Logo
Logo
×

বিশেষ সংবাদ

ডিএনডি প্রকল্পের ব্যয় বাড়ছে ৭৫০ কোটি টাকার বেশী

Icon

প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ০১:১৬ পিএম

ডিএনডি প্রকল্পের ব্যয় বাড়ছে ৭৫০ কোটি টাকার বেশী
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : ডিএনডি এলাকার নিষ্কাশন ব্যবস্থার চলমান উন্নয়ন প্রকল্পের অধীন নতুন সেচ পাম্প স্থাপনের কাজ উদ্ধোধন করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। রবিবার (৮ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অনুষ্ঠানিকভাবে তিনি তা উদ্বোধন করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ ইসিবি এ প্রকল্পটি বাস্তবায়নের কাজ করছে। 


মন্ত্রী প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের বিভিন্ন তথ্য তুলে ধরেন। এতে প্রকল্পের ব্যয় বাড়ছে ৭৫০ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার টাকা। বাস্তবায়নের মেয়াদ বাড়ানো হচ্ছে দুই বছর। প্রথমে তাড়াহুরা করে প্রকল্প প্রস্তাব প্রস্তুত করায় সার্বিক বিষয়ে অন্তুর্ভূক্ত করা যায়নি বলে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের প্রস্তাবে এসব অন্তর্ভূক্ত করা হয়েছে বলে তিনি বলেন। 


উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এ,কে,এম শামীম ওসমান, পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ারও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় উপস্থিত ছিলেন প্রকল্পের পরিচালক লে.কর্ণেল মাশফিকুল আলমসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ। এসয় প্রকল্প বাস্তবায়নকারী ১৯ ইসিবি থেকে প্রকল্প সংক্রান্ত একটি প্রেসনোট উপস্থিত সাংবাদিকদের দেওয়া হয়।


প্রেসনোটে বলা হয়েছে, ২০১৭ সালের ৫ ডিসেম্বর প্রকল্পটির দায়িত্ব সেনাবাহিনী নেওয়ার পর এ পর্যন্ত প্রথম পর্যায়ের কাজের ৭৫ ভাগ অগ্রগতি হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে পাম্প ষ্টেশন নির্মাণ , পাম্পিং প্লান্ট নির্মাণ , আরসিসি কালভার্ট ও আরসিসি ব্রীজ নির্মাণ এবং খালের সীমানা পিলার স্থাপন, সীমানা নির্ধারণ, খাল পুনরুদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রাথমিক খনন ও চ’ড়ান্ত পুন: খনন। 


এসব কাজের ফলে বর্ষা মৌসুমে ডিএনডি এলাকায় জলাবদ্ধতা অনেকাংশে নিরসিত হয়েছে। খালের প্রস্থ বৃদ্ধি পেয়ে পানি প্রবাহ বেড়েছে। খালের গভীরতা বৃদ্ধি পাওয়ায় কোন এলাকাতেই বাসাবাড়ির সামনে দুর্ঘন্ধযুক্ত পানি জমে থাকে না। এবং পানি উন্নয়ন বোর্ডের মূল্যবান সরকারী জায়গা অবৈধ দখলদারদের হাত হতে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।


এছাড়া প্রকল্প বাস্তবায়নে অন্তরায়সমূহ তুলে ধরা হয়েছে প্রেস নোটে। এতে বলা হয়েছে, ৫ কিলোমিটার এলাকার খালের সীমানা নির্ধারণে জটিলতা, ৭৭ কিলোমিটারের বেশী গ্যাস লাইন, ৫৮ কিলোমিটারের বেশী পানির লাইন, ৮২ কিলোসিটারের বেশী বৈদুতিক লাইন এবং প্রায় ২৯ কিলোমিটার টেলিফোন লাইন স্থানান্তরে জটিলতা, অবৈধ দখলদার কর্তৃক খালের এলাকা পুন: দখল, খালের সীমানার ভিতর বিদ্যমান ২৭ টি মসজিদ, ১১ টি মাদ্রাসা, ১৩ টি স্কুল-কলেজ, ১টি মন্দিও, ১টি পুলিশ চেক পোষ্ট, ৪টি পেট্রোল পাম্প ও ৫টি বেসরকারী স্থাপনা অপসারন বিষয়ে জটিলতা, জমি অধিগ্রহনে দীর্ঘসূত্রিতা, অবৈধ দখলদার কর্তৃক ৩১ টি মামলা দায়ের এবং আদালতের স্থগিতাদেশ এবং স্থানীয় জনগণের অসচেতনতার ফলে খালের ভেতর যত্রতত্র নোংরা আবর্জনা ফেলা।


প্রেসনোটে সংশোধিত উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনায় বলা হয়েছে পাম্প ষ্টেশন ও পাম্পিং প্লান্টের ডিজাইন পরিবর্তন এবং রিজিড পেভমেন্ট, জরুরী নিষ্কাশন, আদমজীনগর আউটফল খাল শীট পাইল দ্বারা সংরক্ষণ, ক্রস ড্রেন নির্মাণ, খালের বর্জ্য অপসারণ ও পরিবহন, বেজ কোর্স ও পেভমেন্ট টাইলস দ্বারা ওয়াক ওয়ে নির্মাণ, খালের সীমানা পিলার নির্মাণ ও স্থাপন, ইউটিলিটি সিফটিং, সোর পাইল নির্মাণ, অবৈধ স্খাপনা উচ্ছেদ ও ডাষ্টবিন নির্মাণের কাজ নতুন সংযোজনের কারনে উন্নয়ন প্রকল্পের ব্যয় ৫৫৮ কোটি ১৯ লাখ ৭৯ হাজার টাকা হতে বাড়িয়ে ১ হাজার ৩ শত ৮ কোটি ৬৫ লাখ ৬৪ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। 

এবং বাস্তবায়নকাল ২০২০ সালের জুন হতে ২০২২ সালের জুন পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি একনেকে পাঠানোর সিদ্ধান্ত মন্ত্রণালয় গ্রহন করেছে।
পানি সম্পদ মন্ত্রী বলেন প্রকল্প বাস্তায়ন করতে গিয়ে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। টাকার জন্য মাঝ পথে এসে কাজ বন্ধ হওয়ার কোন কারণ নেই। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের সাথে ২০ লাখ মানুষ সম্পৃক্ত।


সাংসদ শামীম ওসমান বলেছেন, ডিএনডি প্রকল্পের কাজ শেষ করতে আরো ৭শ কোটি টাকার প্রয়োজন। আমি আশা করছি প্রধানমন্ত্রী এ টাকার অনুমোদন দিবেন। সরকারের মন্ত্রী, সচিব, পানি উন্নয়ন বোর্ড, সেনাবাহিনী বেশ আন্তরিকতায় কাজ করে যাচ্ছে।

তাদের কাজে মনে হয় এটা তাদেরই এলাকা। তারা হাতিরঝিল আদলেই এ কাজটি করে যাচ্ছেন। কাজটি শেষ হলে ডেমরা থেকে আমরা নৌকায় উঠবো এবং শীতলক্ষ্যায় গিয়ে নামবো। সাংবাদিকদের আমি ধন্যবাদ জানাই কারণ তাঁরা নোংরা পানিতে নেমে ডিএনডি নিয়ে সংবাদ করেছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন