যুগের চিন্তা রিপোর্ট : একদিকে বিপুল পরিমান অস্ত্রের মুজদের সংবাদ অপর দিকে নতুন প্রজন্মের জন্য কিছু করতে চাওয়ার ইচ্ছা।
নারায়ণগঞ্জ-৪ আসনের এক সময়ের প্রভাবশালী সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের একেক সময় ভিন্ন ভিন্ন প্রলাপ নগর জুড়ে হালকা বিনোদনের পাশাপাশি সমালোচনাও সৃষ্টি করছে।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্য্যক্রমের এই শুভ উদ্বোধন উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর একটি বক্তব্যের সাথে সহমত পোষন করতে দেখা গেছে শামীম ওসমানকে।
শামীম ওসমান বলেন, কিছুক্ষণ আগে ছাত্রলীগের সাবেক সেক্রেটারী ও এমপি নজরুল ইসলাম বাবু ময়লা নিয়ে কথা বলেছেন। তাঁর বক্তব্যের সঙ্গে আমিও একমত।
আমরা আমাদের বাচ্চাদের কাছে কি জবাব দিব। এ কারণে আমার লজ্জা লাগছে। তবে আমরা পরবর্তী প্রজন্মের জন্য কিছু করতে চাই। ’
তিনি বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের প্রবেশদ্বারে প্রচুর ময়লা আবর্জনা ফেলা হয়। ওইটা সিটি করপোরেশনের জায়গা। সিটি করপোরেশন বলবে আমরা ফেলি না।
আমি যখন আসি গাড়ির গ্ল¬াস বন্ধ করে আসি। সেখানে বর্জ্যের পর সেখানে আবার আগুন দেওয়া হয়। সেই আগুনের ফলে যে ধোঁয়া হচ্ছে সেটায় আশেপাশে যেভাবে পরিবেশ নষ্ট হচ্ছে সেটা করোনা ভাইরাসের চেয়েও বেশী ভয়াবহ।’
শামীম ওসমানের এমন বক্তব্য সংবলিত করে সংবাদ নারায়ণগঞ্জের অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে সংবাদটির পক্ষে এবং বিপক্ষে একাধিক মন্তব্য পাওয়া গেছে।
অনেকেই মন্তব্য করে বলেন, কয়েক বছর পূর্বে ঢাকা-নারায়ণগঞ্জস্থ খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম সংলগ্ন এলাকায় নাসিকের ময়লা ফেলার বিষয়ে ব্যাপক সমালোচনা করেন।
তিনি সেই সময় ময়লার স্তুপে ফুলের বাগান গড়ে তুলবেন বলে মন্তব্য করেছিলেন। তার সেই মন্তব্যের পরই প্রতিষ্ঠা করা হয় নম পার্ক নামের একটি বিনোদন কেন্দ্রের। সেই বিনোদন কেন্দ্রটিকে ঘিরে রয়েছে বিস্তর আলোচনা ও সমালোচনা। অনেকের মতে ঐ স্থানটি মাঝে মধ্যে পলিটিক্যাল সেন্টার হিসেবে ব্যবহৃত হয়।
সচেতন মহলের মতে, তিনি শামীম ওসমান নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে কাবু করার জন্য সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সমালোচনা করে থাকেন। তিনি যেই এলাকা থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে সেই এলাকার বায়ুদুষণ পরিবেশগত ব্যাপক ঝুঁকিতে রয়েছে।
দিনের পর দিন ফতুল্লার পঞ্চবটি, বিসিক, আলীরটেক, কাশিপুর সহ আশপাশের এলাকায় বায়ুদুষন বেড়েই চলছে। অন্যের দিকে কাদা না ছুঁড়ে নিজ নির্বাচনী এলাকার দিকে তার দৃষ্টি দেওয়া উচিত।
বিশিষ্টজনদের মতে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ সড়কের দুই ধারের ময়লার স্তুপ নগরীর পরিবশকে ক্ষতিগ্রস্থ করছে।
সিটি কর্পোরেশনের উচিত তাদের আওতাভূক্ত এলাকার খোলাস্থানের ডাম্পিংজোন গুলোকে অন্যত্র সরিয়ে নেওয়ার। এতে করে পরিবেশগত ভয়াবহ দুষণ থেকে মুক্ত হবে গুরুত্বপূর্ণ এই নগরী।


