প্রধানমন্ত্রীর দিকে রাব্বি
ত্বকী হত্যা বিচারহীনতার ৭ বছর
প্রকাশ: ০৬ মার্চ ২০২০, ০২:৪০ এএম
বিশেষ প্রতিনিধি : আজ বেদনা বিধুর মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা দিবস। দিনে দিনে এই দিবসটি নারায়ণগঞ্জের প্রতিবাদের দিবসে পরিণত হচ্ছে বলে মনে করেন বোদ্ধামহল। তাদের মতে, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ এই দিনটি নানা কর্মসূচী মধ্যে দিয়ে প্রতিবাদের দিবস হিসেবে পালন করে আসছে।
বাঙালী জাতির ইতিহাসের মাইলফলক হিসেবে যতগুলি প্রতিবাদ দিবস আছে সেগুলোর সাথেই নারায়ণগঞ্জে যুক্ত হয়ে গেছে ত্বকী হত্যা দিবস। নারায়ণগঞ্জে প্রভাবশালী মহলের অন্যায় অত্যাচার, সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যাকান্ডের প্রতিবাদের একটি প্লাটফর্ম হিসেবে গড়ে উঠেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
অন্যায়-অত্যাচার, নির্যাতনের শিকার ও সন্ত্রাসীদের হিংস্র থাবায় স্বজন হারানো আম জনতা আজ ত্বকীমঞ্চে উঠে প্রতিবাদ জানাতে পারছে। যা আগে সম্ভব ছিলনা। সন্ত্রাসীদের নির্যাতন মুখ বুঝে সইতে হত। অন্যায়, অত্যাচার ও হত্যাকান্ডের শিকার নিরীহ মানুষ বিচার পেতনা।
বিচার পাওয়া দূরের কথা তারা প্রতিবাদটুকু করতে পারতোনা। কাজেই স্বজন হারানো মানুষ ও সন্তান হারা মা সন্তানের নিরাপত্তার দাবীতে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়। যতই দিন যাচ্ছে ত্বকী হত্যার বিচারহীনতার প্রতিবাদে আন্দোলনের সাথে সাধারণ জনগণের একটা হৃদয়ের টান তৈরী হচ্ছে।
এই আন্দোলনের ঢেউয়ের তোড়ে একদিন নারায়ণগঞ্জ থেকে সকল সন্ত্রাস, চাঁদাবাজি, রাজনৈতিক দুবৃত্তায়ন ও গডফাদারের রাজত্ব ও গুপ্ত অস্ত্রভান্ডার খড়কুটোর মত ভেসে যাবে। সকল অন্যায় ও হত্যাকান্ডের বিচার হবে।
এদিকে, শুরু হতে যাচ্ছে নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারকাজ। দীর্ঘ প্রতীক্ষার পর বাস্তবে সেই সম্ভাবনার সৃষ্টি হয়েছে। দেশব্যাপী আলোচিত এই হত্যা মামলার চার্জশিট অচিরেই দাখিল করতে যাচ্ছে তদন্তের দায়িত্বপ্রাপ্ত সংস্থা র্যাব।
ত্বকী হত্যার সপ্তম বর্ষকে সামনে রেখে বুধবার (৪ মার্চ) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র্যাব-১১ ব্যাটালিয়ানের সদর দপ্তরে সংস্থাটির সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে এ আশাবাদ ব্যক্ত করেন।
মামলাটির চার্জশিট প্রদানে বিলম্বের বিষয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাবের এই কর্মকর্তা বলেন, এর আগে বেশ কয়েকজন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয় র্যাবকে। ফের নতুন করে তদন্ত করতে গিয়ে বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হয়েছে বিধায় কিছুটা বিলম্ব হয়েছে।
তবে কালক্ষেপণ হলেও বর্তমানে মামলাটির তদন্ত অনেকটাই অগ্রগতি হয়েছে উল্লেখ করে আলেপ উদ্দিন আশা প্রকাশ করে বলেন, যতো দ্রুত সম্ভব তদন্তকাজ সম্পন্ন করে চার্জশিট প্রদানের ব্যাপারে আন্তরিকতার সাথে চেষ্টা করা হচ্ছে। এবং খুব শিগগিরই এ মামলাটির চার্জশিট আদালতে দাখিল করার ব্যাপারে তিনি আশাবাদী।
এর আগে হত্যাকাণ্ডের এক বছর পর ঢাকায় র্যাবের সংবাদ সম্মেলনে উপস্থাপিত খসড়া চার্জশিটটি নিয়ম বহির্ভূতভাবে কি করে মামলার বাদীর হাতে এলো এবং গণমাধ্যমে তা প্রকাশ পেলো সে ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে আলেপ উদ্দিন বলেন, এ বিষয়টি আমার জানা নেই। তাই আমি কিছু বলতে পারব না।
তদন্তের বর্তমান অগ্রগতি কি পর্যায়ে আছে এবং যাদেরকে অভিযুক্ত করা হয়েছে আদৌ তারা হত্যাকাণ্ডে জড়িত ছিল কিনা এমন প্রশ্নের জবাবে র্যাবের এই কর্মকর্তা বলেন, তদন্তের স্বার্থে আগাম কোন কিছুই এখন বলা সম্ভব নয়।
এদিকে আজ (৬ মার্চ) হত্যাকান্ডের ছয় বছর পেরিয়ে সপ্তমবর্ষ শুরু হতে চললেও র্যাব এখন পর্যন্ত মামলাটির অভিযোগপত্র দাখিল করতে না পারায় বরাবরের মতো হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন নিহত ত্বকীর পরিবারসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। হত্যায় অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে দাবি করছেন নিহত ত্বকীর পরিবার।
তবে সরকারের ভাবমূর্তি সমুন্নত রাখতে আলোচিত এই হত্যাকান্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়া খুবই জরুরি বলে মনে করছেন সাধারণ মানুষসহ নাগরিক সমাজের নেতারা। সময় সংবাদের প্রতিবেদকের সাথে আলাপকালে এ বিষয়গুলো তুলে ধরে প্রতিক্রিয়া জানান তারা।
মামলার বাদী নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি এ প্রসঙ্গে বলেন, ত্বকী হত্যার পেছনে রাজনৈতিক প্রভাবশালীরা জড়িত রয়েছে। রাজনৈতিক প্রভাবের কারণেই র্যাব খসড়া চার্জশিট প্রকাশ করেও চূড়ান্তভাবে সেটি দাখিল করতে পারলো না।
রফিউর রাব্বি দুঃখ ও হতাশা প্রকাশ করে বলেন, আমাদের দেশে বর্তমানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বড় কোনো ঘটনার ব্যাপারে সরকারের শীর্ষ পর্যায় থেকে সিদ্ধান্ত দিলে তা বাস্তবায়ন হয়। সিদ্ধান্ত না দিলে বাস্তবায়ন হয় না। তেমনি আমাদের প্রধানমন্ত্রী চাইলে ত্বকী হত্যার বিচার হবে। তিনি না চাইলে বিচার হবে না।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রফিউর রাব্বি বলেন, আমাদের প্রধানমন্ত্রী দেশের সমস্ত শিশু হত্যার সুষ্ঠু বিচারের ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমি আশা করি ত্বকী হত্যার বিচারও তিনি করবেন। সমস্ত নারায়ণগঞ্জবাসী তাকিয়ে আছে তাঁর দিকে।
একই প্রত্যাশা করে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি ভবানী শংকর রায় বলেন, এমন একটি মেধাবী ছাত্রকে হত্যা করা হলো অথচ রাষ্ট্রের কোনো সুবিচার করছে না। দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে না। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। ত্বকী হত্যার বিচার এখন পর্যন্ত না হওয়ার কারণে রাষ্ট্র ও সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, ছয় বছর ধরে আমরা সরকারের কাছে ত্বকী হত্যার বিচার চেয়ে আসছি। যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ বলেন, রাষ্ট্রীয়ভাবে ত্বকী হত্যার বিচার না হলেও সামাজিকভাবে বিচার হচ্ছে। নারায়ণগঞ্জবাসী জানে কারা ত্বকীকে হত্যা করেছে। তাদের প্রতি সবাই ঘৃণা প্রকাশ করছে। এটাই সামাজিক বিচার।
হালিম আজাদ বলেন, বিচার হয়নি বলে আমরা হতাশ নই। আমরা এখনো আশাবাদী। রাষ্ট্রীয়ভাবে ত্বকী হত্যার বিচার একদিন না একদিন হবেই। আমরা সেই প্রত্যাশায় থাকবো।
বিশিষ্ট মানবাধিকার কর্মী ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম বলেন, ত্বকী হত্যার বিচার না হওয়াটা দেশ ও জাতির জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার। কোনো গণতান্ত্রিক সভ্য দেশে এমন একটি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বছরের পর বছর থেমে থাকতে পারে না।
এতে প্রমাণ হয়, দেশে এখনো সুশাসন প্রতিষ্ঠিত হয় নি। ত্বকী হত্যাকাণ্ডে প্রভাবশালী সন্ত্রাসী গডফাদাররা জড়িত থাকায় এর বিচার হচ্ছে না দাবি করে তিনি বলেন, আমরা আশা করছি সরকার ত্বকী হত্যার সুবিচার করে দেশে সুশাসনের দৃষ্টান্ত স্থাপন করবে।
‘১৯৯৫ সালের ৫ অক্টোবর বিকেলে ত্বকীর জন্ম। দিনটি ছিল বিজয়া দশমী। মৃত্যু-২০১৩ সালে ৬ মার্চ। তবে স্বাভাবিক মৃত্যু নয়, ঘাতকের জবানবন্দি থেকে জানা যায়, ৬ মার্চ রাত ১১ টায় ত্বকীর মৃত্যু হয়। দিনটি ছিল ২২ ফাল্গুন। ফাল্গুনের পথিক আমার ত্বকী।
অবশেষে ফাল্গুনের আগুনের ঢেউ বুকের কান্নার সাথে এসে মিশে গেল,আরেক ফাল্গুনে।’ এভাবেই নিজ সন্তানের মৃত্যুর বর্ণনা দিয়েছেন নিহত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।
ত্বকীর বাবা বলেন, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকারী এক ঘাতক বলেছে, গজারির লাঠি দিয়ে পিটিয়ে অজ্ঞান করার পর ত্বকী বুকের ওপর উঠে গলা টিপে, শ্বাসরোধ করে হত্যা করেছে। ঘাতকরা যখন ওকে মাথায় আঘাত করে আমি জানি না জোরে না কথা বলতে না চাওয়া আমার ত্বকী তখন চিৎকার করেছিলো কিনা। কি বলেছে ওদের?
২০১৩ সালের ৬ মার্চ অপহরণের পর হত্যা করা হয় তানভীর মুহাম্মদ ত্বকীকে। পরদিন ৭ মার্চ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিলো। ‘এ’ লেভেল প্রথম পর্বের পরীক্ষায় সারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ নম্বর (২৯৭/৩০০), রসায়নে দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর (২৯৪/৩০০) পেয়েছিলো সে। অথচ এ মেধাবী কিশোরের নিয়তি’র করুণ পরিণতির ফলাফল মেলে ৮মার্চ সকালে শীতলক্ষ্যার পাড়ে।
অবচেতন মনে হয়তো এ পরিণতির কথা আগেই টের পেয়েছিলো সে। তারই প্রমাণ মেলে যত্নকরে তুলে রাথা তাঁর খেরো খাতার পাতায় পাতায়। নিখোঁজের কয়েকদিন আগে ত্বকী তাঁর মনের কথা কবিতায় কবিতায় বলে গিয়েছিলো –
‘আমি প্রস্তর হয়ে মরলাম উদ্ভিদ হতে
উদ্ভিদ হয়ে মরি, তো উত্থিত প্রাণেÑ
মানুষ হয়ে উঠলাম পরে,যখন সত্য উদ্ভাসিত হলো
ভয় কিসের মৃত্যুতে, দ্বিধা কেন মৃত্যুতে?
ত্বকীর আগ্রহ ছিলো জগৎ, মহাকাশ ও এর সৃষ্টি নিয়ে। ভালোবাসত ছবি আঁকতে, আবৃত্তি ও গান করতে। কিন্তু এ সকল কিছুই এখন স্মৃতির ডরে বাঁধা। মাত্র আঠারো বছর বয়সেই থামিয়ে দেয়া হয় এই মেধাবী কিশোরের জীবনগতি। সেই থেকে এখন পর্যন্ত পেরিয়ে গেছে সাতটি বছর।
সাত বছর যাবৎ সন্তানের সকল স্মৃতি আঁকড়ে ধরে বিচারের আশায় প্রতিবাদ কর্মসূচীসহ বিভিন্নভাবে দাবি জানিয়ে যাচ্ছেন তানভীর মুহাম্মদ ত্বকী’র বাবা রফিউর রাব্বি ও তার পরিবার।
ত্বকী হত্যাকাণ্ডের পরপর ২০১৩ সালের ১৮ মার্চ রফিউর রাব্বিকে আহবায়ক এবং বিশিষ্ট কবি ও সাংবাদিক হালিম আজাদকে সদস্য সচিব করে ২০১ সদস্য বিশিষ্ট ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’ গঠন করা হয়।
তাতে একাত্মতা প্রকাশ করে সারাদেশের বিশিষ্টজনেরা। কিন্তু এরপরেও গত সাত বছরে ত্বকী হত্যাকান্ডের অগ্রগতি বলতে কেবল ২০১৪ সালে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) তদন্ত করে বিস্তারিত তথ্য প্রকাশ করেছিলো। অল্প সময়ের মধ্যে চার্জশিট দেওয়ার কথা থাকলে ও সে চার্জশিট আজও জমা পড়েনি।
২০১৪ সালের ৩ জুন নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সাংসদ শামীম ওসমানের ভাই সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুর পর জাতীয় সংসদে আনা শোক প্রস্তাবের আলোচনায় প্রধানমন্ত্রী ওসমান পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতির কথা জানানোর পর থেকেই ত্বকী হত্যার তদন্ত কার্যক্রম থেমে যায় বলে জানান ত্বকীর বাবা।
ত্বকী হত্যার বিচার কার্যক্রমের বর্তমান অবস্থা, অগ্রগতিসহ নানা বিষয়ে কথা হয় মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বির সঙ্গে। তিনি জানান, ‘প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন ত্বকী হত্যার বিচার হবে। তিনি এটাও বলেছেন কারা এ হত্যাকান্ডের সাথে জড়িত, কারা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে এবং কারা ত্বকী হত্যাকারীদের বাইরে পালিয়ে যেতে সাহায্যে করেছেন সবই তিনি জানেন। গোয়েন্দা সংস্থার সে সকল রির্পোটও তার কাছে রয়েছে বলে তিনি জানিয়েছেন। কিন্তু সাত বছর হয়ে গেল।
তিনি জানান, সবই ঠিকঠাকই চলছিলো। ত্বকী হত্যার তদন্তটা প্রথমে পুলিশ শুরু করে। পরবর্তীতে তিনমাসের মাথায় উচ্চ আদালতের নির্দেশে র্যাব এ হত্যাকান্ডের তদন্ত শুরু করে। তদন্ত করতে গিয়ে র্যাব ত্বকীকে যেখানে হত্যা করা হয়েছিলো সে আজমেরী ওসমানের টর্চার সেলে তারা অভিযান চালায় এবং সেখান থেকে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করে।
কারা কিভাবে এ হত্যা করেছিলো হত্যার সাথে জড়িত ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর ১৬৪ ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।
ত্বকী হত্যার ১ বছরের মাথায় ২০১৪ সালের ৫ মার্চ র্যাবের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের কাছে ত্বকী হত্যার রহস্য উদ্ঘাটনে এ তথ্য প্রকাশ করা হয়। সে সময় র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান জানান, যে আজমেরী ওসমানের নির্দেশে ও তার উপস্থিতিতে ১১ জন তার টর্চার সেলে এ হত্যা করেছে।
কারা,কখন,কোথা থেকে কিভাবে ত্বকীকে অপহরণ করেছিলো, কারা,কোথায়,কিভাবে ত্বকীকে হত্যা করেছে, কোথা থেকে কোন গাড়িতে কোথায়,কারা লাশ ফেলেছে তদন্তে সুনির্দিষ্ট করে সব কিছু সংবাদ সম্মেলনে বর্ণনা করা হয়েছিলো।
এমনকি উপস্থিত সাংবাদিকদের তারা একটি খসড়া অভিযোগপত্রও সরবরাহ করে। জানিয়েছিলেন যে অতিদ্রুতই তারা এটা আদালতে পেশ করবে।
কিন্তু এই সংবাদ সম্মেলনের ৩ মাসের মাথায় ৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে একটি বক্তব্য ওসমান পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতির দেন। ঠিক এর পরপরই ত্বকী হত্যাকান্ডের বিচারকার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এরপরেও এটার কোনো অগ্রগতি নেই।
তিনি বলেন, এরপরেও বিষয়টি বুঝতে বাকি থাকার কথা না যে এ ঘাতকদের সাথে সরকারের একটা সম্পর্ক রয়েছে এবং ঘাতকরা এ সরকারি দলের এবং সরকারের বিভিন্ন পর্যায় তারা রয়েছে। সেহেতু বিচারটা সরকার বন্ধ করে রেখেছে।
শুধু যে ত্বকী হত্যা তা নয় বাংলাদেশে সাগর-রুনি হত্যা,তনু হত্যার বিচারও হচ্ছে না। কিন্তু এ হত্যাকান্ডগুলোর বিচার না হওয়ার ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে এ হত্যাকান্ডগুলোর রহস্য উদঘাটন হয়নি। ত্বকী হত্যার ক্ষেত্রে বিষয়টা তা নয়। এখানে ঘাতকরা সরকারী দলের বিভিন্ন পর্যায় রয়েছে এ কারণেই বিচারটা হচ্ছে না।
অথচ একটি রাষ্ট্রের আইন তার নিজস্ব গতিতে চলবে সরকারও বিভিন্ন সময় বলে এসেছে আইন নিজস্ব গতিতে চলে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য বাংলাদেশে আইন কখনও তার নিজস্ব গতিতে চলে না। কিছু হত্যাকান্ডের বিচার হচ্ছে তা প্রধানমন্ত্রীর নির্দেশ দিলেই হচ্ছে।
আশ্চর্যের বিষয় হল এই প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা বেশ গর্ব করেই বলে। তারা এটা তাদের কৃতিত্ব বলেই মনে করেন। তবে এটা হচ্ছে সরকারের ব্যর্থতা ও স্বেচ্ছাচারিতা। অর্থাৎ একটা অপরাধের বিচার তার আইনের ধারায় হবে সেই অগ্রাধিকার বাংলাদেশের আইনে নেই।
ত্বকী হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ :
হত্যাকাণ্ডের তদন্তের সঙ্গে যুক্ত র্যাবের কর্মকর্তারা জানান (ওই সময়ে প্রথম আলো, সমকাল, যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুসারে) ২০০৩ সালের পৌরসভা নির্বাচন ও ২০১১ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে এই হত্যার ঘটনা ঘটে।
বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী‘র সেই নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ছিলেন ত্বকীর বাবা রফিউর রাব্বি। আর আওয়ামী লীগের নেতা শামীম ওসমান ছিলেন দলের সমর্থিত প্রার্থী। ওই নির্বাচনে আইভীর কাছে বিপুল ভোটে পরাজিত হন শামীম ওসমান।
এছাড়া, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বিভিন্ন পরিবহনের মালিকেরা ওসমানের পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনেন। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি এই চাঁদাবাজির প্রতিবাদ করেন। মূলত রফিউর রাব্বিকে শায়েস্তা করতেই তাঁর ছেলে তানভীর মুহম্মদ ত্বকীকে হত্যা করা হয়।
এবিষয়ে কর্নেল জিয়াউল আহসান এক গণমাধ্যমকে বলেছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের তৎকালীন সাংসদ (প্রয়াত) নাসিম ওসমানের ছেলে ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ও ৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের পরিকল্পনা, নির্দেশনা ও উপস্থিতিতেই ওই হত্যাকাণ্ড ঘটেছিল।
তবে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের বিরুদ্ধে হত্যাকাণ্ডের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ মেলেনি। তদন্তে আজমেরী ওসমান ছাড়া অন্য যাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তারা হলেন: রাজীব, কালাম শিকদার, মামুন, অপু, কাজল, শিপন, জামশেদ, ইউসুফ হোসেন, সুলতান শওকত ওরফে ভ্রমর ও তায়েবউদ্দিন ওরফে জ্যাকি।
তদন্ত কর্মকর্তারা জানান, অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আজমেরীসহ প্রথম সাতজন পলাতক রয়েছেন। বাকিরা কারাগারে আছেন।
ত্বকী হত্যা মামলার বর্তমান অগ্রগতি নিয়ে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দীন জানান ,‘ ত্বকী হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে। অতিশীঘ্রই চার্জশিট জমা দেয়া হবে।’
রফিউর রাব্বি বলেন, ত্বকী হত্যাকান্ডের সাথে জড়িত ১৬৪ ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়া দুই জন ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর বর্তমানে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে রয়েছেন।
তাদের মধ্যে সুলতান শওকত ভ্রমর দেশের বাইরে চলে গেছেন।এছাড়া অভিযুক্ত আজমেরী ওসমান ও অন্যান্য আসামীরাও জামিনে বাইরে রয়েছে।
এই সরকারের আমলে না হলেও অন্য সরকারের আমলে হলেও ত্বকী হত্যার বিচার সম্পন্ন ও আসামীদের আইনের আওতায় আনা হবে আশাবাদ ব্যক্ত করে ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, এ সরকার তো আর চিরস্থায়ী সরকার নয়।
সরকারের বদল হবে বিচারও অবশ্যই হবে। বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে তিনযুগ পরে। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে চার দশক পরে এ ত্বকী হত্যারও বিচার হবে এবং যারা এ হত্যাকান্ডের বিচার বন্ধ করে রেখেছে তাদেরও এর জবাবদিহি করতে হবে।
ত্বকী হত্যার বিচারের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জে বিশিষ্ট ব্যক্তিবর্গ: ত্বকী হত্যাকান্ডের বিচারের দাবি জানিয়ে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ত্বকী হত্যাকান্ডের বিচার হচ্ছে না প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কারণেই।
তার নির্দেশেই এ হত্যাকান্ডের কার্যক্রম থেমে গেছে। কারণ তিনি সংসদে দাড়িয়ে হত্যাকারী পরিবারের দায়িত্ব নিজেই নিয়েছিলেন। তবে আশা করি একা না একদিন এ হত্যাকান্ডের বিচার হবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিভাগীয় প্রধান এড. মাহবুবুর রহমান মাসুম জানান, আমরা সবসময়ই বলি ত্বকী হত্যার বিচার চাই। বারবার আবেদন করার পরেও আমরা সরকারের শীর্ষ পর্যায়ের পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছি না।
আর এর কারণ হল ওসমান পরিবার। এ গডফাদারদের প্রভাব যতদিন থাকবে ততদিন হয়তো এ ত্বকী হত্যার বিচার হবে না। তবে আমরা বিশ্বাস করি ত্বকী হত্যাকারীদের বিচার একদিন না একদিন হবেই।
সন্ত্রাস নিমূল ত্বকী মঞ্চের সদস্য সচিব, কবি ও সাংবাদিক হালিম আজাদ বলেছেন, র্যাবের তদন্তের পর এ হত্যাকান্ডের অনেকটা অগ্রগমি আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু পরোক্ষনেই এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে অবশ্যই এ হত্যাকান্ডের বিচার একদিন হবে। আসামীরাও বিচারের আওতায় আসবে।
৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার সাত বছরপূর্তি উপলক্ষে আগামী ৬, ৭, ৮ ও ১৩ মার্চ ২০২০ নারায়ণগঞ্জ ও ঢাকায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ত্বকী। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীল পাড় থেকে তার লাশ উদ্ধারের পর সেদিন রাতেই ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি অজ্ঞাতজনদের আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।
পরে ১৮ মার্চ রাব্বি তৎকালীন সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমানসহ ৭জনকে অভিযুক্ত করে একটি অবগতি পত্র দিয়েছিল পুলিশ সুপারের কাছে। মামলার এজাহার ও অবগতিপত্রে স্বীকারোক্তি জবানবন্দি দেওয়া লিটনের নাম ছিলনা।
ত্বকীর বাবা রফিউর রাব্বির আবেদনে হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলাটি ওই বছরের ২০ জুন আনুষ্ঠানিকভাবে র্যাব এর কাছে হস্তান্তর করে সদর মডেল থানা পুলিশ।
এরআগে মামলাটি পুলিশ তদন্ত করছিল। ২০১৩ সালের ৭ আগষ্ট আজমেরী ওসমানের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র্যাব। দুপুর সোয়া ১২টা হতে দুপুর ২টা পর্যন্ত র্যাব-১১’র একটি টিম শহরেরর ৩৮/৪ আল্লামা ইকবাল রোডে অবস্থিত সরকারি তোলারাম কলেজের দক্ষিণ পাশে উইনার ফ্যাশন নামের টিনশেড অফিসে অভিযান চালায়।
উইনার ফ্যাশনের বিভিন্ন স্থানে দেখা গেছে বুলেটের অসংখ্য দাগ। অফিসের দেয়াল, সোফা, আলমিরাসহ আসবাবপত্রে বুলেটও গুলির দাগ পাওয়া গেছে। সেখান থেকে একটি আকাশী রঙের জিন্স প্যান্ট, বিপুল পরিমাণ দড়ি, একটি ভাঙা হকিস্টিক, দুটি লাঠি, ৪টি মোবাইল ফোন, বেশ কয়েকটি সিডি ক্যাসেট, একটি ডিভিআর (ডিজিটাল ভিডিও রেকর্ডার), ৩টি সিসি ক্যামেরা, কম্পিউটারের একটি সিপিইউ, একটি পিস্তলের বাট ও ইয়াবা সেবনের সরঞ্জমাদি উদ্ধার করে।
কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই মামলার চার্জশিট দাখিল হয়নি বিধায় এবং আসামিদের কয়েকজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও জামিন নিয়ে সবাই পালিয়ে যাওয়ায় প্রতিদিনের দীর্ঘশ্বাস আরো বড় হচ্ছে ত্বকীর বাবা-মার।
খুন করেও পার পাওয়া যায় ত্বকী হত্যা যেন গত ৭ বছর ধরে দেশের সেই বিচারহীনতার প্রতীক হয়ে উঠেছে। তবে আদরের বড় ছেলে হত্যার বিচার পাওয়ার আশায় এখনো বুক বেঁধে আছেন বাবা রফিউর রাব্বি ও মা রওনক রেহানা।


