যুগের চিন্তা রিপোর্ট : করিম মিয়া পেশায় গামেন্টর্স শ্রমিক গতকাল ছুটির দিন হওয়ায় গরুর মাংস কিনতে এসেছেন খানপুর বউবাজারে । ৬০০ টাকা কেজি মাংসের দাম শুনেই ক্ষেপে যান তিনি। গত সপ্তাহে ৫৫০ টাকা কেজি তিনি মাংস কিনেছেন। গতকাল ওই মাংসের দোকানে প্রতিকেজি ৬০০ টাকা দরে মাংস বিক্রি হচ্ছে।
তাই তিনি দাম বাড়ার কারণ জানতে চাইলে উত্তর মেলেনি। খানপুর বউবাজারে সরকারের নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে বাড়তি দামেই মাংস বিক্রি হয় এমন অভিযোগ অনেকের। এভাবেই অসাধু ব্যবসায়ীর কারসাজিতে দিনেদিনে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।
সরকারের বিভিন্নসংস্থা বাজার তদারকিতে থাকা সত্ত্বেও গত এক মাসের ব্যবধানে বিভিন্ন নিত্যপণ্যের মূল্য বেড়েছে। তার মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, ভোজ্যতেল, পেঁয়াজ, রসুন, দারুচিনি, এলাচ, শুকনো মরিচ ও আদাসহ অনেক পণ্যে। শুধুমাত্র চালের মূল্যই বেরেছে কেজিতে ৭ টাকা। আটার মূল্যও বেড়েছে কেজিতে ১০ টাকা। আর সয়াবিন তেলের মূল্য বেড়েছে ২০ টাকারও বেশি।
গত বছরের এই সময়ে ২০ টাকায় যে পেঁয়াজ পাওয়া যেতো, এখন ওই পেঁয়াজ কিনতে হচ্ছে ৯০-৮০ টাকায়। রসুনের মূল্য কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। এই সময়ে যে রসুন বিক্রি হতো ৬০ থেকে ৭০ টাকা। তা এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা। শুকনো মরিচের মূল্য বেড়েছে, দাম বেড়েছে দারুচিনি, এলাচসহ অনেক মসল্লারই। একইভাবে চিনির মূল্য বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। একমাস আগেও যে চিনির মূল্য ছিল ৫৫ টাকা, বর্তমানে তা বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৬৭ টাকা। ডিসেম্বর মাসের শেষ দিকে যে সরু চালের মূল্য ছিল ৪৫ টাকা কেজি। এখন ওই চাল বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৩ টাকা। মিনিকেট, নাজিরশাইল সব ধরনের শুরু চালের বাজার উর্ধ্বমূখী।
এদিকে চাল ব্যবসায়ীদের সাথে কথা বলে জানাগেছে, চালের দাম আপাতত কমার কোন লক্ষণ নেই। এছাড়া পেঁয়াজের এই অস্বাভাবিক মূল্য মানুষকে এখনোও ভোগাচ্ছে। পেঁয়াজের মৌসুমে এখনো দেশী পেঁয়াজের কেজি ৮০ থেকে ৯০ টাকা।
এবার শীতের সবজির ভরা মৌসুমেও লাউ, করলা, শশা, ফুলকপি, বাঁধাকপি বেগুনসহ সব ধরণের সবজিই বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে বেশ ভোগাচ্ছে। বাজারে ভরপুর সবজি থাকলেও সব ধরণের সবজির দাম এখনও চড়া। অন্যান্য বৎসরে এই সময় সবজির দাম খুবই কম থাকে। এবার শীতের শুরু থেকে শেষ দিকেও চড়া দামে এসব পন্য কিনতে হচ্ছে।
শুক্রবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত সপ্তহের মতো করলার কেজি বিক্রি হচ্ছে ১০০ তেকে ১২০ টাকা। শশা বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা কেজি দরে। পেঁপের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা।
আর টমেটো বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি। ভালো শিমের কেজি ৪০ থেকে ৫০ টাকা ফুলকপি প্রতিপিছ ৩০ থেকে ৩৫ টাকা। একই দামে বিক্রি হচ্ছে বাঁধকপিও। নতুন গোল আলু বিক্রি হচ্ছে ১৫-১৭ টাকা। শালগম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০, বেগুন ৪০ থেকে ৫০ মাঝারি সাইজের লাউ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা।
এদিকে মাছ বাজার ঘুরে দেখাগেছে, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ৩৫০ টাকা, তেলাপিয়া ১৩০ থেকে ২০০ টাকা, শিং ৩০০ থেকে ৪৫০ টাকা, শোল মাছ ৪০০ থেকে ৭৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৫০০ টাকা, টেংরা ৪৫০ থেকে ৫০০ টাকা, নলা ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকা কেজি দরে। পাকিস্তানি কক মুরগি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা কেজি দরে। লাল মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা প্রতি কেজি। গরুর মাংস ৫৫০ থেকে ৬০০ টাকা, আর খাশির মাংস ৭০০ থেকে ৮৫০ টাকা প্রতিকেজি বিক্রি হচ্ছে।


