সুশীল পাঠক : ফুটপাতে হকারদের দোকানগুলোর পাখা নেই, কিন্তু চাকা আছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় শহরের বঙ্গবন্ধু সড়কে এ দোকানগুলোকে চাকার উপর ভর করে পাখা মেলে পালিয়ে যেতে দেখা গেছে। একেবারে উকিলপাড়া থেকে চাষাঢ়া পর্যন্ত সে-কি পড়িমরি ছুটাছুটি। রিকশাচালকের প্রতি করুণ মিনতি,‘মামা একটু সাইড দে, আইয়া পড়লো’। যার আগমনকে কেন্দ্র করে হকারদের এ চাঞ্চল্য ও চার চাকাযুক্ত শকট নিয়ে হঠাৎ পলায়ন, তার নাম পুলিশ।
শনিবর সন্ধ্যায় ‘যুগের চিন্তা’ অফিসে আসার পথে দেখা যায়, পুলিশের আগমন টেলিগ্রামের মতোই মুহূর্তে ছড়িয়ে পড়ে। বনে ফেঁউ যেমন বাঘের আগমন ঘোষণা করে, এ ক্ষেত্রে রিকশাচালকের ভূমিকা ফেঁউ সদৃশ্য। ‘পুলিশ আইলো’ কথাটি সাইরেনের মতো বাজাতে বাজাতে চলে রিকশা চালকেরা। এ খবর পাওয়া মাত্র হকার প্রথমে বাতি নেভায় এবং তড়িঘড়ি দোকানের মাল গুছাতে থাকে।
দীর্ঘদিনের প্রশিক্ষণে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে এ কাজটি সম্পন্ন করে সে পাশর্^বর্তী গলিমুখ বা রাস্তার দিকে ছুটতে থাকে। এর মধ্যে দু’চারজন ধরাও পড়ে। তবে, কাকুতি মিনতি ও অনুনয় বিনয়ের পর তারাও এক সময় নিষ্কৃতি পায়। পুলিশের নামের গুণে মাত্র পাঁচ মিনিটে যে উকিলপাড়া থেকে চাষাঢ়া পর্যন্ত ফুটপাত ফাঁকা হয়ে যায়, গতকাল তা চাক্ষুষ করেছি।


