বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী : ১৬ মার্চ দিনব্যাপী নানা আয়োজন
প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০২:৫১ পিএম
যুগের চিন্তা রিপোর্ট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে নারায়ণগঞ্জ মুজিব শতবর্ষ উদযাপন পরিষদ।
মঙ্গলবার ১৬ মার্চ থেকে সারাদিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে বলে জানিয়েছেন মুজিব শতবর্ষ উদযাপন পরিষদ নারায়ণগঞ্জের সদস্য সচিব মোহাম্মদ মনির হোসেন।
সারাদিনব্যাপী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য ও আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন মৃধা।
মুজিব শতবর্ষ উদযাপন পরিষদ নারায়ণগঞ্জের সদস্য সচিব মোহাম্মদ মনির হোসেন জানান, ১৬ মার্চ সকাল ৭টায় ২নং রেলগেট কার্যালয়ে মহানগর জেলা আওয়ামী লীগ হতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় ধানমন্ডি ৩২নং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, এছাড়া সারাদিনব্যাপী ভ্রাম্যমাণভাবে বঙ্গবন্ধুর ভাষণ ও গণসঙ্গীত পরিবেশিত হবে।
সন্ধ্যা ৭টায় শহরের দেওভোগ শেখ রাসেল পার্কে মিলাদ মাহফিল, রাত ৮ থেকে ১১ টা ৪০ মিনিট পর্যন্ত আলোচনা সভা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ১১ টা ৪৫ মিনিটে একশত আতশবাজি ফুটানো এবং রাত ১২ টা ১ মিনিটে শিশু কিশোরদের অংশগ্রহণে একশত পাউন্ড কেক কাটা হবে।


