যুগের চিন্তা রিপোর্ট : ক্ষমতাসীন দলের স্থানীয় সংসদ সদস্য (এমপি) এর সমালোচনা করে প্রতিবেদন প্রকাশ করায় ২০১৯ সালের এপ্রিলে সরকার নারায়ণগঞ্জের জনপ্রিয় ও সর্বাধিক প্রচারিত পত্রিকা দৈনিক যুগের চিন্তার প্রকাশনা অধিকার বাতিল করার বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে।
বুধবার ‘২০১৯ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস’ শীর্ষক প্রতিবেদনটি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
প্রতিবেদনের ‘সেকশন-২ (এ): ফ্রিডম অফ এক্সপ্রেশন, ইনক্লুডিং ফর দ্যা প্রেস’ অনুচ্ছেদের ‘সেন্সরশিপ বা সামগ্রী বিধিনিষেধ’ অংশে বলা হয়- ‘কিছু সাংবাদিক এবং মানবাধিকার এনজিওর মতে-কিছু গণমাধ্যম ব্যক্তিত্ব সরকার কর্তৃক হয়রানির আশঙ্কা প্রকাশ করেছে।
সাংবাদিকরা দাবি করেছেন যে, সরকার দন্ডিত মিডিয়া যা সরকারকে সমালোচনা করে বা বিরোধীদের কার্যকলাপ ও বক্তব্য প্রচার করে। এপ্রিল মাসে সরকার নারায়ণগঞ্জের দৈনিক পত্রিকা যুগের চিন্তার প্রকাশনা অধিকার বাতিল করে দেয়।
এই পদক্ষেপ নারায়ণগঞ্জে একটি মানববন্ধন প্রতিবাদের জন্ম দিয়েছে। সাংবাদিকরা দাবি করেছেন যে, সরকার যুগের চিন্তাকে শাস্তি দিয়েছে কারণ এটি (দৈনিক যুগের চিন্তা) ক্ষমতাসীন দলের স্থানীয় সংসদ সদস্য (এমপি) এর সমালোচনা করে এমন প্রতিবেদন প্রকাশ করেছে।’
এছাড়া গত বছরের পুরো সময়জুড়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, উদ্দেশ্যমূলক আটক, শান্তিপূর্ণ সমাবেশ করতে বাধাসহ নানা কার্যকলাপ অব্যাহত ছিল বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়।
আলোচনা করা হয় বাংলাদেশের বিচারব্যবস্থা, বাকস্বাধীনতা, গণমাধ্যম, ইন্টারনেট স্বাধীনতাসহ বিভিন্ন বিষয় নিয়ে। এ ছাড়া রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও আলোচনা রয়েছে প্রতিবেদনে।
এতে বলা হয়, রোহিঙ্গাদের যথাসাধ্য সুরক্ষা ও সহায়তা দিয়েছে বাংলাদেশ সরকার। কাউকে জোরপূর্বক প্রত্যাবাসনও করা হয়নি। প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ এপ্রিল নারায়ণগঞ্জের শীর্ষ দৈনিক যুগের চিন্তা পত্রিকার প্রামাণিকরণ ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করা হয়েছিল।
এমন ঘোষণার প্রতিবাদের নারায়ণগঞ্জের সুশীল সমাজ, সাংবাদিকবৃন্দ, নারায়ণগঞ্জ প্রেসক্লাব, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন, সাংস্কৃতিক কর্মীরা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাধারণ মানুষসহ বিশিষ্ট ব্যক্তিরা উদ্বেগ প্রকাশ করে যুগের চিন্তার ডিক্লারেশন পুনর্বহাল ও চালুুর দাবিতে প্রতিনিয়ত মানববন্ধন করা হয়।
টানা ২৮ দিন বন্ধ থাকার পর ওইবছরের ৬ মে ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চের আদেশে যুগের চিন্ত পত্রিকার ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্ত স্থগিত হয়। এরপর থেকে আবারো জেলার সবচাইতে পাঠকপ্রিয় পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হওয়া শুরু হয়।


