স্টাফ রিপোর্টার : বাড়ি ফেরা হলোনা ফতুল্লার কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন আলম ও তার অপর ৪ সহযাত্রীর। রবিবার কুয়াকাটা থেকে নারায়ণগঞ্জে ফেরার পথে তাদের বহনকারী প্রাইভেটকারটি, স্পিড ব্রেকার পাড় হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন তারা।
ঘটনাস্থলেই ৩জন ও হাসপাতালে নেয়ার পথে আরো দুই জনের মৃত্যু হয়। শাহীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল,সাধারণ সম্পাদক এম শওকত আলীসহ যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছা সেবক লীগসহ অঙ্গদল নেতৃবৃন্দ।
নিহত শাহীনের ভাই কবির জানান, তার ভাই শাহীন,ফরিদ শেখ ও তাদের ব্যবসায়ীক অংশীদার মাসুদ শেখ,খোকন ও মান্নান কুয়াকাটা বেড়াতে গিয়েছিলেন গত বৃহস্পতিবার। কুয়াকাটা থেকে নারায়ণগঞ্জ ফেরার পথে রবিবার বেলা ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তিনিসহ স্বজনরা মরদেহ উদ্ধারের জন্য ফরিদপুরের ভাঙ্গা থানার পথে রয়েছেন বলেও জানান তিনি।
কাশিপুর ইউনিয়নের বেশ কয়েকজন বাসিন্দা বলেন, বিকেলে শাহিনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এসময় অনেকে বাকরুদ্ধ হয়ে পড়েন। শাহিনের একসময়ের রাজনৈতিক গুরু শফিউল্লাহ শফি এবং ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদলও শোক প্রকাশ করেছেন। নিহত শাহিন কাশিপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকার মুকসুদপুর উপজেলার দিগনগরে স্পিডব্রেকার পার হওয়ার সময়,নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়।
ঘটনাস্থলেই প্রাইভেট কারের ৩ যাত্রী দগ্ধ হয়ে মারা যান। দগ্ধ আরও ২ জনকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানো হলে সেখানেও চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনেরও মৃত্যু হয়।


