Logo
Logo
×

বিশেষ সংবাদ

হাসি ফুটেছে লালপুরবাসীর মুখে (ভিডিওসহ)

Icon

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০১:৫৩ পিএম

হাসি ফুটেছে লালপুরবাসীর মুখে (ভিডিওসহ)
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : অবশেষে হাসি ফুটেছে ফতুল্লার লালপুরবাসীর মুখে। শুষ্কমৌসুমেও দীর্ঘদিন পানিবন্দী হয়ে দিনাতিপাত করা থেকে রেহাই পেয়েছেন প্রায় অর্ধলক্ষ মানুষ। নিত্যব্যবহার্য পানি আর তিনটি ডায়িং এর বিষাক্ত ময়লা পানিতে পুরো এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়।

 

ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় পানি সরে যাওয়ার কোন উপায় ছিলোনা। সারাবছর যে তিনটি মটরে এখানকার পানি নিষ্কাশন চলতো কয়েকবছর বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ কেটে দেয় ডিপিডিসি। এরপর থেকে অবর্ণনীয় দুর্ভোগ পোহায় এখানকার বাসিন্দারা।


এখানকার মানুষের দুর্ভোগ নিয়ে গত ২৬ ফেব্রুয়ারি ‘দৈনিক যুগের চিন্তা’য়  ‘বিদ্যুৎ বিল’র জন্য অর্ধলক্ষ মানুষ পানিবন্দি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই এলাকায় বসবাসরত ফতুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, বক্তাবলী ইউপি চেয়ারম্যান শওকত আলী, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ইউএনও নাহিদা বারিকের হস্তক্ষেপে ফের লাগানো হয় মটরগুলোর বন্ধ বিদ্যুৎ সংযোগ। ধীরে ধীরে পুরো এলাকার পানি নেমে যায়।

বুধবার (১১ মার্চ) সরেজমিন ঘুরে দেখা গেছে, ফতুল্লা ইউনিয়নের লালপুর, পৌষার পুকুরপাড়, টাগারপাড়, গাবতলিসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতা কমে রাস্তা, বাসা-বাড়ি থেকে পানি নেমে গেছে। শুকনো রাস্তায় মানুষ হাটছে। এখন চলছে ড্রেনগুলোর সংস্কার কাজ। হাটাচলায় কিছুটা সমস্যা পোহাতে হলেও পানি সরে যাওয়ায় এটুকু মেনে নিতে আপত্তি নেই এলাকাবাসীর।

ফতুল্লার বটতলা রেললাইন এলাকায় শফিউদ্দিন আহমেদ বাদল রোডে বসানো তিন পাম্পে চলছে পানি নিষ্কাশন হওয়ায় দ্রুত পানিতে ডুবে যাওয়া রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকান, প্রতিষ্ঠান থেকে পানি সরে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

স্কুলের শিক্ষার্থী, কর্মজীবীসহ সাধারণ মানুষ জলাবদ্ধতা থেকে নিস্তার পাওয়ায় খুব খুশি। জলাবদ্ধতার কারণে ভাড়াটিয়া চলে গেলেও এখন পানি না থাকায় দ্রুতই বাসা ভাড়া হবে বলে আশা করছেন বাড়ির মালিকরা। রান্না-বান্না করতেও এখন আর পানি মাড়াতে হয়না বলে জানিয়েছেন গৃৃহিনীরা।

স্কুলের শিক্ষার্থীরাও দলবেঁধে রাস্তায় পায়ে হেঁটে স্কুলে যাওয়া-আসা করছে।  


লালপুরের বাসিন্দা আবেদ মিয়া জানান, দীর্ঘদিন এই এলাকার রাস্তাঘাট নোংরা ও ডাইং কলখারখানার গরম পানিতে ডুবে ছিল। রাতে রাস্তা খুঁজে পাওয়াও কঠিন ছিল। এতে চরম দুর্ভোগে ছিল স্কুল কলেজ পড়য়া শিক্ষার্থী, দোকানী। মটর বসানোর পর পানি নেমে গেছে। এখন ড্রেনগুলো সংস্কারের কাজ চলছে। 

আমির হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি জানান, পানি নেমে গেলেও এটা আমরা এলাকাবাসীর উদ্যোগেই হচ্ছে। সরকারিভাবে যদি স্থায়ী একটা সমাধান না করা হয় তবে ভরা বর্ষায় আমাদের আবারো কষ্ট করতে হতে পারে। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের কাছে আবেদন থাকবে যাতে এবিষয়ে স্থায়ী ব্যবস্থা নেয়া হয়। 


ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন বলেন, জলাবদ্ধতা নিরসনে এলাকার সকলের সিদ্ধান্তে ৯০ হর্স পাওয়ারের তিনটি মটরের মাধ্যমে পানি নিষ্কাশন চলতো। বিদ্যুৎ বিলের বকেয়া থাকার কারণে সংযোগ কেটে দেওয়ার পর জলাবদ্ধতা চরমে পৌঁছে। ইউএনও, আমরা চেয়ারম্যান, এলাকার মুরুব্বিরা মিলে জলাবদ্ধতা থেকে এলাকাবাসীকে মুক্ত করার জন্য মিটিং এ বসি। আপাতত দুটি মটরে ২৪ ঘন্টা পানি অপসারনের কাজ চলছে। 

ফতুল্লার বটতলা রেললাইন এলাকায় শফিউদ্দিন আহমেদ বাদল রোডে বসানো তিন পাম্পে পানি অপসারনের পাম্প হাউজে কাজ করেন আলী হোসেইন। তিনি জানান, এখন তিন পাম্পের দুটি ২৪ ঘন্টা চলছে। ক্যামিকেলের পানিতে মানুষের হাত-পায়ে নানা রোগেও ধরেছে। রাস্তা ঘাট সব ছিল পানির নিচে। এখন পানি নেমে গেছে। মানুষ দুর্ভোগ থেকে রেহাই পেয়েছে। 

প্রসঙ্গত, লালপুরের আজাদ, রনি ডাইং এবং প্রধান টাওয়ারের ডাইংটি মিলে তিনটি ডাইং ফ্যাক্টরির এই ময়লা পানির জলাবদ্ধতার জন্য দায়ী। এছাড়া তিনবছরে বিদ্যুৎ বিল বকেয়া হয়ে পড়ে ৫০ লাখ টাকা। এখানকার ইউনিয়ন পরিষদ থেকে ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিষদ করলেও বকেয়া  ৪৪ লাখ টাকার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।পানি অপসারনে মটরগুলো চালানোর জন্য দুইজনকে মাসিক ২৫ হাজার টাকা দেয়া হয়। এটাকাটা এলাকার মানুষের কাছ থেকে বছরের ৫০০ টাকা করে আড়াইলাখ টাকা তোলা হয় পঞ্চায়েত কমিটির মাধ্যমে। কিন্তু সেটি দিয়ে বিদ্যুৎ বিল দেয়া সম্ভব হয়নি।

বকেয়া থাকায় ডিপিডিসি বিদ্যুতের লাইন কেটে দেয়। এখন সংযোগ লাগার পর ডায়িং মালিকদের সাথেও চেয়ারম্যান, ইউএনও, এলাকাবাসীর আলোচনা হচ্ছে। স্থায়ী সমাধানের কথাটাও ভাবছেন তারা। 
 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন