Logo
Logo
×

বিশেষ সংবাদ

শোকে স্তব্দ না`গঞ্জ

১৫ দিনে প্রাণ হারিয়েছে ২৬ জন

Icon

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০৩:২০ এএম

১৫ দিনে প্রাণ হারিয়েছে ২৬ জন
Swapno

শামীমা রীতা : সড়ক দুর্ঘটনায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। প্রায় প্রতিদিনই সড়ক-মহাসড়কগুলোতে কখনও যানবাহনের বেপোরোয়া গতি ও অসাবধনতায় এ মৃত্যুর মিছিলে সামিল হচ্ছে নতুন নতুন লাশ। আর এ সকল দুর্ঘটনায়  শুধু মানুষ নয় মৃত্যু হচ্ছে হাজারো স্বপ্নেরও। সড়ক দুর্ঘটনায় প্রায় প্রতিদিনই মানুষের মৃত্যু হচ্ছে।


তবে সবকিছু ছাপিয়ে গত ৫ ও ৬ মার্চ সড়ক দুর্ঘটনায় কয়েকঘন্টার ব্যবধানে ১৮ জনের মৃত্যুর ঘটনায় শোকে স্তব্দ হয়ে পড়ে পুরো নারায়ণগঞ্জ। পৃথক এসব দুর্ঘটনায় আরও অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন। শুধু দুই দুর্ঘটনায় নিহত হয়েছেন বন্দর ও ফতুল্লার ১৬ জন।


ফতুল্লা ও বন্দরের নিহতদের স্বজনদের মাতম ও আহাজারিতে শোকে স্তব্দ হয়ে পড়ে ফতুল্লা ও বন্দরের এলাকাবাসী। প্রিয়জনদের হারানোর বেদনায় শোকে কাতর হয়ে পড়ে বন্ধু ও স্বজনরা। শুক্রবার (৬ মার্চ) ভোরে ও ৫ মার্চ দিবাগত মধ্যরাতে দেশের চারটি জেলায় পৃথক এই প্রাণহানির ঘটনা ঘটে।

গত ৬ মার্চের ঘটনা। পরিবার পরিজন নিয়ে মাইক্রোবাসযোগে পাত্রীকে আংটি পড়াতে নারায়ণগঞ্জ থেকে সুনামগঞ্জের দিরাই যাচ্ছিল। পথে হবিগঞ্জের নবীগঞ্জে এসে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান আরো একজন। একই দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন।

এই দুর্ঘটনায় নিহতরা হলেন-ফতুল্লার পাগলা মুসলিমপাড়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে আইএফসিআই ব্যাংকের কর্মচারী আব্বাস উদ্দিন (৫৫), তার ছেলে ইমন (২৫), ছোট ছেলে রাব্বি (২০), একই এলাকার আবুল গণি তালুকদারের ছেলে মো. খলিলুর রহমান (২৫), মুসলিমপাড়া কুসুমবাগ এলাকার মৃত গিয়াসউদ্দিনের মেয়ে সুমনা আক্তার (৩৫), একই এলাকার তোতা খানের ছেলে ইমরান (১৬), আবুল হোসেনের ছেলে রাজিব (২৫), ঢাকা মতিঝিলের মজিবুর রহমানের স্ত্রী আসমা আক্তার (২৫), একই এলাকার হাজী মহসীন (৭০), বেলায়েত হোসেনের মেয়ে খাদিজা (৪)। আহতরা হলেন- আবুল হোসেন (৫৫), রফিক (৪০) এবং নাদিম (৩৫)।


এদিকে একই দিন (৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুরা কালিসীমা এলাকায় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি মাইক্রোবাস ও সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটিতে আগুন ধরে নিহত হয় ৬ জন। একই ঘটনায় গুরুতর আহত হন অপর ৪ যাত্রী।


নিহতরা হলেন- বন্দর উপজেলার নবীগঞ্জের দেউলী চৌরাপাড়া এলাকার মসলার ব্যবসায়ী নুরুল হকের ছেলে রিফাত (১৮), একই এলাকার রাজমিস্ত্রী তাওলাদ হোসেনের ছেলে ইমন (১৭), খোরশেদ আলমের ছেলে গাড়ি চালক সোহান (২২), নবীগঞ্জের দিলারবাড়ি এলাকার চায়ের দোকানি আবুল হোসেনের ছেলে ছাত্রলীগ কর্মী সাগর (২০), আবুল হোসেনের কর্মচারী শাহিন (১৬) ও আরেক কর্মচারী হারুন (৪২)।


আহতরা হলেন- নবীগঞ্জের  দেউলী চৌরাপাড়া এলাকার স্যানেটারি মিস্ত্রী আফজাল হোসেনের ছেলে বিজয় (১৯), একই এলাকার আবিদ (১৯), নবীগঞ্জের কদমতলী এলাকার শাহীন আহমেদ শান্ত (৩০) ও জিসান (২৪)।


অপরদিকে শুক্রবার (৬ মার্চ) ভোর পাঁচটার দিকে ময়নসিংহের ভালুকা উপজেলার মেহরাবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বড় পিকআপের সঙ্গে মাছভর্তি আরেকটি ছোট পিকআপের সংঘর্ষে চালক রাজনসহ নিহত হন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাছ ব্যবসায়ী মো. আজিম।


এছাড়াও ৫ মার্চ দিবাগত রাত একটার দিকে সাভারের উলাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক চাপায় নারায়ণগঞ্জ শিল্প পুলিশের কনস্টেবল আকাশ আহমেদ (২২) মারা যান। আশুলিয়ার শ্রীপুরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে নারায়ণগঞ্জে কর্মস্থলে আসছিলেন ঢাকা জেলার ধামরাই উপজেলার আব্দুল মজিদেও ছেলে আকাশ।


এদিকে মার্চ মাসের ১৫ দিনে জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৮ জন। এর মধ্যে আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে।
গণমাধ্যমে প্রচারিত সংবাদের তথ্যানুসারে, ১৩ মার্চ রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ফজলুল হক নামে পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) দুইজন নিহত হয়েছে।


জানা যায়, শুক্রবার বিকেলে এসআই ফজলুল হক ঢাকার কর্মস্থল থেকে মোটর সাইকেলযোগে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। যাত্রাপথে রূপগঞ্জ উপজেলার নলপাথর এলাকায় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।


এদিকে সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের বীরহাটাব ইছারমাথা এলাকায় একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী তানভীর (১৬) নামে এক কিশোর ঘটনাস্থলেই নিহত হয়।


১৩ মার্চ আড়াইহাজারে সিএনজি অটোরিকশার ধাক্কায় জয়নাল (৫০) নামে স্থানীয় গোপালদী পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর নিহত হয়। জানা যায়, জালাকান্দি এলাকায় একটি বিআরটিসি বাস পাশের সিএনজিকে ধাক্কা দেয়। পরে সিএনজিটি পথচারী জয়নালের ওপর গিয়ে পড়লে গুরুতর আহত হন তিনি । পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


১১ মার্চ ফতুল্লার ভূঁইগড় এলাকায় একটি কাভার্ডভ্যানের চাপায় সাজ্জাদ (২৭) নামে হানিফ পরিবহনের একজন হেলপারের মৃত্যু হয়।  ৫ মার্চ নগর খানপুর এলাকায় জেলা প্রশাসকের বাসভবনের সামনে কাভার্ডভ্যানের সঙ্গে রিকশার সংঘর্ষে শহিদুল ইসলাম (৪০) নামে এক  চালক ও একই দিন ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার মৈকুলি বাসস্টান্ড এলাকায় লেগুনার ধাক্কায় শফিকুল ইসলাম (২৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়।


৩ মার্চ আড়াইহাজার উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ দু‘জন নিহত হয়। উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী ও বাগবাড়ী শিমুলতলি এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে। রাতে সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখীতে বাগবাড়ী শিমুলতলি এলাকায় রাস্তায় কাজ করার সময় সিলেটগামী অনন্যা পরিবহনের একটি বাসের চাপায় নির্মাণ শ্রমিক জামাতুল্লাহ (৫৫)’র মৃত্যু হয়।


অপরদিকে একই দিন বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় রাস্তা পার হওয়ার সময় নাদিয়া (১১) নামে পাঁচরুখী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যাতায়াত পরিবহনের একটি বাস চাপা দেয়। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরদিন বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


উল্লেখ্য, এর আগে গত দুই মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয় ১২ জন। এরমধ্যে জানুয়ারিতে ৫ জন ও ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন