শহরের নবাব সিরাজউদ্দোল্লাহ রোড, নামে নবাব অবস্থা ‘হ-য-ব-র-ল’
প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০১:৩৬ পিএম
যুগের চিন্তা রিপোর্ট : নবাব সিরাজউদ্দোল্লাহ রোড। নাম নবাবী হলেও সড়কটিতে নামের বিন্দুমাত্র ছোঁয়া নেই। সড়কটি এখন হকার্স মার্কেটে পরিণত। সড়কের দুইপাশে নানা পণ্যের পসরা সাজিয়ে চলছে ব্যবসা। আবার সড়কের ফাঁকা অংশে অবৈধ পার্কিং। সড়কটিতে পুরোপুরি হ-য-ব-র-ল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
নবাব সিরাজউদ্দোল্লাহ সড়কে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিডেট (বিটিসিএল) ভবন, নারায়ণগঞ্জ হাই স্কুল, নারায়ণগঞ্জ কলেজ, উপ-বিভাগীয় প্রকৌশলীয় কার্যালয়। এছাড়াও এ সড়কের নিকটবর্তী রেলস্টেশন, সেন্ট্রাল লঞ্চঘাট, বাসস্ট্যান্ড হওয়ায় প্রতিদিন লাখ লাখ মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে। ফলে ভোগান্তির শিকার হচ্ছে লাখ লাখ মানুষ।
সরেজমিন ঘুরে দেখা যায়, সড়কটির কোথাও সারিতে সারিতে ফলের বাজার, কোথাও আবার রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসাছে হকাররা। কালিবাজারের ঔষধের দোকানের সামনে ঔষধের ছোট-বড় গাড়ি পার্ক করে রাখা হয়। তার একটু সামনে গিয়েই দেখা যায় যাত্রীর অপেক্ষায়মান রিক্সা পার্কিং। সড়কের সামনে চারারগোপ ফলের আড়ৎ থাকলেও সড়ক জুড়ে ফলের বিক্রি হয়। ফুটপাত দখল করে বসেছে ১০-১২টি চশমার দোকান।
নারায়ণগঞ্জ হাই স্কুল মার্কেটের দোকানিরা তাদের দোকানের জায়গা পেরিয়ে ফুটপাত দখল করে তাদের পণ্য সাজিয়ে রাখে। এই সড়কের হকাসর্রা অন্যদের থেকে ব্যতিক্রম। অন্য সড়কে ফুটপাত দখল করে আর এখানে সড়কটিও হকারদের দখলে। রাস্তার অর্ধেক দখল করে হকার্সদের ভ্রাম্যমাণ দোকানের দখলে। নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে শুরু করে ১ নং রেল গেট পর্যন্ত রাস্তার অধিকাংশ হকারদের দখল রাজ্যে। সড়কটি যথেষ্ট প্রশস্ত হলেও হকার্স ও অবৈধ পার্কিং এর দখলে পরে সড়কটি সরু হয়ে হয়ে গেছে। সড়কটির ৭০ শতাংশ দখলে থাকায় প্রায় সময়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নবাব সিরাজউদ্দোল্লাহ সড়কে নারায়ণগঞ্জ হাই স্কুল মার্কেটে ১৮ টি দোকান। প্রতিটি দোকান নিজের স্থানের বাহিরে ফুটপাতেও নিজেদের পণ্য সাজিয়ে ফুটপাত দখল করে রেখেছে। ফুটপাত দখল করে হাই স্কুল মার্কেটের বাহিরেও আরো ২০টির অধিক দোকান বসেছে। অপর পাশে নারায়ণগঞ্জ রেলওয়ে মার্কেট এর বেশিরভাগ দোকানগুলো দোকানের বাহিরে ফুটপাত দখল করে রেখেছে। তাদের যুক্তি সড়ক অনেক বড়। তাই ফুটপাতের প্রয়োজন নেই।
ফুটপাতের বাহিরেও রাস্তা দখল করে সারি সারি দোকান তৈরি করে রাখা হয়েছে। একাধিকবার এসব অবৈধ দোকান উচ্ছেদ করা হলেও সপ্তাহের মাঝেই আবারো এসব দোকান বসিয়ে দেওয়া হয়। যানবাহনের তোয়াক্কা না করে ঝুঁকি নিয়েই চলাচল করছে পথচারীরা। স্কুল কলেজের শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়।
নারায়ণগঞ্জ কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী মরিয়ম আক্তার বলেন, এই রাস্তায় চলাচল করা মানে পুরাই অস্বস্তির। ফুটপাত খালি নেই এমনকি রাস্তাও খালি নাই। হাঁটার জন্য কোন রাস্তাই রাখে না। হাঁটার সময় রিক্সার সাথে ধাক্কা লেগে অনেকবার ব্যাথা পেয়েছি।
ভুক্তভোগী পথচারী আনোয়ার রহমান বলেন, রাস্তায় দুইপাশেই দোকান বসায় রাখলে আমাদের চলাচলে সমস্যা তো হবেই। ফুটপাতের কোন চিহ্নও দেখি না। রাস্তার উপর দিয়েই কোনভাবে হাঁটি। হাঁটার সময় মানুষের সাথে ধাক্কাধাক্কি লেগে যায়। এই রাস্তায় মানুষের ভিড়ে অহরহ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ ও ১৫ নং ওয়ার্ডে নবাব সিরাজউদ্দোল্লাহ রোড অবস্থিত। ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এই বিষয়ে বলেন, এই সড়কে আদর্শ মিষ্টান ভাণ্ডারের দোকান পর্যন্ত আমার ওয়ার্ডে পড়ে। এইখানে হকার্স ও অবৈধ পার্কিং করে সড়কের ৭০ শতাংশ দখল করে রাখা হয়েছে। অনেকবার হকার্স উচ্ছেদ করা হয়েছে কিন্তু তারা পুনরায় এখানে বসে। তবে আবারো উচ্ছেদ করা হবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, নবাব সিরাজউদ্দোল্লাহ রোডে হকার্সের জন্য মানুষের চলাচল করতে অনেক সমস্যা হয়। তবে হকার্সরা যেহেতু এই পেশা দিয়েই সংসার চালায় তাই তাদের উপর কঠোর হইনি। কিন্তু এখন অতিরিক্ত মাত্রায় হকার রাস্তা দখল করে ফেলছে। শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


