বিশেষ প্রতিনিধি : শুষ্ক মৌসুম শেষ হতে চললো। শুরু হচ্ছে গরমের দিন। বাড়ছে অগ্নিকান্ডের ঝুঁকি। বিদ্যুতের শর্টসার্কিট, গ্যাস বিস্ফোরণ, দাহ্য কেমিক্যাল গোডাউন, রান্নাঘরসহ ছোটখাটো অনবধানতায় ঘটে যাচ্ছে বড় দুর্ঘটনা। প্রতি বছরই অগ্নিকান্ডের ঘটনায় হতাহত ও সম্পদহানি ঘটছে। ঘটনার পর তদন্ত কমিটি হয়।
কমিটি তদন্ত প্রতিবেদন দিয়ে অগ্নিকান্ডের কারণ উল্লেখ করে। নানা সুপারিশ করে সতর্কতা অবলম্বনের জন্য। এসব সুপারিশমালা বাস্তবায়ন হয় খুবই কম। অনবধানতা ও অসতর্কতার কারণে প্রতি বছরই অগ্নিকান্ডের ঘটনায় অসংখ্য মানুষ হতাহত এবং সম্পদহানির মাধ্যমে রিক্ত নিঃস্ব হয়ে যায়।
গত বছরেই জেলায় ২০১৯ সালে নারায়ণগঞ্জে ৪৯৫ টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২০২০ সালের প্রথম মাসেই ৪২টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
২০১৯ সালে নারায়ণগঞ্জ জেলায় মোট অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ৪৯৫টি। এতেকরে ক্ষতি হয়েছে ৭ কোটি ২৭ লাখ ১৫ হাজার ৫০০ টাকার সম্পদ। এর মধ্যে গ্যাস জাতীয়সহ চুলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ৭৯ টি।
এতে ক্ষতি হয়েছে ১ কোটি ১১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকার সম্পদ। ফায়ার সার্ভিস রক্ষা করতে পেরেছে ৪ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকার সম্পদ। ২০১৮ সালে জেলায় মোট অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ৪৫৩ টি।
এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ কোটি ৫৯ লাখ ২৬ হাজার ৬৫০ টাকা। এরমধ্যে গ্যাস জাতীয়সহ চুলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ৪৪ টি। এতে ক্ষতি হয়েছে ৫৯ লাখ ৭১ হাজার ৫০০ টাকার সম্পদ। ফায়ার সার্ভিস রক্ষা করেছে ৭ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকা। ॥
এসব ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হলেও কারো সাজা পাওয়ার পরিসংখ্যান নেই পুলিশ সদর দপ্তরে। নারায়ণগঞ্জ ফায়ারসার্ভিস কর্তৃক জানা যায়, এসকল ঘটনার মধ্যে ৯০ শতাংশ ঘটনার কারণ হিসেবে ৩টি কারণ চিহ্নিত করা হয়েছে। চুলার আগুন, বৈদ্যুতিক গোলযোগ ও সিগারেটের টুকরো থেকেই অধিকাংশ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
চলতি বছরের ২ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলার একটি ফ্ল্যাট বাসায় চুলা থেকে জমা থাকা গ্যাসের আগুনে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- কবির হোসেন (৬৫), তার স্ত্রী রেখা বেগম (৫৫) ও মেয়ে সুফিয়া (২৮)। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসাতালের বার্ণ ইউনিটে চিকিৎসা দেওয়া হয়।
গত ৭ জানুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে চুলার গ্যাস লাইনে লিকেজ থেকে গ্যাসের বিস্ফোরণ হয়ে আগুনে শরীফ ও ফরিদা নামে এক দম্পতি দগ্ধ হয়েছে। এলাকাবাসী দগ্ধ স্বামী-স্ত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহরের ৩শ’ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। গেলো বছরের ২৩ ডিসেম্বও সোনারগায়েঁ শিশু সন্তানের খাবার তৈরি করতে গিয়ে আগুনে ঝলসে যান তাসলিমার নামে এক গৃহবধূ।
তার শরীরের ১৬ ভাগ অংশ ঝলসে গেছে। স্থানীয়দের সহযোগিতায় তাসলিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়। এরআগে গত ২২ নভেম্বর সদর উপজেলার ফতুল্লার মুসলিমনগর এলাকায় টিনের দুই তলা বাড়িতে অগ্নিকাণ্ডে শম্পা আক্তার (২০) নামে এক নারীর মৃত্যু হয়।
সর্বশেষ গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলার ফতুল্লার সাহেবপাড়া এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৮ জন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন- নুর জাহান বেগম (৬০), তার বড় ছেলে কিরণ (৪৩), কিরণের দুই ছেলে আবুল হোসেন (২৫), আপন (১১)। কিরণের ছোট ছেলে হিরণ (২৫), হিরণের স্ত্রী মুক্তা (২১), তাদের মেয়ে ইলমা (৩) ও কিরণ হিরণের ভাগিনা কাওসার (১৬)। তাদের মধ্যে নুর জাহান বেগম ও তার ছেলে কিরণ ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
দমকল বাহিনীর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে নারায়ণগঞ্জ জেলায় মোট অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ৪৯৫টি। এতেকরে ক্ষতি হয়েছে ৭ কোটি ২৭ লাখ ১৫ হাজার ৫০০ টাকার সম্পদ। এর মধ্যে গ্যাস জাতীয়সহ চুলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ৭৯ টি। এতে ক্ষতি হয়েছে ১ কোটি ১১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকার সম্পদ। ফায়ার সার্ভিস রক্ষা করতে পেরেছে ৪ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকার সম্পদ। ২০১৮ সালে জেলায় মোট অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ৪৫৩ টি।
এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ কোটি ৫৯ লাখ ২৬ হাজার ৬৫০ টাকা। এরমধ্যে গ্যাস জাতীয়সহ চুলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ৪৪ টি। এতে ক্ষতি হয়েছে ৫৯ লাখ ৭১ হাজার ৫০০ টাকার সম্পদ। ফায়ার সার্ভিস রক্ষা করেছে ৭ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকা।
দেশের শিল্প কারখানায় আগুনের ঘটনা কমছে। বাড়ছে আবাসিক ভবনে অগ্নিকান্ড। অসতর্কতাই এর মূল কারণ। ফতুল্লার ভয়াবহ আগুনে হতাহত ও সম্পদহানি মর্মান্তিক ঘটনা এখনও সবার কাছে হৃদয় বিদারক স্মৃতি বয়ে বেড়াচ্ছে।
দমকল বাহিনীর রিপোর্টে বলা হয়, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চাহিদা অনুযায়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের অবকাঠামো বাড়ানো হলেও এখনও সেক্টরটি অত্যাধুনিকভাবে গড়ে ওঠেনি।
এ জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদ ও উপজেলার চেয়ারম্যান, মেম্বার এবং প্রতিটি মসজিদের ইমাম ও দলীয় প্রতিনিধির মাধ্যমে অগ্নিকান্ড সম্পর্কে সচেতনতা গড়ে তোলা যেতে পারে। উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো টেলিফোন হটলাইন নাম্বার এবং ওয়েবসাইট স্থাপন (ইমেল ঠিকানাসহ) করতে হবে।
স্থানীয় পর্যায়ের হাসপাতালগুলো এমন একজন প্রতিনিধি চিকিৎসক থাকবেন, যিনি পোড়া রোগী সম্পর্কে প্রতিরোধ ও পোড়া রোগী ম্যানেজমেন্ট করার তথ্য প্রদান করবেন এবং ওই হটলাইন নাম্বার মিডিয়ার স্ক্রলিংয়ের মাধ্যমে সাধারণ জনগণকে অবহিত করবেন, যাতে পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা সম্পর্কিত বিষয়ে তথ্যাদি অনুযায়ী চিকিৎসা প্রদান করতে পারেন।
দমকল বাহিনীর একজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, ঢাকার নিমতলীর ঘটনার ১০ বছর পরও সুপারিশমালাগুলোর অধিকাংশই বাস্তবায়ন করা হয়নি। আসলে শুধু টানবাজার ও নয়ামাটি এলাকা থেকে নয়, দেশের যে কোন আবাসিক এলাকায় অতিদাহ্য পদার্থ বা বিপজ্জনক উপাদানের গুদাম থাকতে পারে না।
এ জন্য টানবাজারসহ দেশের সব জায়গায়ই আবাসিক এলাকা থেকে বিপজ্জনক কারখানা, বিস্ফোরক ও দাহ্য পদার্থের গুদাম বন্ধে কঠোর ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে গাড়ির গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনা এড়াতে হলে তার মান সম্পর্কে কঠোর হতে হবে। কারণ ঝুঁকিপূর্ণ কলকারখানা, গ্যাস সিলিন্ডার ও গুদামের সঙ্গে মানুষের বেঁচে থাকা এবং সম্পদের ক্ষয়ক্ষতির হিসাব জড়িত।


