বারৈভোগ-বাংলাবাজার শাখা খালটি ‘দখল মুক্ত’ করার দাবি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫০ পিএম
যুগের চিন্তা রিপোর্ট : দখলদারদের হাত থেকে বারৈভোগ-বাংলাবাজার শাখা খালটি উদ্ধারের দাবি জানিয়েছে এলাকাবাসী। খালটি সম্পর্কে কাশীপুর ইউনিয়ন পরিষদের সচিবের কাছে তথ্য চেয়েও মিলেনি। তবে খালটির দুরাবস্থার কথা তিনি স্বীকার করে বলেছেন, বাংলাবাজার খালের খারাপ অবস্থা, সেখানে শাখা খালের অস্তিত্ব হুমকিতে পড়বেই। বিভিন্ন কারণেও খালটি ভরাট হয়ে গিয়েছে।
এদিকে, পশ্চিম দেওভোগ মাদ্রাসার শেষমাথা, মিয়াপাড়া, পূর্বনগর ও পশ্চিম নগরের বাসিন্দাদের অনেকে জানান, মাত্র ১০/১২ জন দখলদারের কারণে খালটি বিলুপ্তির পথে। যে যার বাড়ি বরাবর খালের পাড় দখল করে ভরাট করে ভবন নির্মাণ করে নিয়েছে। সবেচেয়ে বেশি দখল হয়েছে পশ্চিম দেওভোগ মাদ্রাসার শেষমাথার পাকাপুল থেকে বাংলাবাজারের দিকে ঠাকুরবাড়ি ছাড়িয়ে কিছুদূর পর্যন্ত। কারা দখলদার মহল্লার সবাই জানেন। নিজেদের স্বার্থে কেউ কারো নাম বলেনা। মাদ্রাসার শেষমাথার পাকাপুলের উত্তর পার্শ্বে খাল বলে কিছু নেই।
সরেজমিনে দেখাগেছে, পাকাপুলের উত্তর পার্শ্বে একটা বড় ড্রেন। আসলে এটাই এক সময় খাল ছিল। ভরা বর্ষায় এই পুলের নীচ দিয়ে মিয়াপাড়ার ভেতর দিয়ে মাটির নৌকা বারৈভোগ কিম্বা কালিয়ানির বিলে যেতে পারতো। বর্ষা এলেই দিনভর মাটির নৌকা চলাচল করতো। বর্তমানে নর্দমার ড্রেন হয়ে গেছে এই খালটি। দখলদাররা খাল দখল করে নর্দমার বর্জ্য ফেলছে। উত্তর পাশে নর্দমার দুর্গন্ধযুক্ত ময়লা পানিতে ভাসছে হাজারো পলিথিন। পৈতৃক সম্পত্তির মত খাল দখলের এমন চিত্র আর অত্র এলাকার কোথাও চোখে পড়বেনা। খাল দখলের অনেক চমকপ্রদ কাহিনী বেরিয়ে আসছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে এই খালে মাটির নৌকা চলাচল করতো। আসলে নৌকা বললে ভুল হবে। চলতো ইঞ্জিন চালিত ট্রলার। মাটি বলতে সে সময় (আশির দশকে) কৃষি জমির মাটি বিক্রি হত। এই মাটিকে বলা হত ভরাট মাটি। ট্রলারযোগে বারৈভোগ বা কালিয়ানীর বিল থেকে মাটি সংগ্রহ করে সর্দাররা বিক্রি করতেন অন্যত্র। বিশেষ করে শহরের উপকন্ঠের এলাকাগুলোতে। আশির দশকে মানুষ নাল জমি বা ভিটে ভরাট করে উঁচু করতো বর্ষাকালে। তখন বালু দিয়ে জমি ভরাট করার কথা কেউ চিন্তাও করতোনা। সবাই বর্ষার অপেক্ষায় থাকতো। বর্ষা এলে খালে মাটির নৌকার চলাচল শুরু হত। এই মাটির সর্দাররা বারৈভোগ, ভোলাইল ও কালিয়ানীর বিল থেকে মাটি তুলে বিক্রি করতো বিভিন্ন জায়গায়।
সে সময় মাদ্রাসার শেষমাথার পাকাপুলটি ছিল পরিত্যক্ত। মাদ্রাসা থেকে ভোলাইল পর্যন্ত এই সড়কটি (আলী আহাম্মদ চুনকা সড়ক) ছিল নতুন। কিন্তু খালটি ছিল বেশ প্রবাহমান। জোয়ার-ভাঁটা বোঝা যেত। বর্তমানে দখলদারদের কারণে এলাকায় অভিশাপ নেমে এসেছে। খালটি নালা থেকে দিনে দিনে চিকন হচ্ছে। বর্ষাকালে মাঝে মধ্যে মহল্লার ভেতরে জলাবদ্ধতা সৃষ্টি হলে সবাই খালের কথা মনে করে। তখন পলিথিনের স্তুপ পরিস্কার করার উদ্যোগ চোখে পড়ে। অথচ বর্ষা গেলেই সবাই ময়লা-আবর্জনার পোটলা খালে ছুঁড়ে মারে।
অনুসন্ধান করে জানাগেছে, পুলের দক্ষিণ পাশে খালটি পলিথিনের নালায় পরিণত হয়েছে। এই পাশটি শেষ শাখাা থেকে ঠাকুরবাড়ি, গাঙ্গুলিবাড়ি, সরদার বাড়ি, প্রধানবাড়ি হয়ে হাজী উজির আলী স্কুলের পেছন দিয়ে এঁেকঁেবকে বাংলাবাজার খালের সাথে গিয়ে মিশেছে। কাশীপুর ও পশ্চিম দেওভোগ এলাকার ৬টি গ্রামের একমাত্র প্রাকৃতিক পানির উৎস ছিল এই খালটি। খালটি বোটখালের শাখা খাল হিসেবেই পরিচিত।
দেওভোগ বাংলাবাজার, দেওভোগ নাগবাড়ি, ভোলাইল, পশ্চিম দেওভোগ মিয়া পাড়া, পশ্চিম দেওভোগ (পশ্চিম নগর) ও পশ্চিম দেওভোগ (পূর্ব নগর) এর একমাত্র এই খালটি নব্বই দশকের মাঝামাঝি সময় থেকে অস্তিত্ব সংকটে পড়তে শুরু করে ড্রেজার এর কারণে। নব্বইয়ের মাঝামাঝি সময়ে ড্রেজার দিয়ে মাটি ভরাট শুরু হলে খালটি গুরুত্ব হারায় ড্রেজার সন্ত্রাসী ও ভূমিদস্যুচক্রের কারণে। যে যার মত খালের পাড় দখল করতে শুরু করে। কাশীপুর ইউনিয়নের ৬টি গ্রাম থেকেই কৃষিকাজের বিলুপ্তি ঘটে।


