স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। সেই সাথে কারাবন্দী ও কারারক্ষীদের মাঝে মাস্ক বিতরণ ও বন্দিদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে চারজন জেলফেরত কারাবন্দিকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে জেলা কারাগারের আয়োজনে মুক্তিযোদ্ধা কর্ণার উদ্বোধন করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন।

মাস্ক বিতরণে সহয়তা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব অব নারায়ণগঞ্জ এবং সেলাই মেশিন বিতরণে সহয়তা করেছে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গার্ডেন।

জেল সুপার সুভাষ ঘোষ বলেন, বঙ্গবন্ধু জাতির পিতা তার জন্মদিন পুরো বাঙালি জাতির জন্য একটি বিশেষ দিন। কারাবন্দিরা এ দেশেই জন্মগ্রহণ করেছে। তারা যেহেতু ভুল করেছে তাই তাদের সামনে জাতির পিতার বঙ্গবন্ধুর কথা, বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরার চেষ্টা করছি। তারা সত্য ও সঠিক পথে ফিরে এলেই দেশের উন্নয়নের চাকা আরো অগ্রসর হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, আজ দেশের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন।আজকের এই বিশেষ দিনে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন আসলেই সকলের জন্য আনন্দের। মুক্তিযোদ্ধা কর্ণার থেকে কারাবন্দিরা বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানতে পারবে। আমাদের বঙ্গবন্ধুর বানীকে অন্তরে ধারণ করে সকল বাঙালির দেশের জন্য কাজ করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও কার্যকরী সদস্য বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ অধ্যক্ষ প্রফেসর ড.শিরিন বেগম, কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম, ডেপুটি জেলার তানিয়া জামান, বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক ইউসুফ আলী এটম প্রমুখ।







