০-৪০০ টাকা। হঠাৎ করে এই দাম বেড়ে যাওয়া কেন জানতে চাইলে নিতাইগঞ্জের একজন পাইকারী চাল বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, করোনা ভাইরাসের আতঙ্কের কারণে ক্রেতার বেশি বেশি চাল কিনে মজুদ রাখছে। এ সুযোগে পাইকারী বিক্রেতার দাম বাড়িয়ে দিয়েছে। কারণ দেশের মানুষ এখন চরম আতঙ্কে রয়েছে। সামনে কী হয় না-হয় এ নিয়ে তারা শঙ্কা এবং হতাশার মধ্যে আছে।
বাজারে চালের সরবরাহ কেমন রয়েছে এমনটা জানতে চাইলে বিক্রেতারা জানান, এখন চালের মৌসুমের শেষ সময়। কিছুদিন পরে নতুন চাল উঠবে। হঠাৎ বাড়তি চাহিদা তৈরি হয়েছে। এই সুযাগে দেশের বড় বড় পাইকার যারা, তারা চালের কৃত্রিম সংকট তৈরি করতে পারে। তখন আমাদের কাছে যা মজুদ আছে সেগুলো বিক্রি হয়ে গেলে বেশি দামে কিনতে হবে এবং বেশি দামে বিক্রি করতে হবে। এটা আগামী সপ্তাহে বোঝা যাবে।’
তারা জানান, মিল-মালিকদের অনেকেই নতুন সরবরাহের আদেশ নিচ্ছেন না। ফলে বাজারে আরও নেতিবাচক প্রভাব পড়তে পাড়ে। তাই আগমী এক সপ্তাহে যে চালের দাম আরও বেড়ে যেতে পারে-এ নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন চাল ব্যবসায়ীরা।
দুইদিন আগেও শহরের পাইকারী বাজারে একপাল্লা পেঁয়াজের দাম ছিল ২০০-২২০ টাকা যা বর্তমানে ৩০০-৩২০ টাকা। আর খুচরা বজারে প্রতি কেজি ছিল ৪০-৪৫ টাকা যা বর্তমানে বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকা। তার মানে একদিনের ব্যবধানে পাল্লা প্রতি দাম বেড়েছে ১০০-১২০ টাকা আর কেজি প্রতি দাম বেড়েছে ২০-২৫ টাকা করে।
হঠাৎ এমূল্য বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চাইলে দ্বিগুবাবুর বাজারের একজন পাইকারী বিক্রেতা জানান, করোনা ভাইরাসের কারণে বাইরের থেকে পেঁয়াজ আসা বন্ধ। তাছাড়া চট্টগ্রামের পাইকারী বাজারেও এর দাম বেড়ে গেছে। ফলে আমাদেরও বেশি দামে কিনতে হয় তাই এর দাম বেড়েছে
অন্যএকজন বিক্রেতার কাছে জানতে চাইলে তিনি বললেন ভিন্ন কথা। হেসে হেসে তিনি বলছিলেন ‘এইযে আপনাদের কারণে দাম বেড়ে গেল। গত দুই দিন ধরে বাজারে ক্রেতার সংখ্যা বেশি, বিক্রিও বেশি। তাই এর দাম কিছুটা বেড়ে গেলেন।
শহরের ইসদাইর থেকে দিগুবাবুর বাজারে আসা শাহজাহান মিয়া নামের একজন প্রবীণ লোক পেঁয়াজের দাম বেড়ে যাওয়াতে রেগে রেগে সবাইকে বলছেন, কেউ আধা কেজির বেশি পেঁয়াজ কিনবেন না। দেখবেন না কিনলে এমনি এমনি এর দাম কমে যাবে। সবাই সিন্ডিকেট করছে, দাম বাড়িয়ে ফেলছে। দেশটাকে মগের মুল্লুক পাইছে।
বন্দরের সোনাকান্দা থেকে আসা একজন ক্রেতা বলেন, ভাই আমার গ্রামের বাড়ি ফরিদপুর। কিন্তু আমি এখানে চাকরির সুবাধে অনেকদিন থেকে বসবাস করছি। এখন পেঁয়াজের মৌসুম চলছে, অর্ধেক পেঁয়াজও এখনও উঠে আসেনি। আতঙ্ক হওয়ার কেনো কারণ নেই। দেশে পার্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হয়েছে। দাম স্বাভাবিক থাকবে।
পেঁয়াজের সাথে আলুর দামও বেড়েছে। গত দুইদিন আগে ১ পাল্লা আলুর দাম ছিল ৮০-৯০ টাকা করে এবং খুচরা বাজারে প্রতি কেজি ছিল ২০-২২ টাকা করে। এখন প্রতিপাল্লা বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকা এবং খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪-২৬ টাকা করে।
হালি প্রতি ডিমের দাম ৪-৬ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৩৪-৩৬ টাকা। যা দুইদিন আগেও ছিল ৩০-৩২ টাকা করে। হঠাৎ করে ডিমের দাম এত বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে কালীর বাজারের একজন পাইকারী ডিম বিক্রেতা জানান, ডিমের উৎপাদন কিছুটা কম হওয়ায় বাজারে এর সরবরাহ কম। কিন্তু গত দুদিন ধরে এর চাহিদা বেশি দেখা যাচ্ছে। তাই এর দাম কিছুটা বেড়ে গেছে।
আগামী কয়েকদিনের মধ্যে ডিমের দাম স্বাভাবিক হবে কি-না জানতে চাইলে তিনি জানান, সেটা নির্ভর করবে দেশের যে ভাইরাস নামছে তার উপর । আর ডিমের উৎপাদন যদি বেড়ে যায় তাহলে হয়তো কিছুটা দাম কমতে পারে। তাও নির্ভর করবে দেশের পরিস্থির উপর।
তবে মাছ, মাংস, শাক-সবজিসহ দৈনন্দিন বাজারের এসব পণ্যের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে।এগুলোর দাম বাড়ার সম্ভাবনা আছে কি-না জানতে চাইলে সংশ্লিষ্ট কয়েকজন বিক্রেতা জানান, সেটি নির্ভর করবে আগামী কয়েকদিনে দেশের পরিস্থিতির উপর। কারণ যদি কোনো কারণে যাতায়াত ব্যবস্থার অসুবিধা বা বন্ধ হয়ে যায় তবে এর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। এগুলো তো আর মজুদ করে রাখা যায়না। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে।


