ফরিদ আহম্মেদ বাধন (যুগের চিন্তা ২৪) : সেই কাক ডাকা ভোরে ওদের ঘুম ভাঙ্গে ইটভাটার মেশিন চালানোর শব্দে। বাবা-মা কাজের জন্য ভাটাতে চলে যাওয়ার পর ওদের খেলাধূলা আর দিন কাটে ইটভাটার ধূলাবালিতে।
ওদের দিন কাটে কখনো অনাহার আবার কখনো অর্ধাহারে। বছরের ৬ মাস ইটভাটাতে,বাকি ৬ মাস গ্রামের বাড়িতে ওরা অবস্থান করে। ফলে স্কুলে ভর্তি হয়ে শিক্ষা অর্জন করা হয়ে উঠে না। এমন চিত্র নারায়ণগঞ্জসহ সারা দেশের ইটভাটাগুলোতে অবস্থান করা কয়েক লাখ শিশুর।
পিতা মাতার প্রবল আগ্রহ থাকার পরও শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। ভাটাগুলোতে কাজ করা শ্রমিকদের সন্তানরা এভাবেই অক্ষর জ্ঞানহীন থেকে যাচ্ছে। যে বয়সে কাঁধে স্কুল ব্যাগ থাকার কথা, ঠিক সেই বয়সে কচি হাতে নিজের মাথায় উঠিয়ে নেয় কাঁচা ইট। আর এই চিত্রগুলো বাংলার প্রতিটি ইটভাটায়।
পরিসংখ্যান বলছে,২০১৩ সালে সারা দেশে ৪ হাজার ৯৫৯টি ইটভাটা ছিল। ২০১৮ সালে তা বেড়ে দাড়িয়েছে ৭ হাজার ৯০২টি। এরমধ্যে নারায়ণগঞ্জসহ আশপাশের জেলা গুলোতে ১ হাজার ৩০২টি ইটভাটা ছিল। সম্প্রতি অল্প কিছু ইটভাটা পরিবেশ দূষণের দায়ে বন্ধ হলেও এখনো বীর দর্পে চলছে ৫ শতাধিক ভাটা। ভাটায় কাঁচা ইট উৎপাদনের জন্য প্রতিটি পাক মেইলে (মাটি গুলানোর মেশিন) মোট ১৬জন পুরুষ ও মহিলা কাজ করে।
ভাটাতে সাড়ে ৩, আবার কখনো ৪টি মেইল(মাটি গোলানোর কাজে ব্যবহৃত মেশিন) থাকে। একেকটি মেইলে কাঁচা ইট রোদে শুকানো পর্যন্ত মোট ১৬ জন ব্যক্তির প্রয়োজন হয়। এরপরে কাচাঁ ইটকে ক্লিনে (পোড়ানোর স্থান) নেয়ার জন্য কয়েকটি ধাপে শতাধিক ব্যক্তির প্রয়োজন হয়।
নারায়ণগঞ্জ ও এর আশপাশের জেলাগুলোতে গড়ে প্রতিটি ভাটায় ৭০জন শ্রমিক কাজ করে থাকে। বন্ধ হওয়ার পর ৮’শ ইটভাটায় কাজ করছে ৫৬ হাজার শ্রমিক। এর মধ্যে অতিরিক্ত ২০ হাজার শিশু ইটভাটাতে কোন না কোন কাজে জড়িত রয়েছে বলে জানা গেছে।
যে বয়সে শিশুদের স্কুলে যাওয়ার কথা, ঠিক সেই বয়সে তারা তাদের কচি হাতে মাথায় কাঁচা ইট তুলে নেয়। বাবা-মায়ের সাথে সাথে শিশুরাও কাজ করে জীবন জীবিকার তাগিদে। ভাটাগুলোতে ৫/৮ বছর বয়সী শিশুরা কাঁচা ইট উল্টানো, এরপর শুকনো ইটকে মাথায় করে পোড়ানোর স্থানে (চুল্লিতে) নিয়ে যাওয়ার কাজও তারা করে থাকে।
শিশুরা সারা দিনে একেকজন ৫০/৬০ টাকা আয় করে। অপরদিকে ২/৩ বছর বয়সী শিশুরা ঝুঁকি নিয়ে কয়লা ভাঙ্গানোর মেশিন, চুল্লির সামনেও অবস্থান করে। ধুলো মাটিতে মিশে একাকার হয়ে উঠে ওদের শৈশব। ইটভাটাই যেনো ওদের খেলার মাঠ। এভাবেই দেখতে দেখতে তারা বড় হয়ে ভাটার শ্রমিক হয়ে উঠে। শিক্ষার আলো থেকে তারা বঞ্চিত থেকে যায় আমৃত্যু। কালের গর্ভে হারিয়ে যায় ওদের ইতিহাস।
এ ব্যাপারে বক্তাবলী এলাকার একটি ইটভাটার কন্ট্রাক্টার হালিম বলেন, ‘গরীব অইয়া জন্মাইছি। খাইয়া বাঁচতে অইবো এইটাই আমরা ছুডু বেলা অইতে জানছি। শিক্ষা দিয়া আমরার কি অইবো। লেহা পড়া কইরা আমাগোতো আর চাকরী বাকরি অইবো না’।
তিনি আরো বলেন, ইটভাটায় যে শ্রমিকরা কাজ করে তারা বছরের ৬ মাস ভাটায় থাকে। বাকি ৬ মাস যার যার গ্রামের বাড়িতে অবস্থান করে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। যখন তারা ভাটা থেকে গ্রামের বাড়িতে অবস্থান করে তখন স্কুলে সন্তানদের ভর্তি করাতে পারে না।
কারন সেই সময় স্কুলে নতুন কাউকে ভর্তি করা যায়ও না। তবে এর মধ্যে অনেকে আছেন,স্বামী-স্ত্রী ভাটাতে কাজে আসলেও তাদের সন্তানকে নিকট আত্মীয়ের কাছে গ্রামের বাড়িতে রেখে আসেন। যাতে সন্তানের স্কুলের লেখা পড়ার ব্যাঘাত না ঘটে।
শিশু শ্রমিক রুমকী জানায়,বাবা মায়ের সাথে সে এ বছর ইটভাটায় চলে আসছে। তারা যেহেতু কাজ করে তাই সেও ভাটার বস্তি ঘরে বসে থাকে না। মাথায় ইট নিয়ে যা আয় হবে তা দিয়ে গ্রামে গিয়ে জমি আর গবাদী পশু কিনবে বাবা-মা। এই স্বপ্ন নিয়েই সে বাবা মায়ের সাথে ভাটার কাজে কাজ করছে বলে এই প্রতিবেদককে জানায়।


