যুগের চিন্তা রিপোর্ট : বিশিষ্টজনেরা বলেন, ত্বকী এক প্রতিবাদের নাম। কিশোর ও নিষ্পাপ ত্বকী যে কতখানি শক্তিশালী তা বোধহয় বুঝতে পারেনি ঘাতকরা। নিষ্পাপ ত্বকী মৃত্যুর পর লাখো ত্বকী হয়ে অন্যায়ের প্রতিবাদ করার জাগরণ ঘটিয়েছে। সন্ত্রাসী, খুনীদের রক্তচক্ষুকে মামুলি তুড়ি দিয়ে উড়িয়ে দেয়ার অনুপ্রেরণা যোগাচ্ছে।
ত্বকী হত্যায় যেসব নরপশু জড়িত ছিলো তাদের দুইজন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছিল। এরমধ্যে একজন ইউসুফ হোসেন লিটন। ২০১৩ সালের ২৯ জুলাই নারায়ণগঞ্জের একটি আদালতে ইউসুফ হোসেন লিটন নামের এক আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে লিটন উল্লেখ করেন, তিনি দেখেন ভ্রমর ত্বকীকে গজারি লাঠি দিয়ে পেটাচ্ছে।
পরে আমি রাজীবের কথায় ওই ছেলেটির গায়ে ২/৩টি আঘাত করি। মারধরের কারণে ওই ছেলেটি মাটিতে লুটিয়ে পড়লে কালাম শিকদার বুকের উপর উঠে ছেলেটিকে গলাটিপে ধরে। ৩-৪ মিনিট পর ছেলেটি মারা যায়। তখন রাত ১১টা বাজে।
পরে জানতে পারি ওই ছেলেটির নাম ত্বকী। পরে আমি, কালাম শিকদার, ভ্রমর ত্বকীর লাশ ভ্রমরের গাড়ির পেছনে তুলে নিয়ে শহরের চারারগোপ এলাকায় গিয়ে আমরা ৩ জন মিলে ত্বকীর লাশ নৌকায় তুলি। নৌকাতে করে লাশ কুমুদিনী খালে যাই।
তারপর আমরা ব্যাগ থেকে লাশ বের করে খালে ফেলে দেই। ওই সময় লাশের শরীরে প্যান্ট, শার্ট পরনে ছিল। পায়ে চামড়ার স্যান্ডেল ছিল। তারপর আমরা বাসায় চলে যাই। কালাম শিকদার ও ভ্রমর গাড়িতে উঠে চলে যায়।
২০১৩ সালের ৬ মার্চ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ত্বকী। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীল পাড় থেকে তার লাশ উদ্ধারের পর সেদিন রাতেই ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি অজ্ঞাতজনদের আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। পরে রাব্বি তৎকালীন সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমানসহ ৭জনকে অভিযুক্ত করে একটি অবগতি পত্র দিয়েছিল পুলিশ সুপারের কাছে।
মামলার এজাহার ও অবগতিপত্রে লিটনের নাম ছিলনা। ত্বকীর বাবা রফিউর রাব্বির আবেদনে হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলাটি ওই বছরের ২০ জুন আনুষ্ঠানিকভাবে র্যাব এর কাছে হস্তান্তর করে সদর মডেল থানা পুলিশ। এরআগে মামলাটি পুলিশ তদন্ত করছিল।
আজমেরী ওসমানের টর্চার সেলে র্যাবের অভিযান :
২০১৩ সালের ৭ আগষ্ট আজমেরী ওসমানের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র্যাব। দুপুর সোয়া ১২টা হতে দুপুর ২টা পর্যন্ত র্যাব-১১’র একটি টিম শহরেরর ৩৮/৪ আল্লামা ইকবাল রোডে অবস্থিত সরকারি তোলারাম কলেজের দক্ষিণ পাশে উইনার ফ্যাশন নামের টিনশেড অফিসে অভিযান চালায়। উইনার ফ্যাশনের বিভিন্ন স্থানে দেখা গেছে বুলেটের অসংখ্য দাগ।
অফিসের দেয়াল, সোফা, আলমিরাসহ আসবাবপত্রে বুলেটও গুলির দাগ পাওয়া গেছে। সেখান থেকে একটি আকাশী রঙের জিন্স প্যান্ট, বিপুল পরিমাণ দড়ি, একটি ভাঙা হকিস্টিক, দুটি লাঠি, ৪টি মোবাইল ফোন, বেশ কয়েকটি সিডি ক্যাসেট, একটি ডিভিআর (ডিজিটাল ভিডিও রেকর্ডার), ৩টি সিসি ক্যামেরা, কম্পিউটারের একটি সিপিইউ, একটি পিস্তলের বাট ও ইয়াবা সেবনের সরঞ্জমাদি উদ্ধার করা হয়।


