নুসরাত জাহান সুপ্তি : একসময় বাংলাদেশের নারীরা যেখানে কর্মক্ষেত্র, ব্যবসা পরিচালনা, বিয়ে বা সন্তান জন্মদানের মতো বিষয়ে বৈষম্যের শিকার হয়েছেন প্রতিনিয়ত। বিপরীত চিত্রও তৈরি হয়েছে বেশ কয়েকবছর ধরে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ এবং সাবেক বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া।
উপমহাদেশের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় নেত্রী হিসেবে শত বাধা বিপত্তি অতিক্রম করে নিজেকে প্রতিষ্ঠা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী। দেশের নানা প্রান্তেও নারীরা শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে কর্মক্ষেত্রে পুরুষের চেয়েও অনেক এগিয়ে যাচ্ছে। এমনকি গার্মেন্টস শিল্পে প্রায় অধিকাংশ শ্রমিকই নারী। প্রশাসনিক ক্ষেত্রেও নারীদের ক্ষমতায়ন অতীতের যে কোন সময়ের চেয়ে বেড়েছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে (৮ মার্চ) সমাজের সকল বাধা বিপত্তিকে পরাস্ত করে দুর্বার গতিতে এগিয়ে গিয়েছেন এমন তিন নারীর সাফল্য নিয়ে আমাদের বিশেষ আয়োজন।

তানিয়া জামান : পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে ছোটবেলা থেকেই সংগ্রামের মাঝে নিজেকে গড়ে তুলেছেন নারায়ণগঞ্জের প্রথম নারী ডেপুটি জেলার তানিয়া জামান। পড়াশোনা করে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করাই ছিল তখন প্রধান লক্ষ্য। তার লক্ষে পৌঁছানোর সেই গল্প তিনি জানিয়েছেন।
পরিবারের আর্থিক চাহিদায় ছোটবেলা থেকেই অর্থ উপার্জনের দায়িত্ব নিজের ঘাড়ে তুলেছেন। নিজের পড়ালেখার ফাঁকে রাতে টিউশন করে অর্থ উপাজর্ন করায় প্রতিবেশীসহ তার দাদার পরিবারের অনেকেই কটুক্তি করেছেন। পড়ালেখা বন্ধ করে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু সেখানেই দমে না গিয়ে মা ও বাবার সহযোগিতায় আর নিজের মনোবলকে দৃঢ় করে এগিয়েছেন তিনি।
তানিয়া জামান জানান, “অষ্টম শ্রেণিতে থেকেই টিউশন করে নিজের পড়াশোনা চালাতে শুরু করি। বাবার ব্যবসায়ে অনেক ক্ষতি হয়। এরপর এসএসসি পাশের করে পুরো পরিবারের আর্থিক চাহিদা পুরোনোর জন্য টিউশন করি। ফরম পূরণের টাকা না থাকায় আমি কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারিনি। তবুও অনার্স , মাস্টার্স শেষ করেছি।
তিনি বলেন, “পড়াশোনা শেষ করে বিয়ের পরবর্তী ইউসেফ বাংলাদেশে চাকরি শুরু করি। আমার স্বামীর উৎসাহে গর্ভবতী অবস্থাতেই ডেপুটি জেলারের চাকরি উদ্দেশ্যে পড়াশোনা শুরু করি। প্রথম সরকারি কোন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করি। প্রথম চেষ্টায় ডেপুটি জেলারের চাকরি হয়ে যায়। ২০১১ সালে প্রথম পোস্টিং হয় খুলনা জেলায়। এরপর সাতক্ষীরা ও যশোরেও কাজ করেছি। সবশেষ ২০১৭ সালে নারায়ণগঞ্জে পোস্টিং হয়।”
নিজের কর্মজীবনে প্রতিবন্ধকতার কথা বলতে গিয়ে তানিয়া জামান বলেছিলেন, “যখন আমার প্রথম পোস্টিং হয় তখন আমার বাবু অনেক ছোট। সিনিয়র কর্মকতারা আমাকে মা হিসেবে আমার কাজে ততটা সহয়তা করেনি। যার কারণে অনেক সমস্যা পোহাতে হয়েছিল। তবুও মেয়েদের অনেক সহনশীল হতে হয়। সহনশীলতা দিয়েই আমার বাবুর যত্ন নিয়েছি আবার দেশের সর্বাত্মক চেষ্টা দিয়ে দেশের সেবা করেছি।”
“এই পেশা জীবনে সবচেয়ে বড় পাওয়া আমার রাষ্ট্রপতি থেকে পাওয়া এওয়ার্ড অব এক্সিলেন্স। জাতীয় প্যারেডে কন্টিজেন্ট কমান্ডার হিসেবে ছিলেন।” বলেও জানান তিনি
নারায়ণগঞ্জের জেলা কারাগারে নারী কারাবন্দীদের জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “নারী কারাবন্দী যারা সঠিক পথে ফিরে আসতে চায় তাদেরকে সাবলম্বী করার জন্য সেলাইয়ের কাজসহ পার্লারের কাজের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। সেই সাথে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ শেষে তাদের সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান থেকে ঋণ প্রদানে সহযোগিতা করা হয় ।”
তিনি আরও জানান, “আমার এই যাত্রায় আমার প্রথম সঙ্গী ছিলেন আমার মা। আজও কোন নতুন কাজ করতে গেলে তার উৎসাহ আমার সাহস জাগায়। নারীকে এগিয়ে যেতে হলে পরিবারের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন তবে সবচেয়ে বেশি প্রয়োজন নিজের মাঝে মনোবল। নারীর মনোবলই নারীর শক্তি। নারীকে নিজের মনোবলকেই নিজের প্রেরণা হিসেবে প্রস্তুত করে এগিয়ে যাওয়ার বার্তা প্রদান করেছেন তানিয়া জামান।

সনু রানী দাস : বিশ্বব্যাংক প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, নারী বৈষম্যের মাপকাঠিতে বাংলাদেশের সার্বিক স্কোর এসেছে ৪৯ দশমিক ৩৮ শতাংশ। যেটা অনেক নিচের দিকে। সারাদিনের রান্না শেষ করে ছেলেকে নিয়ে স্কুলে ছোটাছুটি করেন সনু রানী দাস। বাড়ি ফিরে আবার সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত। সন্ধ্যায় ছোট্ট একটি ঘর ভর্তি বাচ্চারা আসে তার কাছে পড়াশোনা করতে। নারায়ণগঞ্জের দলিত সম্প্রদায়ের প্রথম গ্র্যাজুয়েট তিনি। যে সম্প্রদায়ের মানুষদের নিচু বর্ণের লোক হিসেবে পরিচিত হওয়ায় সমাজে নিগ্রহেরও শিকার হতে হয় সে সমাজে কীভাবে পড়ালেখা চালিয়ে নিজের স্বপ্নের পেছনে ছুটছেন সেই কথা তার সাথে এক সংক্ষিপ্ত আলাপে উঠে আসে।
নিজের ইচ্ছা শক্তি ও মনেবলেই সমাজের বাধা ও প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে নিয়ে যেতে পারা যায় এবং নারী-পুরুষ কিংবা যেকোন বৈষম্যে উচ্চকন্ঠে কথা বললে বৈষম্য দূর করা সম্ভব বলে মনে করেন সনু রানী দাস।
তিনি জানান, “আমাদের সম্প্রদায়ে একটা শিশু প্রাইমারি পাশ করলে সেটাকেই অনেক মনে করা হতো। এর বেশি পড়াটা অপ্রয়োজনিয় ও বিলাসিতা বলে মনে হতো। আর মেয়েরা পড়ালেখা করলে তো মেয়ে খারাপ দিকে চলে যাবে বলে এই সম্প্রদায়ের মানুষের ধারণা। আমার এসএসসি পর্যন্ত পড়ালেখা করতে আমার মা অনেক সহযোগিতা করে। তারপর বাবা পরীক্ষার ভালো রেজাল্ট দেখে এইচএসসি পড়ার অনুমতি দেয়। এরপর স্নাতক ও পাশ করি।”
নিজের জীবনের টার্নিং পয়েন্টের কথা উল্লেখ করে তিনি জানান,“ যেখানে একসময় আমার স্বপ্ন ছিল এসএসসি পাশ করে সেলাই কাজ শিখব। সেখানে এইচএসসি পাশ করে একটি এনজিও প্রতিষ্ঠানের সহযোগিতায় চলে গেলাম ইংল্যান্ডে। সেখান থেকে যা শিখেছি সেটা আমাকে জীবনে এগিয়ে যাওয়ার উৎসাহ বাড়িয়েছে।”
নিজের জীবনের প্রতিবন্ধকতার কথা বলতে গিয়ে বলেছিলেন, “আমার পড়াশোনা জীবনে সবচেয়ে বড় সমস্যা ছিল ভাষা। আমাদের সম্প্রদায়ে সকলেই হিন্দি ভাষায় কথা বলে অভ্যস্থ। তাই স্কুলে গিয়ে বাংলা পড়া বুঝতে ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তবে এটা শুধু আমার নয় আমাদের সম্প্রদায়ের সকলশিশুরই সমস্যা। পড়া বুঝে না বিধায় বাচ্চাদের পড়তেও ভালো লাগে না। আমার ইচ্ছা আমাদের কলোনির স্কুলে চাকরি করে এইখানের শিশুদের পড়ানো। ওরা ছোটবেলায় বাংলা ভাষা বুঝে না বিধায় পড়ালেখাতেও আগ্রহ দেখায় না।”
নিজের শিক্ষক হওয়ার আকাঙ্খা পোষণ করে তিনি জানান, “আমি চেষ্টা করেছি প্রাইমারি স্কুলের চাকরির জন্য। হয়তো এই সম্প্রদায়ের শিশুদের কথা ভেবেও প্রশাসনের সহযোগিতায় আমি চাকরি পাবো। কিন্তু হয়নি। আশা ছিল এই সম্প্রদায় থেকে পড়াশোনা করেছি, এখানের শিশুদের জন্য কিছু করতে হবে। অনেকের কাছ থেকে আশ্বাসের পর আশ্বাস পেলেও চাকরির কোন কিছু হয়নি। আমি অনেক প্রশংসা পেয়েছি, আর্থিক সহযোগিতাও পেয়েছি। কিন্তু আমি শিক্ষক হতে চাই।”
“আমি একদিন শিক্ষার্থীদের পড়ানোর সময় বলছিলাম, পড়ালেখা না করলে জীবন অন্ধকার হয়ে যাবে। কিছুই করতে পারবে না। জীবনের আশাগুলো পূরণ করতে পারবেনা। তখন আমার এক শিক্ষার্থী বলে উঠে, আপনি পড়ালেখা করেছেন কিন্তু কোন চাকরি তো পাইলেন না। আমার শিক্ষার্থীর কথার কোন উত্তর দিতে পারি নি। চুপ করে ছিলাম। আমি কিছু করতে না পারলে আমাদের সম্প্রদায়ের নতুন প্রজন্মের জন্য বাজে উদাহরণ হয়ে যাবো।” নিরাশার রেখা কপালে নিয়ে বলেছিলেন সনু রানী দাস।

নারী ট্রেন চালক সালমা খাতুন : সনু রানী দাসের মতো এমন অনেকেই আছেন যারা নিজের লক্ষ্যে অন্যের কল্যাণ করার স্বপ্ন দেখেন। কিন্তু প্রতিনিয়তই তারা নতুন নতুন বাধা ও চ্যালেঞ্জের সম্মুখীন হন। ছোটবেলা থেকেই যে নারীর চ্যালেঞ্জ গ্রহণে ছিল প্রবল আগ্রহ সেই স্বপ্নকেই ধারণ করে বেড়ে উঠে। স্বপ্নের পিছনে ছুটে হয়ে উঠেন বাংলাদেশের প্রথম নারী ট্রেন চালক সালমা খাতুন। ২০০৪ সাল থেকে ট্রেন চালকের এই পেশায় রয়েছেন। ২০১৯ সালের এপ্রিল মাস থেকে নারায়ণগঞ্জে প্রথম নারী ট্রেন চালক হিসেবে কাজ শুরু করেন। তার কাছে জানতে চেয়েছিলাম স্বপ্ন পূরণের গল্প কেমন ছিল।
তিনি জানান, “এসএসসির পরে আমার ভাই আমাকে বাংলাদেশ রেলওয়েতে কাজের বিজ্ঞপ্তির কথা জানান। বিষয়টা জেনে ভালোই লাগল। আমি আবেদন করলাম। লিখিত পরীক্ষায় টিকে মৌখিক পরীক্ষায় গেলাম। উর্দ্ধতন কর্মকর্তারা আমাকে জিজ্ঞেস করেছিল আমি পারব কি না। আমার উত্তর ছিল, কেন নয়? নারী হিসেবে নয় একজন চালক হিসেবে কাজ করব। পরবর্তীতে চাকরি পেয়ে যাই।”
চাকরি জীবনের স্মরণীয় মুহূর্তের কথা মনে করে জানান, “চাকরিতে যোগদানের পর আমাদের ট্রেনিং এর জন্য ঢাকা ওয়ার্কশপে পোস্টিং দিয়ে দেয়। ওয়ার্কশপ ইউনিট থেকে আমাদের বিভিন্ন লোকশেডে ট্রেনিং এর জন্য পাঠানো হয়। কিন্তু সেখানে থাকার কোন ব্যবস্থা ছিল না। ওখানের ইনচার্জ কোথায় থাকব সে ব্যবস্থা করত। হয়তো কোন স্টাফদের বাসায় নয়তো তার আত্মীয়দের বাসায়। আমার পদবীর নাম ছিল তখন ফায়ারম্যান। যেখানে থাকতাম সেখানের মানুষ উৎসাহ নিয়ে দেখতে আসত যে ওই বাসায় একজন ফায়ারম্যান আসছে।”
নারীদের ট্রেন চালনা পেশার প্রতিবন্ধকতার জানিয়ে তিনি বলেন, “এই পেশায় অনেকের সহযোগিতা পেয়েছি আবার অনেকের নিরুৎসাহ দিয়েছেন। নারী হিসেবে এই পেশায় আসলে অনেকেই নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখে। অনেক সময় অগ্রাহ্য করি আবার অনেক সময় খারাপ লাগে। কিন্তু আমি আমার নারী সহকর্মীদের বলি যে যাই বলুক না কেন কাজ কঠিন হলেও নিজের লক্ষ্যে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। আবার ট্রেনের সামনে বিভিন্ন সময় ভয়ানক দুর্ঘটনা ঘটে। এই ধরনের ঘটনাগুলো আমাকে একটু আতঙ্কিত করে তুলে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালমা খাতুন তার আদর্শ হিসেবে দেখেন। তিনি বলেন, “আমার আদর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একটা কথা আমার খুব পছন্দের। তিনি বলেছিলেন, নারীদের সফলতা কেউ ঘরে এসে দিয়ে যাবে না। নারীদের নিজেদের অর্জন করতে হবে। এদেশকে এগিয়ে নিয়ে যেতে আমরা নারীরা পুরুষদের সাথে সমান গতিতে এগিয়ে যেতে হবে।”
নারীদের নিজের লক্ষ্যে পৌঁছানোর মূলমন্ত্র হিসেবে তিনি মনে করেন, “পারি না, পারব না। এই কথাটা না বলা । সফলতা আসবে কি আসবে না সেটা পরে দেখা যাবে। প্রথম কাজ হলো, নিজের চেষ্টা দিয়ে এগিয়ে যেতে হবে। সব ধরনের ব্যতিক্রমী পেশায় নারীদের অবস্থান মজবুত করতে হবে।”


