যুগের চিন্তা রিপোর্ট : দীর্ঘ সাত বছর ধরে ত্বকী হত্যাকান্ডের তদন্ত চলছে। এক বছরের মাথায় ত্বকী হত্যাকান্ডে আজমেরী ওসমানসহ ১১ জন জড়িত বলে জানিয়েছিল র্যাব। অচিরেই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে বলেও জানানো হয়েছিল সেই সময়।
তারপর দীর্ঘ সময়েও তদন্ত শেষ হয়নি, প্রতিবেদনও দাখিল করা হয়নি। এদিকে ত্বকী হত্যাকান্ডের সাত বছর পরও র্যাব জানিয়েছে, তদন্ত এখনও চলছে। তবে মামলায় বেশ কিছু অগ্রগতি রয়েছে বলে জানিয়েছে র্যাব।
বুধবার (৫ মার্চ) রাতে গণমাধ্যমকর্মীদের দেয়া এক বক্তব্যে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন বলেন, ত্বকী হত্যাকান্ডের এই মামলাটি বিভিন্ন হাত ঘুরে আমাদের কাছে এসেছে। বেশ কয়েকজন তদন্ত কর্মকর্তা এই মামলার তদন্ত করেছেন। মামলাটি এখন আমরা (র্যাব) তদন্ত করছি। মামলার বেশ কিছু অগ্রগতি রয়েছে। এ বিষয়ে শীঘ্রই আমরা আপনাদের জানাবো।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কে কি বলছে সেটা আমাদের বিষয় না। আমরা আমাদের মতো করে তদন্ত করছি। কেউ যদি তার ব্যক্তিগত মতামত দিয়ে থাকে সে বিষয়ে আমাদের কিছু বলার নেই। তদন্তাধীন বিষয়ে আমরা কোন মন্তব্য করবো না।
তদন্ত কবে শেষ হবে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খুব শীঘ্রই আমাদের এ তদন্ত শেষ হবে এবং আমরা প্রতিবেদন আদালতে দাখিল করবো। বর্তমানে মামলাটি তদন্ত করছেন র্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ্ মো. মশিউর রহমান।
২০১৩ সালের ৬ মার্চ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে নিখোঁজ হয় মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শহরের পাঁচ নম্বর ঘাট এলাকায় শীতলক্ষ্যার শাখা খাল থেকে তার লাশ উদ্ধার হয়।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই হত্যাকান্ডের তদন্ত প্রতিবেদন দাখিল করেনি তদন্তকারী সংস্থা। এদিকে মামলার গ্রেফতার আসামিরা সবাই জামিনে বেরিয়ে এখন পলাতক রয়েছে।
ত্বকীর পরিবারের অভিযোগ, নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবার এই হত্যাকান্ডের সাথে জড়িত বলেই এর বিচারকার্য থেমে আছে। এদিকে ত্বকী হত্যার বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ শহরে আলোকশিখা প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হচ্ছে।


