Logo
Logo
×

বিশেষ সংবাদ

‘ডাক বাছাই কেন্দ্র’

এখনো কাজ চলে হারিকেনের আলোয়!

Icon

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৮ এএম

এখনো কাজ চলে হারিকেনের আলোয়!
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : ‘চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও।’এখন আর কেউ চিঠি লিখতে বলে না। লম্বা লাঠির মাথায় হারিকেন আর ঘণ্টা বেঁধে সুকান্তের রানারও আর ছুটে চলে না।

 

এখন ডিজিটাল যুগ। তবুও বিভিন্ন পরীক্ষার খাতাপত্র, সরকারি চিঠি থেকে শুরু করে পণ্য পার্সেল এর কাজ চলে ডাক বিভাগে। সরকারের সবগুলো দপ্তরই ডিজিটালাইজেশন করে ডিজিটাল সেবা মানুষের দ্বোরগোঁড়ায় পৌঁছে দেয়ার চেষ্টা করা হচ্ছে। 

 

তবে ব্যতিক্রম নারায়ণগঞ্জে ডাক বিভাগের ‘ডাক বাছাই কেন্দ্র’। ব্রিটিশ শাসনামলে তৈরি হওয়া ভবনটিতে এখনো প্রতিদিনই চিঠি বাছাই করে চলেছেন মেইল অপারেটররা। শহরের কালীবাজারে ‘ডাক বাছাই কেন্দ্র’ এর পুরনো ভবনটিতে দিনে দুপুরেও মশার কামড়ে অতিষ্ট হয়ে দিবারাত্রি কাজ করেন তাঁরা। 

 

বিকাল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত দৈনিক এই অফিসে দেশ ও বিদেশের নানা জায়গা থেকে আসা ডাক বাঁছাই করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়ার কাজ করা হয়। রাত সাড়ে ১১টায় কাজ শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে তা শেষ হয় রাত দেড়টা-দুটোর দিকে। 


রাতের বেলা বিদ্যুৎ চলে গেলে মেইল অপারেটররা কাজ করেন হারিকেনের আলোয়। অল্প লোকবল, মশার কামড় আর হারিকেনের আলো হাতড়ে চিঠি বাঁছাই করতে হয় বলে জানান সরকারি এই অফিসের কর্মকর্তারা।  

 

নারায়ণগঞ্জ ‘ডাক বাছাই কেন্দ্র’র মেইল অপারেটর আলমগীর শেখ জানান, ডাক বাঁছাইয়ে আমরা প্রায় ৫ জন কাজ করি। নারায়ণগঞ্জের ৪টি উপজেলা ও মুন্সিগঞ্জ থেকে ২০ জন রানারের মাধ্যমে ডাক আসে এখানে। বিভিন্ন পরীক্ষার খাতাপত্র, চিঠি থেকে শুরু করে পণ্য পার্সেল সব আসে। সেগুলো বাছাই করে জেলা অনুপাতে তাকে সাজাতে হয়। 


তারপর সেগুলোকে নামিয়ে বস্তায় ভরে সিল করে মেইল ট্রেনে, রানারের মাধ্যমে ঠিকানা মোতাবেক পাঠানো হয়।সাধারণ চিঠি কমে গেলেও ডাক বিভাগে রেজিষ্ট্রি চিঠি, পার্সেল ও দাফতরিক চিঠির পরিমাণ বাড়ছে। এসব এখান  থেকে বাছাই করে দেশ বিদেশের সর্বত্র পাঠানো হয়। তবে রাতে বিদ্যুৎ চলে গেলে বিপত্তি বাধে। 


গুরুত্বপূর্ণ নানা ডাক সামলানো নিয়েও ভয় কাজ করে। গত ১০ বছর আগে এখানকার জেনারেটরটি বিকল হয়ে পড়ে আছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কোন লাভ হয়নি, আগের মতোই হারিকেনের আলোয় কাজ করতে হয়। 


‘ডাক বাছাই কেন্দ্র’র হেড মেইল অপারেটর বলেন, আমাদের অফিসটিতে ঢুকলে যে কেউ প্রথমে ভেবে বসতে পারেন তিনি হয়তো কোন যাদুঘরে এসেছেন। এর মধ্যেই কাজ করে চাকুরী জীবনের একেবারে শেষ পর্যায়ে। এক সময় যেভাবে প্রেমপত্র লেখা হতো, এখন আর সেভাবে হয়না, মোবাইল ইন্টারেটের কল্যাণে ওসব চিঠির পরিমাণ এখন কম। 


এক সময় বিদেশ থেকে প্রেমপত্র আসতো বস্তায় বস্তায়। সব লেনদেন, চিঠি আদানপ্রদান হতো আগে ডাকে। তবে এখনো কম গুরুত্বপূর্ণ নয় ডাক বিভাগ। নারায়ণগঞ্জের হাজার হাজার হোসিয়ারি, গার্মেন্টস, ডাইং শ্রমিকরা এখনো ডাকবিভাগের দ্বারস্ত হন। 

 

সাধারণ চিঠির পরিমাণ এখন প্রায় ২/৩ হাজার। তবে রেজিষ্ট্রি চিঠির পরিমাণ বেশি, প্রায় গড়ে প্রতিদিন ৩/৪ হাজারের মতো। পার্সেলও প্রতিদিন পাঠাতে হয় প্রায় ১০০ থেকে ২০০ ব্যাগ। তবে কাজ অনুপাতে লোকবলের সংকটটা এখানে প্রবল। বিভিন্ন পরীক্ষার খাতার পার্সেলও আমাদের ‘ফরওয়ার্ড ব্যাগ’ করতে হয়। রাত ১১টায় নারায়ণগঞ্জ থেকে শেষ ট্রেন ঢাকায় ছুটে যায়। 


এরমধ্যেই সব কিছু বাছাই করতে হয়। রানার আসে বিকাল চারটায়। রাতে জেলার চিঠি, পার্সেলগুলো বাছাই করতে হয়, বিদ্যুৎ না থাকলে সেটি করতে হয় হারিকেন জ্বেলে। তখন কষ্টের কোন সীমা থাকেনা। নষ্ট জেনেরেটরের কথা জানিয়েও কোন সুরাহা হয়নি, মশার যন্ত্রণাতেও অতিষ্ঠ। 

 

মেইল ক্যারিয়ার আবুল হোসেন বলেন, ছুটির দিনে কাজ করলেও পারিশ্রমিকের কোন সুরাহা হয়নি। স্বাধীনতার পরে যেমন বন্ধের দিনে অফিস করলে ৩০ টাকা পাওয়া যেত, এখনো তাই। এটা বাড়ানো দরকার। 

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, বেশ কয়েকবছর এই জরাজীর্ণ ভবনটি দখলেও মরিয়া হয়ে উঠেছে একটি চক্র। তারা চায়, এই ডাক বাছাই কেন্দ্রটি সরিয়ে বহুতল ভবন করে মার্কেট করতে। এটি নিয়ে লড়াই করতে হচ্ছে প্রতিনিয়ত। সরকারের এই গুরুত্বপূর্ণ অফিসটি রক্ষার্থে সবার সজাগ থাকা উচিৎ। 

 

ডাক বাছাই কেন্দ্রে কাজ করা ব্যক্তিদের দাবি, গুরুত্বপূর্ণ এই সরকারি অফিসে লোকবল বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ চলে গেলে যাতে আলোর ব্যবস্থা করা হয়। পাশাপাশি মূল্যবান ডাকের নিরাপত্তা নিশ্চিত করতে যাতে বাড়ানো হয় নিরাপত্তা প্রহরীর সংখ্যাও। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন