যুগের চিন্তা রিপোর্ট : ঘটা করে প্রায় দেড়যুগ বন্ধ থাকার পর চালু হয়েছিলো ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি ডাবল ডেকার (দ্বিতল) বাস সার্ভিস। গত বছরের ২৪ অক্টোবর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম এই বাস সার্ভিসটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই এই সার্ভিসটি জনসাধারণের কাছ থেকে ব্যাপক সাড়া পায়। তবে নানামুখী জটিলতায় বন্ধ হয়ে যেতে পারে বিআরটিসি ডাবল ডেকার সার্ভিস এমন আশঙ্কা করছেন সার্ভিসের স্টাফরা।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর থানার ওসি আসাদুজ্জামান ১নং রেলগেট এলাকার কাউন্টারটি সরিয়ে নেবার জন্য মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন। ডাবল ডেকার এই সার্ভিস শুরুর আগে যখন বিভিন্ন সমস্যার তৈরি হয়েছিলো তখন পুলিশের হস্তক্ষেপেই এই বাসসার্ভিসটি চালু করা সম্ভব হয়েছিল।
বিআরটিসি ডাবল ডেকার সার্ভিসের ১নং রেলগেট এলাকার কাউন্টারের ইনচার্জ আব্দুর রউফ সরকার জানান, শনিবার হঠাৎ সদর থানার ওসি এসে কাউন্টার সরিয়ে দিতে বলেন। আমরা জানতে চাই, সরিয়ে কোথায় নেবো, তখন তিনি বলেন আমি তা বলতে পারবোনা। এই বাস সার্ভিসটি চালুর সময় পুলিশই আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছিলো। হঠাৎ কি হলো সেটি বুঝতে পারছিনা। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।
বিআরটিসি ডাবল ডেকার সার্ভিসের একটি সূত্র জানিয়েছে, এই ডাবল ডেকার সার্ভিসটি জনপ্রিয়তা পাওয়ার পর থেকে বেসরকারি পরিরবহন মালিক, শ্রমিক ও চাঁদাবাজ রাজনৈতিক নেতা, পুলিশ প্রশাসনের একটি অংশ, বিআরটিসি কর্র্তৃপক্ষের একটি অংশ সম্মিলিতভাবে কাজ করা শুরু করেছে যাতে সার্ভিসটি বন্ধ হয়ে যায়। অথচ এখন পর্যন্ত লস দিয়েই চলছে এই সার্ভিসটি।
সূত্র জানায়, নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে প্রায় প্রতিটি ট্রিপে গড়ে ৭০ জন যাত্রী নিয়ে যায়। ফিরতি পথে ফেরে গড়ে ১৫ জন যাত্রী নিয়ে। প্রতি ট্রিপের হিসাবে আয় ২৫৫০ টাকা। অথিচ বিআরটিসি কর্তৃপক্ষকে ট্রিপ প্রতি ২৬০০ টাকা রাজস্ব দিতে হয়। এছাড়া ড্রাইভার খরচ ২০০, টিকেট খরচ ২১ টাকা, কাউন্টার ভাড়া এবং স্টাফ খরচ বাবদ ২০০ টাকা দিতে হয়। সব মিলিয়ে মোট খরচ হয় ৩০২১ টাকা। প্রতিদিন ৬০টা ট্রিপ হয়। আর মাসে এই সার্ভিসে ২৮ হাজার ২৬০ টাকা লস হয়। কিন্তু এই লসের খবরটি এতদিন শুধু বিআরটিসির চেয়ারম্যান, ডিজিএম এবং ডিপো ম্যানেজার জানতেন।
হঠাৎ প্রতিপক্ষ একটি পরিবহন ব্যবসার চক্র বাসভাড়া বাড়িয়ে ৪০ টাকা করতে চায়। ডাবল ডেকার এই কাজে তাদের চ্যালেঞ্জ। কেননা বিআরটিসির টিকেট ভাড়া ৩০ টাকা। বর্তমানে অন্যান্য গাড়ির তুলনায় ৬ টাকা কমের ভাড়ায় যাত্রীসেবা দেয় এই সার্ভিস, সেবাও দারুণ। আর তাই চাঁদাবাজদের রামরাজত্ব তৈরিতে মারাত্মক বাধা ডাবল ডেকার।
আর তাই যখন মেট্রোহল থেকে ডাবল ডেকারের আরেকটি সার্ভিস চালু করার প্রস্তাব হলো। যেখানে ট্রিপ প্রতি ২২০০ টাকাক রাজস্ব দিতে হয়। সেখানে ১০০ ট্রিপ চালু করতে পারলেই লাভের অঙ্কটা ভারী হতো এবং বিআরটিসি কর্তৃপক্ষও আরো ১ লাখ টাকার রাজস্ব বেশি পেতো। কিন্তু সেটা করা যায়নি। এখন উল্টো ডাবল ডেকার বন্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে। এগুলো মোকাবেল করা সম্ভব না হলে খুব দ্রুতই বন্ধ হয়ে যেতে পারে ডাবল ডেকার সার্ভিসটি।
কাউন্টার সরিয়ে নেয়ার ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘বিআরটিসি ডাবল ডেকাররের ১নং রেলগেটের কাউন্টারের জন্য সেখানে যানজট তৈরি হয়। রাস্তার উপর টিকেট কাউন্টার খোলার কোন সুযোগ নাই। এটা বেআইনী কাজ। তারা কোথায় গাড়ি দাঁড় করাবে এটা তারা জানে, আমরা বলতে পারবোনা। আমি তাদের বলেছি কাউন্টার সেখান থেকে সরিয়ে নিতে।’
একই বিষয়ে জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (ট্রাফিক) সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমি এটি সম্পর্কে কিছু বলতে পারছিনা। এটি আমার নলেজে নেই।’
বিআরটিসি নারায়ণগঞ্জের ডিপো ম্যানেজার আব্দুল কাদের জিলানী বলেন, ‘কাউন্টার সরিয়ে নেয়ার ব্যাপারে আমাকে কোন কিছুই জানানো হয়নি। কাউন্টার সরিয়ে নিতে হলে তো আমাদের সাথে কথা বলার কথা, এডিশনাল এসপি সাহেব এই সার্ভিসটির উদ্বোধন করেছেন। সরকারি গাড়ি, সরকারি কাউন্টার না থাকার তো কোন কারণ নেই, অবশ্যই থাকবে। আমি বিষয়টি খতিয়ে দেখছি।’


