Logo
Logo
×

বিশেষ সংবাদ

সড়কে ঝরলো ১৮ প্রাণ

শোকে স্তব্ধ নারায়ণগঞ্জ, কাতর বন্ধু ও স্বজনরা

Icon

প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ০৪:১১ এএম

শোকে স্তব্ধ নারায়ণগঞ্জ, কাতর বন্ধু ও স্বজনরা
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : দেশের বিভিন্ন স্থানের সড়ক দুর্ঘটনায় একদিনেই প্রাণ হারালেন নারায়ণগঞ্জের ১৮ জন। পৃথক এসব দুর্ঘটনায় আরও অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন। শুধু দুই দুর্ঘটনায় নিহত হয়েছেন বন্দর ও ফতুল্লার ১৬ জন।


ফতুল্লা ও বন্দরের নিহতদের স্বজনদের মাতম ও আহাজারিতে শোকে স্তব্ধ ফতুল্লা ও বন্দরের এলাকাবাসী। প্রিয়জনদের হারানোর বেদনায় শোকে কাতর বন্ধু ও স্বজনরা। শুক্রবার (৬ মার্চ) ভোরে ও ৫ মার্চ দিবাগত মধ্যরাতে দেশের চারটি জেলায় পৃথক এই প্রাণহানির ঘটনা ঘটে।


এর মধ্যে শুধু সুনামগঞ্জে পাত্রী দেখতে যাওয়ার পথে মাইক্রোবাস দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়।


নিহতরা হলেন- ফতুল্লার পাগলা মুসলিমপাড়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে আইএফসিআই ব্যাংকের কর্মচারী আব্বাস উদ্দিন (৫৫), তার ছেলে ইমন (২৫), ছোট ছেলে রাব্বি (২০), একই এলাকার আবুল গণি তালুকদারের ছেলে মো. খলিলুর রহমান (২৫), মুসলিমপাড়া কুসুমবাগ এলাকার মৃত গিয়াসউদ্দিনের মেয়ে সুমনা আক্তার (৩৫), একই এলাকার তোতা খানের ছেলে ইমরান (১৬), আবুল হোসেনের ছেলে রাজিব (২৫), ঢাকা মতিঝিলের মজিবুর রহমানের স্ত্রী আসমা আক্তার (২৫), একই এলাকার হাজী মহসীন (৭০), বেলায়েত হোসেনের মেয়ে খাদিজা (৪)। আহতরা হলেন- আবুল হোসেন (৫৫), রফিক (৪০), নাদিম (৩৫)।


এ দিন ভোরে নিহতরা মাইক্রোবাসযোগে পাত্রী দেখতে নারায়ণগঞ্জ থেকে সুনামগঞ্জের দিরাই যাচ্ছিল। পথে হবিগঞ্জের নবীগঞ্জে এসে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৮জন মারা যায়।


 পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টায় মারা যায় বেলায়েত হোসেনের মেয়ে খাদিজা।


একই দিন বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুরা কালিসীমা এলাকায় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি মাইক্রোবাস ও সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসে থাকা ১০ যাত্রীর মধ্যে ৬ জন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন অপর ৪ যাত্রী।
নিহতরা হলেন- বন্দর উপজেলার নবীগঞ্জের দেউলী চৌরাপাড়া এলাকার মসলার ব্যবসায়ী নুরুল হকের ছেলে রিফাত (১৮), একই এলাকার রাজমিস্ত্রী তাওলাদ হোসেনের ছেলে ইমন (১৭), খোরশেদ আলমের ছেলে গাড়ি চালক সোহান (২২), নবীগঞ্জের দিলারবাড়ি এলাকার চায়ের দোকানি আবুল হোসেনের ছেলে ছাত্রলীগ কর্মী সাগর (২০), আবুল হোসেনের কর্মচারী শাহিন (১৬) ও আরেক কর্মচারী হারুন (৪২)। আহতরা হলেন- নবীগঞ্জের দেউলী চৌরাপাড়া এলাকার স্যানেটারি মিস্ত্রী আফজাল হোসেনের ছেলে বিজয় (১৯), একই এলাকার আবিদ (১৯), নবীগঞ্জের কদমতলী এলাকার শাহীন আহমেদ শান্ত (৩০) ও জিসান (২৪)। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।


অপরদিকে শুক্রবার (৬ মার্চ) ভোর পাঁচটার দিকে ময়নসিংহের ভালুকা উপজেলার মেহরাবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বড় পিকআপের সঙ্গে মাছভর্তি আরেকটি ছোট পিকআপের সংঘর্ষে চালক রাজনসহ নিহত হন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাছ ব্যবসায়ী মো. আজিম। তিনি উপজেলার তালাশ কোর্ট এলাকার আবদুস সালামের ছেলে।


এছাড়াও ৫ মার্চ দিবাগত রাত একটার দিকে সাভারের উলাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক চাপায় নারায়ণগঞ্জ শিল্প পুলিশের কনস্টেবল আকাশ আহমেদ (২২) মারা যান। আশুলিয়ার শ্রীপুরের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে নারায়ণগঞ্জে কর্মস্থলে আসছিলেন ঢাকা জেলার ধামরাই উপজেলার আব্দুল মজিদের ছেলে আকাশ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন