না’গঞ্জে ব্যাপক আয়োজন
শুভ জন্মদিন জাতির পিতা বিনম্র শ্রদ্ধা
প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০২:৫৫ এএম
বিশেষ প্রতিনিধি : আজ ১৭ মার্চ মঙ্গলবার। সেই ঐতিহাসিক দিন। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে নারায়ণগঞ্জে।
চলমান করোনা ভাইরাসের কারনে আনুষ্ঠানিকতা আপাতত কিছুটা সীমিত আকারে করা হলেও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পেশাজীবী সংগঠন দিনটি উদযাপণে নিয়েছে বিভিন্ন পদক্ষেপ।
১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি, সকাল সাড়ে ৮ টায় চাষাঢ়া বিজয় স্তম্ভে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় চাষাঢ়া থেকে জেলা প্রশাসক কার্যালয় অভিমূখে র্যালী, সাড়ে ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে কেক কাটা, শিশু সমাবেশ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুর আড়াইটায় জেলা কারাগারে জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠান এবং বিকেল সাড়ে ৪ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুজিব বর্ষের অনুষ্ঠানের আয়োজন করা হবে।
মজিববর্ষের আয়োজন সম্পর্কে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানান, মুজিববর্ষের দিন জেলার সর্বত্র নানা কর্মসূচি পালিত হবে তাই এদিন পুলিশকে খুব ব্যস্ত থাকতে হবে। জেলা পুলিশের পক্ষ থেকে ১৭ মার্চ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে এবং র্যালীতে অংশ নেয়া হবে।
এছাড়াও প্রতিটি থানায় মুক্তিযোদ্ধা, শিশু, নারী ও বয়স্কদের জন্য বিশেষ হেল্প ডেস্ক খোলা হবে। ১৭ মার্চের পরে যে কোনদিন পুলিশ লাইনে আলোচনা সভার আয়োজন করা হবে।
মুজিববর্ষের কর্মসূচির বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ১৭ মার্চ জেলা পরিষদের প্রধান গেইটে নব নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হবে।
এদিন সন্ধ্যায় আতশবাজী ফুটানোর মাধ্যমে এই ম্যুারাল উদ্বোধন করা হবে। একই সাথে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হবে। এছাড়াও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এদিন সকালে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হবে।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জানান, সকাল ১০টায় শহরের ২নং রেলগেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং কেক কাটা হবে। এছাড়াও সন্ধ্যের পর চাষাঢ়া, খানপুরসহ ৪টি স্থানে আতশবাজি ফুটানো হবে।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মো: মোহসীন মিয়া মুজিববর্ষের কর্মসূচির বিষয়ে জানান, ১৬ মার্চ থেকেই আমরা আদালত চত্বরে সুসজ্জিত লাইটিংয়ের ব্যবস্থা করবো। ১৭ মার্চ সকালে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করবো, এরপর কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হবে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে।
শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু জানান, এদিন বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম এবং বঙ্গবন্ধুর জন্য দোয়া কামনা করা হবে। বিকেলে বাদ মাগরিব শহর যুবলীগের পক্ষ থেকে আলোচনা সভা এবং কেক কাটা হবে।
মুজিব বর্ষের কর্মসূচির বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ জানান, মুজিববর্ষের সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচী শুরু করবে ছাত্রলীগ। এরপর ছাত্রলীগের প্রতিটি ইউনিট নিজ নিজ এলাকায় দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী পালন করবে।
কেন্দ্রীয় কর্মসূচি :
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয় এবং সারাদেশে সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। অনুরূপ কর্মসূচি সারাদেশে অনুষ্ঠিত হবে।
টুঙ্গিপাড়ার কর্মসূচি :
সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতিনিধি দল টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন।
দোয়া মাহফিল:
মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দেশব্যাপী বিশেষ প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল।
এতিমদের মাঝে খাবার ও মিষ্টি বিতরণ :
দুপুর ১২টায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে আজিমপুর এতিমখানা প্রাঙ্গণে অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে খাবার, বস্ত্র ও করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবহার্য সামগ্রী বিতরণ।
আতশবাজি ও আলোকসজ্জা:
রাত ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মক্ষণ উপলক্ষে সারাদেশে একযোগে আতশবাজি প্রদর্শনী ও ফানুস উত্তোলন। আওয়ামী লীগের উদ্যোগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডি রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি ও জাতীয় সংসদ ভবন এলাকায় আতশবাজি প্রদর্শনী। এ ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ রাজধানীর প্রধান প্রধান সড়কে আলোকসজ্জা।
রাত ৮টার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাতীয় ও বাস্তবায়ন কমিটির আয়োজনে একযোগে সকল গণমাধ্যমে প্রচারিত অনুষ্ঠান ঘরে বসে দেখার অনুরোধ জানানো হয়েছে।


