Logo
Logo
×

বিশেষ সংবাদ

লিংকরোড, ৬ লেন’র কাজ আগস্টে

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১০:৫৫ এএম

লিংকরোড, ৬ লেন’র কাজ আগস্টে
Swapno

লতিফ রানা : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড। চাষাঢ়া থেকে সাইনবোর্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবদি লিংকরোডের দৈর্ঘ্য ৮.১৫ কিলোমিটার। গুরুত্বপূর্ণ এই  লিংকরোডের কোথাও ভাঙাচোরা আবার কোথাওবা পিচ গলে উচুঁ-নিচু হয়ে রয়েছে।


ঝুঁকিপূর্ণ এই রাস্তায় যানবাহন চলাচলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। যানবাহনগুলোর অবস্থাও খারাপ হয় বলে জানান চালকরা।


তবে এই দুর্ভোগ আর বেশি দিনের জন্য নয়। আগস্টেই ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের সড়ক যোগাযোগ দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করতে ৪৪৯ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে লিংকরোড ৬ লেনে উন্নিত করার কাজ শুরু হবে।


ইতিমধ্যেই এই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির বাস্তবায়ন করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ বিভাগ নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার শেখ।


সাত্তার শেখ জানান, যেহেতু লিংকরোড ৬ লেন করার প্রকল্পটি অনুমোদন হয়ে গেছে এবং শীঘ্রই কাজ শুরু হতে যাচ্ছে তাই আমরা এখন ওই নতুন কাজ শুরু হওয়ার আগে এখনকার ভাঙাচোরা রাস্তায় আর বাড়তি খরচ করতে চাচ্ছিনা। তিনি জানান, এই সড়কটি উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে।


এই প্রকল্পের আওতায় লিংকরোডের মাঝখানে দুই মিটার প্রশস্ত একটি আইল্যান্ড, দুই পাশে ২ লেন করে ৪ লেনের সড়ক, ১৮ ফুট করে দুই পাশে ৩৬ ফুট সার্ভিস সড়ক, দুই পাশে আড়াই মিটার প্রশস্ত করে মোট ৫ মিটার ড্রেন (যা ফুটপাত হিসেবে ব্যবহার করা যাবে), তিনটা ইউ ড্রেন, তিনটি ফুট ওভার ব্রীজসহ সৌন্দর্য্যবর্ধনও করা হবে। এছাড়াও বৈদ্যুতিক উন্নয়নসহ ৮ কিলোমিটার দৈর্ঘ্যরে এই কাজটির জন্য বরাদ্দ ধরা হয়েছে ৪৪৯ কোটি ৫৮ লাখ টাকা ।


শহরের ব্যস্ততম সড়ক ঢাকা নারায়ণগঞ্জ সংযোগ সড়ক (লিংক রোড)। এর দুই পাশে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরসহ সরকারী বেসরকারী গুরুত্বপূর্ণ অফিস। এই সড়কের পাশেই জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, এলজিইডি, জেলা পরিষদ, জেলা রেজিষ্টার, জেলা কারাগারসহ সরকারি- বেসরকারি গুরুত্বপূর্ণ কার্যালয়। অথচ এই সড়কের দুই পাশই এখন মরণফাঁদ।


রোববার লিংক রোড এলাকা সরেজমিন ঘুরে দেখা যায়, সড়কের দুই পাশের ড্রেন এর স্লাব উল্টানো, ভাঙ্গা স্লাব, কিংবা স্লাব বিহীন অবস্থায় পথচারীদের মারাত্মক ঝুঁকিতে চলাচল।


লিংক রোডের পাশের এক ওয়ার্কশপের মালিক আরমান জানান, শহরের এমন গুরুত্বপূর্ণ একটি সড়ক যেখানে জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাফেরা। অথচ এখানকার ড্রেনগুলোই অনেক দিন যাবত এমন মৃত্যুফাঁদে পরিণত হওয়া সত্বেও কারো চোখে পড়ছেনা।


রাতের বেলা এখানে আলো স্বল্পতার কারণে এই ভাঙ্গা স্লাবগুলো পথচারীদের চোখে পড়েনা। তাই বিভিন্ন সময় পথচারীদের দুর্ঘটনার শিকার হতে হয়। আর বেশির ভাগ দুর্ঘটনার শিকার হয় বৃদ্ধ, শিশু কিংবা নারীরা।
পথচারী শফিক আহমেদ জানান, আমরা যারা নিয়মিত এই সড়ক দিয়ে চলাফেরা করি তাদেরই হিমশিম খেতে হয়। কিন্তু যারা অনিয়মিত বা মাঝেমধ্যে অথবা এই সড়কে নতুন তাদের রাতের বেলা কেন দিনের বেলাও দুর্ঘটনার শিকার হতে হয়।


এই ঘটনার প্রতিকারে নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকুর সাথে যোগাযোগ করলে তিনি জানান, নাসিকের পক্ষ থেকে লিংক রোডের বেশ কিছু অংশে ড্রেন নির্মাণ করা হয়।


বর্তমানে আবাসিক এলাকার পানি নিস্কাশনে আমার এলাকায় লিংক রোড সংলগ্ন ৩ কোটি ২০ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। তবে লিংকরোডের পাশে আর্মি মার্কেটের এই অংশটি আমাদের আওতাভূক্ত নয়।


লিংকরোডের ড্রেনেজ সিস্টেমের উন্নতিকরণের বিষয়ে ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, এই এলাকা তাদের আওতাভুক্ত নয়, বিষয়টি দেখভাল করে সওজ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন