যুগের চিন্তা রিপোর্ট : ফাঁকা ফুটপাত শহরবাসীকে উপহার দিতে গিয়ে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর উপর যে বিভীষিকা বয়ে গেছে তেমন উদাহরণ সারা উপমহাদেশে নেই। হকারদের হকার্স মার্কেট করে পুনর্বাসনের পরও ২০১৮ সালে মেয়র আইভীর উপর হামলার বিষয়টি কোন স্বাভাবিক ঘটনা ছিলনা।
এর পেছনে নানা কারণ দাঁড় করান বিশ্লেষকরা। হকার্স মার্কেটে বরাদ্দ পাওয়া ৬৭২ দোকানদারই কেন আবার হকার সেজে বঙ্গবন্ধু সড়কের ফুটপাত দখল করতে চায় এ নিয়ে বিস্তর ব্যাখ্যা আছে বিশ্লেষকদের কাছে।
প্রতিবছরই নেপথ্যে থেকে একটি চক্র বঙ্গবন্ধু সড়কের ফুটপাত দখলের জন্য হকারদের ইন্ধন দেয়। এই ইন্ধনের পেছনে বিশেষ কারণও আছে বলে মনে করেন তাঁরা। ২০১৯ সালে এসপি হারুনের বদন্যতায় হকারদের ইন্ধন দিয়েও তেমন সুবিধা করতে পারেনি সেই চক্রটি।
নতুন এসপি, নতুন ডিসি তাই ইন্ধন দিলে স্বার্থ হাসিল হতে পারে ভেবে আবারো নতুন করে চক্রটি হকারদের ইন্ধন দিয়ে শহরকে স্থিতিশীল করতে চায় বলে মনে করছেন নাগরিক সমাজ।
সোমবার হকার্স লীগের ব্যানারে বঙ্গবন্ধু সড়কের ফুটপাত দখলের জন্য মাঠে নেমেছে হকার্স মার্কেটে দোকান বরাদ্দ পাওয়া হকাররা। হকার্স মার্কেটের তিনটি দোকান বরাদ্দ পাওয়া মিশনপাড়ার আঃ মালেকের ছেলে রহিম মুন্সি এবারও হকার্স ইস্যুতে নেতৃত্ব দিচ্ছেন।
তিনি হকার্স লীগের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি। ২০১৮ সালে মেয়র আইভীর উপর হামলার ঘটনার একদিন আগে ট্রাকে তিনিই চাষাঢ়ায় অস্থায়ী সভার আয়োজন করেছিলেন। এরপরদিনই মেয়র আইভীর উপর হামলার ঘটনা ঘটে। এতে তিনিসহ অর্ধশত মানুষ আহত হন।
হকার্স লীগ মহানগরের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদও দোকান বরাদ্দ পেয়েছেন হকার্স মার্কেটে। তারা নিজেরাই নন, তাদের আত্মীয় স্বজনদেরও দোকান বরাদ্দ আছে হকার্স মার্কেটে। এমন হকারের সংখ্যাই বেশি।
তবে কেন তারা বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে আসতে চান এমন প্রশ্নে বিশ্লেষকদের সোজাসাপ্টা উত্তর হকারদের শহরকে অস্থিতিশীল করতে নেপথ্য থেকে উস্কানি দেয়া হয়।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড.মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘হকারদের উস্কে দেয়ার পেছনে বিশেষ মহল অবশ্যই নেপথ্যে থেকে কাজ করে। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে।
তিনি পুলিশ মেমোরিয়াল ডে’তে পুলিশ লাইনে বক্তব্য দেয়ার পরপরই পুলিশের দায়িত্ব পালনকে ম্লান করে দিয়ে, হকাররা লাঠি দিয়ে আগুন সন্ত্রাস ঠেকিয়েছে এই সার্টিফিকেট দিয়ে হকারদের আরো উশৃঙ্খল করে দিয়েছেন এই সংসদ সদস্য।
তাঁর ইন্ধনেই হকাররা এসব করছে নারায়ণগঞ্জে। মার্চ মাসেই ত্বকীকে হত্যা করা হয়েছে। এই মাসেই নারায়ণগঞ্জকে অশান্ত করার চেষ্টা হচ্ছে।
প্রশাসনকে এব্যাপারে দায়িত্বশীল হতে হবে জানিয়ে তিনি আরো বলেন, পুলিশ সুপারের স্পষ্ট বক্তব্য দেয়ার জন্য আমি অভিনন্দন জানাই। তিনি বলেছেন, হকারদের ফুটপাতে বসতে দেয়া হবেনা।
এব্যাপারে গোটা প্রশাসন দৃঢ়তার সাথে মোকাবেলা করবে বলে আমি বিশ্বাস করি। আমরা নারায়ণগঞ্জবাসী ফুটপাতে হাঁটতে চাই, হকারদের বসতে দিতে চাইনা।’
সূত্র জানিয়েছে, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৎকালীন নারায়ণগঞ্জ পৌরসভা ও সেনাবাহিনীর সহযোগিতায় হকাদের জন্য নবাব সলিমুল্লাহ সড়কের পাশে ৬৭২ জন হকারকে পুনর্বাসনের জন্য হকার্স মার্কেট তৈরি করে তাদের নামে ভিটি দোকান বরাদ্দ দেয়া হয়।
১৬৮০ টাকা নিয়ে মাসিক ৬০০ টাকা ভাড়া দৈর্ঘ্যে ৪ ফুট প্রস্থে ৩ ফুট মাপের ৭৪টি ভিটি দোকান এবং দৈর্ঘ্যে ৩ ফুট প্রস্থে ৪ ফুট মাপের ৫৯৮টি ভিটি দোকান বরাদ্দ দেয়া হয়। হকার ইস্যু নিয়ে বারবার শহর উত্তপ্ত হওয়ার দরুণ গত বছর সরেজমিন হকার্স মার্কেট পরিদর্শন করে সত্যিকারের হকার খুঁজে পাননি পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।
বেরিয়ে আসে নানা তথ্য, হকার্স মার্কেটে হকার নেই। ৬৭২টি দোকানেই বিক্রি করে দিয়েছেন বরাদ্দ নেয়া হকার নেতারা। আশ্চর্যজনক হলেও সত্য। সিটি করপোরেশন থেকে বরাদ্দ নেয়া এই বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে।
দোকান বিক্রি করে দেওয়া হকার নেতারা চাইছেন আবারো মার্কেট বানিয়ে তাদের নামে দোকান বরাদ্দ দেয়া হোক। সিটি করপোরেশন বলছে, দোকান কারা বিক্রি করে দিয়েছে সেই হকারদের তালিকা তৈরি করা হচ্ছে।
নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘স্বাধীনতার পর থেকে হকারদের দুইখানে পৌরসভার পক্ষ থেকে পুনর্বাসন করা হয়েছে। থানা পুকুরপাড়ে হকাদের পুনর্বাসন করা হয়েছে প্রয়াত জননেতা আলী আহাম্মদ চুনকা পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন। আর ২০০৮ সালে মিশনপাড়ায় হকারদের পুনর্বাসন করেন মেয়র আইভী।
খেয়াল করলে দেখা যাবে, পুনর্বাসিত হকারদের অধিকাংশই নারায়ণগঞ্জের বাইরের লোক। হকারদের জন্য দুইটা মার্কেট তো আছেই। পুনর্বাসনের দোকানগুলো হকাদের হস্তান্তর করার পর বরাদ্দ পাওয়া দোকানগুলো তাঁরা বিক্রি করে দিয়েছে। একই কাজ তারা নিজেরাই দুইবার করেছে।
হকার পুনর্বাসন করা নিয়ে চুনকা চেয়ারম্যান থাকাকালীন আদালতে হকারদের পক্ষে একটি মামলা হয়েছে। সেই মামলার রায় হকারদের কাছেও থাকার কথা। সেই রায় অনুযায়ীই হকারদের পুনর্বাসনের জন্য ওই জায়গাগুলো দিয়েছে।
আমি তখন হকার পুনর্বাসনের জন্য কাজ করেছি। কিন্তু নারায়ণগঞ্জের বাইরের লোকগুলো হকার ম্যুভমেন্ট করতে এসে জায়গাগুলো পাওয়ার পর চড়া দামে বিক্রি করে দিয়েছে। হকার পরিচয়ে একটা মার্কেট চাইলেই পাওয়া যায় এই এটিচ্যুড যদি বারবার আসে, তবে কতদিন একটি সংস্থার পক্ষে পুনর্বাসন করা সম্ভব। বর্তমান হকার সভাপতিরও নারায়ণগঞ্জে ৬ তলা একটা বাড়ি আছে।’
তিনি আরো বলেন, ‘হকারদের মাঠে নামানোর পেছনে একটি মহল কাজ করে। তাদের বারবার উস্কে দেয়া হয়। যতক্ষণ পর্যন্ত হকারদের আগের এটিচ্যুড চেঞ্জ না হবে তাদের সন্তুষ্ট করা সম্ভব হবেনা। পুনর্বাসন করা দুই মার্কেটে গেলে দেখা যাবে হকার খুঁজে পাওয়া যাবেনা।
আমার পরামর্শ থাকবে, সিটি করপোরেশন হকারদের তালিকা তৈরি করে যারা সত্যিকারের হকার, তাদের পুনর্বাসন করুক। তবে এরজন্য নারায়ণগঞ্জের যারা হকার এবং ভোটার তাদেরই ছবিযুক্ত ভোটার আইডি কার্ডের মাধ্যমে হকার্স মার্কেটে দোকান বরাদ্দ দেয়া যেতে পারে।
পরিচয়পত্রবিহীন কোন হকারকে পুনর্বাসন করা ঠিক হবেনা। নইলে তারা বারবার সিটি করপোরেশনের কাছে জায়গা চাইবে, পেলে তা বিক্রি করে আবারো চাইবে। এটা বন্ধ হওয়া দরকার।’
প্রসঙ্গত, গত বছরের ২৪ জুলাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি প্রদান করে করেছেন মিশনপাড়া এলাকার সিটি কর্পোরেশন হকার্স মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ডালিম হোসেন ডালুসহ কমিটির সদস্যরা।
তারা বলেন, সিটি করপোরেশনের ৬৭২টি দোকানের মধ্যে ফুটপাতের হকার নেতা রহিম মুন্সী ও আসাদসহ ২০০ শত দোকানের মালিক হকাররা তাদের দোকান উচ্চমূল্যে বিক্রি করে ফের ফুটপাতে ফিরে গেছে।
১ মার্চ পুলিশ মেমোরিয়াল ডে’তে পুলিশ লাইনসে শামীম ওসমান দাবি করে বলেন, ‘২০১৩-১৪ জামাত-বিএনপির আগুন সন্ত্রাস ঠেকিয়েছিল হকাররা। শামীম ওসমান বলেন, আমি প্ল্যান করে যেটা করেছিলাম চাষাঢ়া থেকে ডিআইটি মার্কেট পর্যন্ত যেসব হকার ছিলো তাদের আমরা পলেটিকাল মোটিভেশন করেছিলাম। তারা লাঠি নিয়ে পাহারা দিতো।
আর যেই মুহূর্তে পুলিশের উপর আক্রমণ হয়েছিলো তখনই হাজার হাজার হকার লাঠি নিয়ে তাদের ঘিরে ফেলেছিলো। এরজন্য একদিনের জন্যে নারায়ণগঞ্জে তারা কোন ঘটনা ঘটাতে পারে নাই। একই অনুষ্ঠানে শামীম ওসমান দাবি করে বলেন, ২০০১’র শামীম।
নারায়ণগঞ্জ পুলিশের টোটাল ফোর্সের কাছে যা অস্ত্র ছিলো, তার চেয়ে বেশি আমার কাছেই ছিলো। মিথ্যা কথা বলে লাভ নেই! কিন্তু আজকে আমার গাড়িতেও অস্ত্র আছে কিনা আমি জানি না।’


