স্টাফ রিপোর্টার : অবশেষে দেওভোগ কাঁটা কাপড় মার্কেটে খুনের ঘটনা ও উদ্ধার করা অর্ধগলিত লাশের সকল রহস্যের জট খুলেছে। সেই লাশটি ছিল পাইকপাড়ার হাসিবের। হাসিবের কাছে মাদক কেনার টাকা দিয়েছিল শাওন। কিন্তু সে শাওনকে টাকা নিয়ে আর মাদক দেয়নি। দিয়েছিল গা ঢাকা। কিন্তু ৫ মাস আগে হাসিবের সাথে শাওনের দেখা হয়।
এসময় শাওন মাদকের জন্য দেয়া টাকা হাসিবের কাছে ফেরত চায়। এতে হাসিব শাওনকে মারপিট করে। গত ২৫ ফেব্রুয়ারী সন্ধ্যার দিকে হাসিবকে দেওভোগ আখড়া থেকে অপহরণ করে শাওনসহ বেশ কয়েকজন। এরপর তাকে হাকিম মার্কেটের একটি পরিত্যাক্ত ভবনে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।
দেওভোগের হাকিম মার্কেটে খুন হওয়া হাসিবের দুই খুনি শাওন ও বাবু গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধীতে খুনের নির্মম বর্ননা দেন। গত ৮ মার্চ দেওভোগের হাকিম মার্কেটের একটি পরিত্যাক্ত ভবন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
তবে সেই লাশটি ছিল অজ্ঞাত ব্যাক্তির। পরে পুলিশ জানতে পারে অর্ধগলিত লাশটি ছিল হাসিবের। খুনের বিষয়টি নিয়ে কাজ করতে গিয়ে বেড়িয়ে আসে খুনের আসল রহস্য।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই সাফিউল আলম বলেন,অজ্ঞাত ব্যাক্তির লাশ পাওয়ার পর আসামী গ্রেফতারে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়। পরে জানা যায় শাওনের সাথে নিহত হাসিবের মাদক নিয়ে দ্বন্ধ ছিল ৫ মাস আগে।
এর সূত্র ধরেই শাওনকে গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। শনিবার দিবাগত রাতে সদর থানা এলাকার আল বারাকাহ মাঠ থেকে শাওন ও বাবুকে গ্রেফতার করা হয়। আটককৃতরা রোববার রাতে আদালতে ১৬৪ হত্যার জবানবন্ধী দিয়েছে। নিহত হাসিব ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হোসাইনী নগরের ইকবাল হোসেনের ছেলে।
গ্রেফতারকৃত শাওন ফতুল্লার ফরাজীকান্দার আমজাদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল মান্নানের ছেলে এবং বাবু নারায়ণগঞ্জ সদরের পাইকপাড়ার আল-বারাকা এলাকার মনির মিয়ার বাড়ির ভাড়াটিয়া শুক্কুর আলীর ছেলে। ৮ মার্চ পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছি পুলিশ।
জবানবন্দীতে গ্রেফতারকৃতরা জানায়, প্রায় ৪/৫ মাস আগে হাসিবের কাছে শাওন মাদক কেনার জন্য টাকা দিয়েছিল। কিন্তু হাসিব মাদক এনে না দিয়ে টাকা আত্মসাৎ করে। এ নিয়ে শাওনসহ তার অপর বন্ধুরা হাসিবের উপর ক্ষিপ্ত ছিল।
এরপর একদিন হাসিব ও শাওনের মধ্যে টাকা নিয়ে কথাকাটাকাটি হয়। এসময় হাসিব কৌশলে শাওনকে এক স্থানে নিয়ে গিয়ে মারপিট করে। এতে শাওন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাও নিয়েছিল। গত ২৫ ফেব্রুয়ারী দেওভোগ আখড়ার কাছে একটি জায়গায় হাসিবকে দেখতে পায় শাওন।
এসময় তারা হাসিবকে আটক করে দেওভোগের হাকিম মার্কেটের একটি পরিত্যাক্ত ভবনে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। পরে লাশটি তারা গুম করতে চেয়েছিল। কিন্তু তা তারা পারেনি।


