যুগের চিন্তা রিপোর্ট : ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের পাশে ময়লা ফেলার জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে দায়ী করেছেন সাংসদ শামীম ওসমান। লিংকরোডের পাশে ময়লা ফেলা রোধে প্রয়োজনে পরিবেশ অধিদপ্তরকে নাসিকের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেন তিনি। অথচ এমপি শামীম ওসমানের নির্বাচনী এলাকার আওতাধীন নাসিকের বাইরে ৫টি ইউনিয়ন পরিষদের বর্জ্য ফেলার জন্য এখনো কোন নির্দিষ্ট জায়গা নেই। বর্জ্য সংগ্রাহকরা গৃহস্থলীর বর্জ্য সংগ্রহ করে কোথায় ফেলে তাও জানেননা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ঘেঁষা ফতুল্লার কাশীপুর, এনায়েতনগর, ফতুল্লা, কুতুবপুুর, বক্তাবলী ইউনিয়ন পরিষদের বর্জ্য ব্যবস্থাপনায় এখনো উপজেলা প্রশাসন কিংবা জেলা প্রশাসন থেকে কোন জায়গার ব্যবস্থা করতে পারেনি।
অনুসন্ধানে জানা গেছে, কাশীপুর ইউনিয়নের গৃহস্থলীর বর্জ্য চরকাশীপুরের নরসিংহপুরে ফেলা হয়। তবে বিচ্ছিন্নভাবেও ওই ইউনিয়নের বর্জ্য যত্রতত্র ফেলে বর্জ্য সংগ্রাহকরা। ফতুল্লা, এনায়েতনগর, কুতুবপুর ইউনিয়নের বর্জ্য ফেলার জন্য ২০১৯ সালে ‘বাংলাদেশ খাদ’ নামক জায়গা সদর ইউএনও কার্যালয় থেকে দেয়া হলেও সে জায়গায় ময়লা ফেলতে গেলে ওখানকার পঞ্চায়েত কমিটির নেতারা মামলা করে দেয়। এরপর কোথায় ইউনিয়নের বর্জ্য কোথায় যায় তা জানেনা খোদ ইউনিয়নের চেয়ারম্যানরাও। বক্তাবলী ইউনিয়ন পরিষদের গৃহস্থলির বর্জ্য বক্তাবলী ফেরিঘাটের কাছে বিসিকের একটি কাটা জায়গায় বর্জ্য ফেলার কথা থাকলেও সেটির ব্যাপারেও কোন সিদ্ধান্ত হয়নি। যার ফলে এখন ইউনিয়নগুলোর বর্জ্য ফেলা হচ্ছে যত্রতত্র।
কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল বলেন, ‘ইউনিয়নের বর্জ্য ফেলার জায়গার জন্য আমরা ইউএনও বরাবর আবেদন করেছিলাম গতবছর। কিন্তু সেটার কোন সমাধান হয়নি। আমার ইউনিয়নের বর্জ্য আপাতত যেখানে ফেলছে সেটিও সুরক্ষিত নয়। কয়েকমাসের মধ্যেই ওই জায়গা ভরাট হয়ে যাবে। ইউনিয়নের বর্জ্য ফেলার সমস্যাটি প্রকট আকার ধারণ করে আছে। কেউ ব্যবস্থা নিচ্ছেনা।’
কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু বলেন, ‘আমার ইউনিয়নে ময়লা ফেলার জায়গা নেই। ইউনিয়নের বর্জ্য কোথায় ফেলা হবে সে ব্যাপারে কোন ব্যবস্থা নেয়া হয় নাই। খাস জমি না দিলে আমরা কোথায় ফেলবো? ময়লা যারা সংগ্রহ করে তারা কোথায় আমার ইউনিয়নের ময়লা ফেলে তা আমি বলতে পারবোনা। তবে যতদূর ধারণা তারা একেক সময় একেক জায়গায় ফেলে। এমপি সাহেবও হয়তো বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে চেষ্টা করতেছে, আমরাও চেষ্টা করছি। তবে সুরাহা হচ্ছেনা।’
ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন জানান, ‘গৃহস্থলির বর্জ্য ফেলার জন্য আমাদের কোন জায়গাই ছিলোনা। একটা জায়গা দেয়া হয়েছিলো। কিন্তু ওই জায়গায় ময়লা ফেলতে গেলে ওখানকার পঞ্চায়েত কমিটির লোকেরা মামলা করে দিয়েছে। ওখানে আর ময়লা ফেলা যায়নি। ময়লা এখন যারা নেয় ইউনিয়ন থেকে তারাই বলতে পারবে ময়লা কোথায় ফেলে, সেটি আমার জানা নেই। ইউএনও, ডিসি অফিস জানে এই সমস্যাটির কথা। কিন্তু সমাধান হচ্ছেনা। এই সমস্যার সমাধান করতে গিয়ে আমার বাড়ির সামনের পুকুরটি ময়লা-বর্জ্যে ভরাট হয়ে গেছে। ওখানে বর্জ্য ফেলার আর জায়গা নেই। সবাইকে জানিয়েছি কি ব্যবস্থা নেয় তাই দেখার বিষয়।’
বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জানান, ‘বক্তাবলী ফেরিঘাটের কাছে বিসিকের একটি কাটা জায়গায় বর্জ্য ফেলার কথা উঠেছিল। কিন্তু সেব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয় নাই। আমার ইউনিয়ন পরিষদের ময়লা বর্জ্য কোথায় ফেলে তা আমি ঠিক করে বলতে পারবোনা। আমার এলাকার ময়লা নিয়ে এখনো খুব বেশি বিপদে পড়ি নাই। তবে এটা পরিকল্পিত থাকলে ভালো হতো।’
এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আসাদুজ্জামান বলেন, ‘বর্জ্য কোথায় ফেলে তা আমার জানা নেই। আমি এখন হাসপাতালে আছি। পরে জানাবো।’
উল্লেখ্য, চলতি মাসের ১২ মার্চ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বর্জ্য ফেলা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এমপি শামীম ওসমান বলেন, ‘লিংকরোডের পাশে সিটি করপোরেশনের এলাকায় ময়লা ফেলা হয়, এরমধ্যে আবার আগুন দেয়া হয়। এগুলো থেকে যে ধোঁয়া তৈরি হয় আশপাশের বাড়িঘরে মানুষের মধ্যে করোনা ভাইরাসের চেয়ে বড় ভাইরাস নিঃশ্বাসের সাথে শরীরের ভেতরে যাচ্ছে। এবিষয়টি কিভাবে সমাধান করা যায় এটি দেখতে হবে। এবিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে নাসিক সিও আবুল আমিনকে অনুরোধ করেন শামীম ওসমান। এব্যাপারে পরিবেশ অধিদপ্তরেরও ব্যবস্থা নেয়া উচিত, দরকার হলে মামলা করুক।’
তবে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নাসিক চরম বিপাকে পড়েছিলো ২০১৯ সালে। গতবছরের ২৭ মে থেকে ৩০ মে পর্যন্ত টানা চারদিন আবর্জনা অপসারণ বন্ধ থাকার পর ৩১ মে আবারও আবর্জনা বসত বাড়ি থেকে অপসারণ হলেও এগুলো ফেলতে বাধা দেওয়ার অভিযোগ করে সিটি করপোরেশন। নাসিক তখন জানায়, ইসদাইরে ওসমানী স্টেডিয়ামের পাশে নিজস্ব জায়গাতে আবর্জনা ফেলতে গিয়ে তারা বাধার সম্মুখীন হয়েছেন। একই অবস্থা সৃষ্টি হয় কাশীপুরের একটি জায়গাতেও। ময়লা আবর্জনা ফেলার জায়গা না পাওয়ার পর ১ জুন সন্ধ্যায় সিটি করপোরেশনের চারটি গাড়ি নিয়ে রাখা হয় শহরের খানপুরে জেলা প্রশাসকের বাংলোর সামনের সড়কে। কোথাও ময়লা ফেলতে না পেরে সিটি করপোরেশনের নির্দেশেই প্রতিবাদ স্বরূপ এখানে গাড়ি রাখা হয়েছিলো বলে দাবি করে নাসিক। পওে জেলা প্রশাসন, সিটি করপোরেশনের কর্মকর্তারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন ১৮ নং ওয়ার্ডের সৈয়দপুরে ৬ একর সরকারি খাস জমিতে সিটি করপোরেশনের ময়লা ডাম্পিংয়ের ব্যবস্থা করা হয়। এখন ওখানেই নাসিক গৃহস্থলির বর্জ্য ডাম্পিং করছে।
এছাড়া নাসিকের অধীনে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার দশ পাইপে বর্জ্য অপসারণের জন্য ১০ একর জায়গার উপর একটি ডাম্পিং ষ্টেশন গড়ে তোলার কাজও চলমান আছে। দেশের প্রথম বর্জ্যভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে নারায়ণগঞ্জে। এই প্রকল্প বাস্তবায়নে নারায়গঞ্জ সিটি কর্পোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। ইতিমধ্যে জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ পর্যায়ে। এই প্রকল্প সম্পন্ন হলে সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ ও সদর থানা এলাকার বর্জ্য ব্যবস্থাপনা শৃঙ্খলা ফিরে আসবে।


