ইউসুফ আলী এটম : ১৯৭৭ সালের কথা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পড়াশোনার পাশাপাশি একটি দৈনিকে খন্ডকালীন সাংবাদিকতা পেশায় যুক্ত।
বর্তমানে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসানসহ আরো অনেক সিনিয়র সাংবাদিকও তখন ওই পত্রিকার সাথে জড়িত ছিলেন।
এঁদের সাহচর্য আমাকে লেখালেখির প্রতি বিপুলভাবে প্রেরণা যোগাত। প্রচুর লিখতাম। ছড়া আর ছন্দ নিয়ে রাতদিন মাতামাতি।
ওই সময়ের নামকরা সব দৈনিকের ছোটদের পাতায় নিয়মিত লেখা ছাপা হচ্ছে। আর আমি যেন হাওয়ায় উড়ছি। দ্রোহেরকবি নামে খ্যাত প্রয়াত রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ছিলো বাংলা বিভাগে আমার শ্রেণীবন্ধু।
তখন নারায়ণগঞ্জে অনেক সাহিত্যসভা হতো। রুদ্র এসব সাহিত্যসভায় আমাকে নিয়মিত সঙ্গ দিতো। নানা কারণে আমি এক বছর ড্রপ দেয়ায় রুদ্র আমাকে ডিঙ্গিয়ে এক বছর সিনিয়র হয়ে গেলো।
একইভাবে জাফর ওয়াজেদ, ভীষ্মদেব চৌধুরীর মতো আরো অনেকেই আমাকে পেছনে ফেলে দিলো। কিন্তু ওদের সাথে বন্ধুত্বের বন্ধনটা কখনো শিথিল হয়নি।
পরের বছর ১৯৭৮ সালে স্কুলজীবনের সহপাঠী আব্দুল আজীজের সাথে নতুন করে ঘনিষ্ঠতা হলো। আজীজ তখন কেন্দ্রীয় খেলাঘরের সম্পাদক। দৈনিক সংবাদের খেলাঘরের পাতাটিও ওর মাধ্যমেই প্রকাশিত হয়। আজীজ তখন সূর্যসেন হলে থাকে। একদিন আমাকে ওর রুমে ডেকে নিয়ে একটি নতুন পরিকল্পনার কথা জানালো। বঙ্গবন্ধুকে নিয়ে সংকলন প্রকাশ করবে ।
তার পরিকল্পনার বিস্তারিত বিবরণ শুনে উত্তেজনায় কাঁপতে শুরু করলাম। সেই থেকে যুক্ত হলাম ইতিহাস রচনার কাজে। ইতিহাস রচিত হলো ‘ এ লাশ আমরা রাখবো কোথায় ’ সংকলন প্রকাশের মধ্য দিয়ে।
১৯৭৮ এর ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ করলো জাতির জনককে নিয়ে লেখা বাংলাদেশের প্রথম সাহসী উচ্চারণ ‘এ লাশ আমরা রপাখবো কোথায়’।
অন্নদাশংকর রায়ের সেই বিখ্যাত লেখা ‘যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান/ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবর রহমান’ দিয়ে শুরু।
সাহস করে আরো লিখলেন- দিলওয়ার,হায়াৎ মামুদ,রাহাত খান,আলতাফ আলী হাসু,মোহাম্মদ রফিক,মাশুক চৌধুরী,ফরিদুর রহমান বাবুল,নির্মলেন্দু গুণ,তুষার কর,সুকুমার বড়ুয়া,মোহাম্মদ মোস্তফা,মাহমুদুল হক,আমিনুল ইসলাম বেদু,জিয়াউদ্দীন আহমদ,জাহিদুল হক,ইউসুফ আলী এটম,সিরাজুল ফরিদ,আখতার হুসেন,ভীষ্মদেব চৌধুরী,ফজলুল হক সরকার,মহাদেব সাহা,আব্দুল আজীজ,শান্তিময় বিশ্বাস,জাফর ওয়াজেদ,লুৎফর রহমান রিটন,নূর-উদ্দীন শেখ,ওয়াহিদ রেজা,কামাল চৌধুরী এবং খালেক বিান জয়েন উদ্দীন।
নারায়ণগঞ্জ থেকে শুধু আব্দল আজীজ,ওয়াহিদ রেজা ও আমার লেখাই ছাপা হয়েছিলো। এ সংকলন ঘিরে অনেক ইতিহাস জড়িত যা এই স্বল্প পরিসরে লিখে শেষ করা যাবে না ।
যখন বঙ্গবন্ধুর নাম মুখে উচ্চারণ করলে বাঁকা চোখের দৃষ্টি আঘাত হানতো সেই কঠিণ সময়ে শুধু বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সংকলন প্রকাশ করা যে কতো দুঃসাহসিক কাজ ছিলো তা বওে শেষ করা যাবে না।


