Logo
Logo
×

বিশেষ সংবাদ

বদলে গেছে নারায়ণগঞ্জের ‘খাবার সংস্কৃতি’  

Icon

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০১:০০ পিএম

বদলে গেছে নারায়ণগঞ্জের ‘খাবার সংস্কৃতি’  
Swapno

নুসরাত জাহান সুপ্তি (যুগের চিন্তা ২৪) : সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে প্রাচ্যেরড্যান্ডি নারায়ণগঞ্জ শহর। বদলাচ্ছে এর শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্য। শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত একটি বিখ্যাত নদী বন্দর নারায়ণগঞ্জ। ব্রিটিশ আমল থেকেই পাট, সাবান, সুতা, হোসিয়ারি ব্যবসায় ও বস্ত্রশিল্পের প্রসারিত বাজার নারায়ণগঞ্জ।
 
 
এসকল ব্যবসায়ের তাগিদে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হতো। ব্যবসায়ীদের দিনের কাজ দিনে শেষ না হলে এখানেই থাকতে হতো। কিন্তু খাবারের জন্য কোন ভালো রেস্তোরাঁ ছিল না। নগরের আখড়ায় প্রণামীর বিনিময়ে খাবারের ব্যবস্থা করতো তাঁরা।
 
 
সেই সময়ের কথা ঠাঁই পেয়েছে ইতিহাসের পাতায়। কয়েক দশক আগে নারায়ণগঞ্জের চেহারা তেমন থাকলেও এখন সেই চিত্রে এসেছে আমুল পরিবর্তন। এখন নারায়ণগঞ্জের প্রধান প্রধান সড়কে একাধিক আধুনিক সুস্বাদু খাবারের রেঁস্তোরা চোখে পড়ে।
 
 
নারায়ণগঞ্জের ইতিহাস থেকে জানাযায়, এককালে এখেিন বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসার সময় গুঁড়, চিঁড়া, মুড়ি (শুকনো খাবার) নিয়ে আসত। পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে সে সময় কিছু রেস্তোরাঁ হলেও সেগুলো বেশিদিন টিকতে পারেনি। তবে চা ও জল খাবারের জন্য ছিল জেলার ঐতিহ্যবাহী দোকান বোস কেবিন।
 
 
১৯২১ সালে বোস কেবিনে খাবারের ব্যবসা শুরু করে যা এখনো ব্যাপক পরিসরে সকলের কাছে সমাদৃত। সে সময় ব্যানার্জি কেবিন নামে আরো একটি দোকান ছিল। ১৯৫০ সাল থেকে ১৯৬০ সাল পর্যন্ত ১০ বছরে লঞ্চঘাট ও স্টিমারঘাট সংলগ্ন এলাকার নদীর কাছে পাটাতনের ওপর বাবুল রেস্টুরেন্ট, গুলিস্তান, গুলবাহারসহ একাধিক ভাসমান কিছু রেস্টুরেন্ট ছিল।
 
 
কিন্তু এখন এসব রেস্টুরেন্টের চিহ্নমাত্র নেই। ১৯৪৭ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত মন বাবুর ৫ নং কেবিন বেশ জনপ্রিয় ছিল। খাবারের জন্য উল্লেখযোগ্য ছিল রৌশনিয়া হোটেল, মুজিব হোটেল, মাড়োয়ারি হোটেল, হিন্দুদের মহামায়া বোর্ডিং, শ্রী দুর্গা হিন্দু হোটেল প্রভৃতি।
 
 
১৯৬৮ সালে এই শহরে প্রথম সাউদ চায়না রেস্টুরেন্ট নামে চায়নিজ রেস্তোরাঁ স্থাপন করা হয়। যুদ্ধপরবর্তীকালীন সময়ে আরো কাই ফেং ও এ্যানজিন নামে দুইটি চায়নিজ রেস্তোরাঁ হয়েছে। ১৯২০ সাল পর্যন্ত বেকারি ছিল না। কিন্তু পাইকপাড়া অঞ্চলে ৪-৫টি বিস্কুটের কারখানা ছিল।
 
 
কলকাতা থেকে বিদেশি ব্যবসায়ীরা নিজেদের প্রয়োজনে পাউরুটি নিয়ে আসত। কারপো কোম্পানি এন্ড গ্রেইট ইস্টার্ন কোম্পানি ১টাকায় ২০টি পাউরুটি বিক্রি করত। ১৯৩০ সালে দিগুবাবু বাজারে আলেকজান্ডার বেকারি নামে প্রথম বেকারি স্থাপন করা হয়। পরে বকারির খাবারের ভিন্নতা আসে সুগন্ধা প্লাসে। হরেকরকম খাবারে ভরপুর সুগন্ধা প্লাসের দোকান।
 
 
 
জেলা প্রশাসন সূত্রমতে জানা যায়, নারায়ণগঞ্জে মোট লাইসেন্সপ্রাপ্ত রেস্তোরাঁ ১১৬টি। কিন্তু এর মাঝে ৪৯টি বন্ধ। বর্তমানে জেলায় লাইসেন্সপ্রাপ্ত ৬৭টি রেস্তোরাঁ রয়েছে। রুটি-মিষ্টির দোকান থেকে জেলার খাদ্য ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন হয়েছে।
 
 
এক সময় ভাতের রেস্তোরাঁ ছিল না । কিন্তু এখন নগরের অলিতে গলিতে হয়েছে ভাত, বিরিয়ানি, চায়নিজ রেস্তোরাঁ, ফাস্টফুডের অসংখ্য খাবারের দোকান।
 
 
সরজমিনে নগর ঘুরে দেখা যায়, পুরাতন অধিকাংশ রেস্তোরাঁর মধ্যে বোস কেবিন, আলম কেবিন, মাউরা হোটেল, মনির হোটেল ব্যতীত অধিকাংশই বন্ধ। তবে পুরাতন রেস্তোরাঁ বন্ধ হলেও সম্প্রতি শহরে ব্যাপক পরিসরে গড়ে উঠেছে চায়নিজ রেস্তোরাঁ ও বেকারি। সেই সাথে দিনভর ভাতের হোটেলগুলোতেও থাকে সমাগম।
 
 
জেলার প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু সড়ক জুড়ে গড়ে উঠেছে অভিজাত রেস্তোরাঁ। একই সাথে তরুণ সমাজকে প্রাধান্য দিয়ে কলেজ রোড থেকে মাসদাইর পর্যন্ত অর্ধশতাধিক রেস্তোরাঁ ও ফাস্ট ফুডের দোকান গড়ে উঠেছে। ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে নগরে ৩-৪ বছরে লক্ষণীয় মাত্রায় গড়ে উঠেছে মিনি চায়নিজসহ অভিজাত রেস্টুরেন্ট। সময়ের পরিবর্তনে বদলে গেছে মানুষের খাদ্যাভাস। বদলে গেছে মানুষের  পছন্দ ও জীবন ব্যবস্থা।
 
 
নানান রঙের বাতিসহ জাকজমক সাজসজ্জায় রেস্টুরেন্টগুলো সাজানো করা হয়েছে। নান্দনিক ডিজাইনের সাথে এগুলোতে রয়েছে আধুনিকতার ছোঁয়া। একই সাথে পরিবর্তন হয়েছে রেস্টেুরেন্টের খাবার পরিবেশনের ধরন।
 
 
রেস্টুরেন্টগুলো সাধারণ মানুষের বিশেষ মুহূর্ত উদযাপনে প্রাধান্য পাচ্ছে। এ সকল আধুনিক  রেস্টুরেন্ট আপনজন কিংবা বন্ধুদের সাথে বিশেষ সময় কাটাবার স্থান হয়ে উঠেছে। 
 
 
নারায়ণগঞ্জের বিভিন্ন ইতিহাসকে কাঁধে নিয়ে চলছে কিছু রেস্তোরাঁ। তারই মধ্যে একটি নিউ বোস কেবিন। কালের সাক্ষী নিউ বোস কেবিনের প্রতিষ্ঠাতা নৃপেন চন্দ্র বসু (ভুলুবাবু)। নিউ বোস কেবিনের বর্তমান মালিক তারক বোস বলেন, এ জেলার অনেক ইতিহাস এ দোকানের সাথে জড়িত। অনেক গুণী ব্যক্তিগণ এখানে সময় কাটিয়েছেন। এ দোকানের চা এখনো সাধারণ মানুষের নিকট প্রিয়।
 
 
জেলার  আরেকটি ঐতিহ্যবাহী রেস্তোরাঁ মাউরা হোটেল। মাউরা হোটেলের মালিক সেলিম আহমেদ তার রেস্তোরাঁ নিয়ে বলেন, আমাদের গরুর মাংসের ভুনার জন্য প্রসিদ্ধ। দূর-দূরান্ত থেকে মানুষ গরুর মাংসের স¦াদ নিতে আসে। ৯০ বছরের পুরাতন মাউরা হোটেলের সাথে জেলার অনেক ইতিহাস জড়িয়ে আছে। কিন্তু এটা রেলওয়ের জায়গায় হওয়ায় রেলওয়ে  উচ্ছেদ করলে এটা ভাঙ্গা পড়বে। তবে তাদের প্রকল্পের বাহিরে অন্য একটি জায়গা দেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করেছি।
 
 
একদিকে এসব পুরাতন রেস্তোরাঁতে স্বাদে ভরপুর বিভিন্ন খাবার টানে মানুষ ভীড় জমাচ্ছে। আবার নতুন প্রজন্মের ভোজন রসিকেরা চাইনিজ, ফাস্টফুডের টানে ভীড় করছে সব আধুনিক রেস্তোরাঁয়। জালাপিনো, সল্ট এন্ড পেপার, দ্যা গ্রান্ড হল রেস্টুরেন্ট,  টিটেল টেটল জুস পার্লার, চিট চ্যাট , চাবাও, কফি হলিক, এক কাপ চা, চাঁদের পাহাড়, চায়না জংশনসহ আরো অসংখ্য আধুনিক রেস্তোরাঁ গড়ে উঠেছে।
 
 ‘জালাপিনো’ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আফজাল হোসেন পন্টি বলেন, নারায়ণগঞ্জে গত কয়েক বছর যাবৎ রেস্টুরেন্টের ব্যাপক প্রসার হয়েছে। এসব রেস্টুরেন্টের বেশি আসে তরুণ সমাজ। তবে আমার রেস্টুরেন্টে তরুণ ও পারিবারিকভাবে আগত সকলের চাহিদার উপর গুরুত্ব দেওয়া হয়। আমরা কন্টিনেন্টাল খাবারকে বেশি প্রাধান্য দেই।
 
 
তিনি বলেন, কিন্তু তরুণদের পছন্দ অনুযায়ী ফাস্টফুড, চাইনিজও খাবার রাখি। মানুষের চাহিদা অনুযায়ী মান সম্পন্ন খাদ্য পৌঁছে দেওয়া আমাদের প্রধান লক্ষ্য। একই সাথে গ্রাহকদের নিরিবিলি ও ঘরোয়া পরিবেশে স্বাচ্ছন্দ্যে খাবার উপভোগের ব্যবস্থা করা হয়েছে।
 
 
‘সল্ট এন্ড পেপার’ রেস্টুরেন্টের অংশীদার তরিকুল সুজন বলেন, খাবারের মানকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই। সেই সাথে এখন মানুষ রেস্টুরেন্টে নিজদের বিশেষ মুহূর্ত কাটাতে বিভিন্ন আয়োজন করে। তাই আমরা রেস্টুরেন্টের পারিপার্শ্বিক অবস্থাতেও ও সাজসজ্জাতে গুরুত্ব দিয়ে থাকি।
 
 
তবে এসব রেস্টুরেন্টে ভোক্তাদের আকর্ষণের বাড়িয়ে তুলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুক ফুড রিভিউ (খাদ্য পর্যালোচনা) গ্রুপ। ফুড লাভারস অফ বাংলাদেশ, ফুডিস অফ নারায়ণগঞ্জ এই গ্রুপে বিভিন্ন রেস্টুরেন্টের খাবারের রিভিউ দেয় নগরবাসী।
 
 
তারা রেস্টুরেন্টে খাবার খেতে গেলে সেখানের খাবারের গুণগতমান, বৈচিত্র্য, রেস্টুরেন্টের পরিবেশেও নজর দেয়। খাবারের মান অনুযায়ী রেটিং দেয়। এই গ্রুপে নজর থাকে জেলার ভোজনবিলাসী মানুষের। মজাদার খাবারের খোঁজ পেলেই তারা সে সকল রেস্টুরেন্টে ছুটে যায়।
 
 
নারায়ণগঞ্জে প্রযুক্তির সাথে সাথে মানুষের চাহিদায় ব্যাপক পরিবর্তন হয়েছে। যেমনি মানুষের অভ্যাসে পরিবর্তন হয়েছে তেমনি অর্থনৈতিক পরিবর্তন ঘটেছে। রেস্টুরেন্টে না গিয়ে রেস্টুরেন্টের খাবার বাসায় বসে খাওয়া কয়েক বছর পূর্বে স্বপ্নের মতো মনে হলেও এখন সেটা বাস্তব।
 
 
খাবার ডেলিভারি প্রতিষ্ঠানের ইন্টারনেট অ্যাপস দিয়ে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করলে ঘন্টার মধ্যেই খাবার বাসায় পৌঁছে দেওয়া হয়। খাবার সরবরাহ করার ক্ষেত্রে ইতিমধ্যে নারায়ণগঞ্জবাসীর কাছে ব্যাপক পরিচিতি পেয়েছে ফুডপান্ডা, হাঙরি নাকি প্রতিষ্ঠান। 
 
 
নারায়ণগঞ্জ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ও ঐতিহ্যবাহী মনির হোটেলের স্বত্বাধিকারী মনিরুজ্জামান মনির বলেন, নারায়ণগঞ্জে এক সময় এত রেস্তোরাঁ ছিল না। মানুষ প্রয়োজন ছাড়া হোটেলে খাইতে যাইতো না। কিন্তু দিন দিন মানুষের খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন হয়েছে। মানুষের চাহিদার উপর ভিত্তি করে নগরে অভিজাত রেস্টুরেন্ট গড়ে উঠেছে। দিনে দিনে এসব রেস্টুরেন্টে খাবারের মানের উন্নয়ন হচ্ছে।   
 
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন