Logo
Logo
×

বিশেষ সংবাদ

হকাররা সুযোগের অপেক্ষায়, তৎপর পুলিশ

Icon

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০২:২৮ পিএম

হকাররা সুযোগের অপেক্ষায়, তৎপর পুলিশ
Swapno

স্টাফ রিপোর্টার : শহরের বঙ্গবন্ধু সড়কের ফুটপাত হকারমুক্ত রাখতে তৎপর ছিল পুলিশ। পাশাপাশি হকাররাও অপেক্ষায় ছিল সুযোগের। চোখের সামনে পুলিশ দেখা না গেলেই আবার ভ্রাম্যমাণ দোকান বসাতে ব্যস্ত হয়ে পড়েন তারা। 

 

শনিবার বিকালে শহরের বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা যায়। এসময় পুলিশের তৎপরতায় শহরের বঙ্গবন্ধু সড়কের ফুটপাত অনেকটাই হকারমুক্ত থাকে। 

 

বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বেশিরভাগ হকারই ভ্যান গাড়ি, চাকা সংযুক্ত কাঠের তৈরী বিশেষ বাক্স, পলিথিন অথবা পাটের বড় চটের উপর তাদের পসরা সাজায়। যাতে করে পুলিশের হানায় সহজে দৌঁড়ে পালাতে পাড়ে। 

 

কিন্তু পুলিশের কড়া নজরদারিতে তারা তেমন একটা সুবিধা করে উঠতে পারেনি। পুলিশ দেখলেই তারা দৌঁড়ে বিভিন্ন অলি-গলিতে ঢুকে পড়ে। তবে পুরানো কোর্ট এলাকার শায়েস্তা খাঁন রোডে দেখা যায় ব্যতিক্রম চিত্র। 

 

সেখানে রাস্তার দুই পাশেই ছিল হকারদের দখলে। সেখানে পুলিশের কোন তৎপরতা না থাকায় নির্বিঘ্নে রাস্তা দখলে রেখে ব্যবসা করছে তারা। এতে করে সৃষ্টি হয় যানজটসহ পথচারীদের ভোগান্তি।

 

এবিষয়ে মহানগর হকার্সলীগের সভাপতি আব্দুর রহিম মুন্সী’র সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি সমস্ত হকারদের ফুটপাতে বসতে না করে দিয়েছি। তবু যদি তারা ফুটপাতে বসে তা তাদের নিজ দায়িত্বে বসবে।

 

প্রধান রোডে হকাররা সুবিধা করতে না পারলেও বিবি রোডের আশেপাশের শাখা রোডগুলোতে জমে উঠেছে হকারদের ব্যবসা। প্রেসক্লাবের পাশের গলি, লুৎফা টাওয়ারের পাশের গলি এবং সুগন্ধা খাবার হোটেলের পাশের গলিতে ক্রেতাদের সমাগম ছিল চোখে পড়ার মতো।

 

লুৎফা টাওয়ারের পাশের গলির হকার সামেদ আলী জানায়, এখানে পুলিশের কোন তৎপরতা না থাকায় তাদের ব্যবসায় কোন বিঘ্ন ঘটেনা। তারা সকাল ১১টার দিকে বসে রাত ৮টা/৯টা পর্যন্ত এখানে নির্বিঘ্নে ব্যবসা করে। 

 

বিবি রোডের হকার আল আমিন জানায়, পুলিশের বাধায় তাদেও দৈনিক দুই থেকে তিন শত টাকা উপার্জন করতেই হিমশিম খেতে হয়। বাধ্য হয়ে তাদের অনেক সময়ই কেনা দামে পণ্য বিক্রি করতে হয়। তাই তাদের সংসার চালাতে সমস্যায় পড়তে হয়।

 

পথচারী ইকবাল হাসান জানান, শহর হকারমুক্ত রাখায় ফুটপাত অনেক ফাঁকা লাগছে। তাই চলাচলে এখন ভোগান্তি হচ্ছেনা। 

 

অন্যদিকে গার্মেন্টস কর্মী নাসরিন জানায়, শহরের স্টোরগুলোতে দামাদামি করতে সমস্যা হয়। তাই কম দামে পণ্য কিনতে তাদের মতো সাধারণ কর্মজীবীদের ফুটপাতে আসতে হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন