ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের অস্তিত্বহীন দুই হাসপাতালে চলছে পদায়ন
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৭ পিএম
যুগের চিন্তা রিপোর্ট : কাগজে থাকলেও বাস্তবে কোন অস্তিত্ব নেই সদর উপজেলার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের ২০ শয্যার দুটি হাসপাতালের। গত ১৩ বছর হাসপাতাল দুটির জন্য জমি বরাদ্দের সুরাহা না করতে পারলেও থেমে নেই পদায়ন। অস্তিত্ববিহীন হাসপাতাল দুটিতে ১২ জনকে পদায়ন করা হয়েছিল। তারা নারায়ণগঞ্জসহ অন্যত্র কাজ করছিলেন।
এক মাস আগে পদোন্নতি ও বদলিজনিত কারণে বিশেষজ্ঞ চিকিৎসকসহ ছয়জন সংযুক্তিতে অন্যত্র বদলি হয়ে গেছেন। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকসহ ছয়জন সংযুক্তিতে অন্যত্র কর্মরত আছেন।
রোববার (২ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জ ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুই ডাক্তারকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পদায়ন করা হয়। বদলিকৃত দুই ডাক্তারের একজন ডা. নাশাত জাবীনকে সিদ্ধিরগঞ্জের ২০ শয্যা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) এবং আরেকজন ডা.নাসরিন আক্তারকে একই হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট (গাইনী ও অবস) হিসেবে বদলী করা হয়। তবে একই আদেশে দুজনকেই শহীদ সোহরোওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের লেকচারার হিসেবে সংযুক্তিতে বদলি করা হয়েছে। তবে সংযুক্তিকালীন সময় তারা মূল কর্মস্থল (সিদ্ধিরগঞ্জের ২০ শয্যা হাসপাতাল) থেকে বেতন-ভাতাদি উত্তোলন করবেন।
এই পদায়নের বিষয়ে সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ জানান, ‘ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে ২০ শয্যার দুটি হাসপাতালের জন্য দুজন মেডিকেল অফিসার, দুজন আবাসিক মেডিকেল অফিসার, জুনিয়র কনসালট্যান্ট দুজন করে চারজনসহ মোট ১২ জন চিকিৎসকের পদ আছে। এসব পদে ১২ চিকিৎসক দীর্ঘদিন এখানে পদায়ন করা ছিলেন। কয়েকজন বদলি হয়ে অন্যত্র গেছেন। রোববার দুইজনকে পদায়ন করা হয়েছে তারা শুধু এখান থেকে বেতন-ভাতাদি তুলবেন, কিন্তু কাজ করবেন সোহরোওয়ার্দী হাসপাতালে।’
জানা গেছে, শিল্প অধ্যুষিত ও ঘনবসতিপূর্ণ এলাকার মানুষ চিকিৎসাসেবা দেয়ার লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় দুটি ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের কথা থাকলেও জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় ১৩ বছরেও হাসপাতাল দুটো আর অলোর মুখ দেখেনি।
হাসপাতাল তৈরিতে জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার বিষয়টি তুলে ধরে জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ যুগের চিন্তাকে বলেন, ‘হাসপাতাল দুটি নির্মাণের জন্য কমপক্ষে তিন একর জমি বরাদ্দ চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়। কিন্তু এখনো জমি বরাদ্দ পাওয়া যায়নি।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৭ জুলাই এক আদেশে নারায়ণগঞ্জ জেলায় তিনটি ২০ শয্যার হাসপাতাল নির্মাণের জন্য অনুমোদন দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আল বাকী। ওই চিঠিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এবং আড়াইহাজারে ২০ শয্যার তিনটি হাসপাতাল নির্মাণের অনুমোদন দেওয়া হয়। ইতিমধ্যে আড়াইহাজারে ২০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হয়েছে। সেখানে স্থানীয় লোকজন চিকিৎসা সেবা পাচ্ছে। কিন্তু গত ১৩ বছরেও ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে হাসপাতাল নির্মাণের জন্য জমি বরাদ্দ পাওয়া যায়নি।
এবিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক বলেন, বিষয়টি অবাক করার মতো। দুটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১২ চিকিৎসকের পদায়ন থাকলেও ১৩ বছর ধরে জমির অভাবে হাসপাতাল দুটি নির্মাণ করা যাচ্ছে না। চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে হাজার হাজার মানুষ। অথচ শত শত বিঘা সরকারি জমি বিভিন্ন স্থানে প্রভাবশালীদের দখলে আছে। জেলা প্রশাসনের উচিত দ্রুত হাসপাতাল দুটির জন্য জমি বরাদ্দের বিষয়ে উদ্যোগী হওয়া।
এব্যাপারে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, ‘হাসপাতাল দুটির জন্য এখনো জমি পাওয়া যায়নি। আমরা চেষ্টা করছি হাসপাতাল দুটির জন্য জমির ব্যবস্থার করতে।’ তিনি বলেন, ‘জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আমাদের জমি অধিগ্রহণের জন্য প্রস্তাব দেওয়া হলে আমরা সে বিষয়ে উদ্যোগ নেব।’
শিল্প ও ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ দুটি পৃথক থানা এলাকা। বিপুলসংখ্যক জনগোষ্ঠীর বসবাস দুটি থানা এলাকায়। দুই থানার মানুষকে স্বাস্থ্যসেবা ও চিকিৎসার জন্য শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতাল ও ১০০ শয্যার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে যেতে হয়। দীর্ঘ পথ ও যানজট পাড়ি দিয়ে তাদের চিকিৎসার জন্য সেখানে যেতে হয়।
অন্যথায় বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হয়। এতে সাধারণ মানুষের সময় ও অর্থ দুুটোই নষ্ট হচ্ছে। সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার এলাকার মানুষের দাবি, জেলা প্রশাসন উদ্যোগী হলে দ্রুত জমি বরাদ্দ নিয়ে জটিলতা কাটতে পারে।


