৫ হত্যাকাণ্ডসহ ৩১ দিনে ৩৭ লাশ, থামছেনা লাশের মিছিল
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৪ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নতুন বছরে একটি নিরাপদ ও সুষ্ঠু নারায়ণগঞ্জের প্রত্যাশা থাকলেও লাশ, হত্যা, দুর্ঘটনা ছিলো বছরের শুরু থেকেই। গণমাধ্যম সূত্রে জানা যায় হত্যাসহ নানা ঘটনায় মৃত্যুর ঘটনা পুরো মাসজুড়েই আলোচনায় ছিলো নারায়ণগঞ্জ। ২০২০ সালের প্রথম মাসেই হত্যা, সড়ক দুর্ঘটনা, আত্মহত্যাসহ সন্ধান মিলেছে ৩৭ লাশের। এর মধ্যে হত্যার ঘটনায় ৫ জন, সড়ক দুর্ঘটনায় ৭ জন, পানিতে ডুবে ৮, আত্মহত্যা ৩, রহস্যজনক মৃত্যু ১জন ও অন্যান্য ঘটনায় মৃত্যু হয় ১৩ জনের।
হত্যাকাণ্ড :
২৮ জানুয়ারি রূপগঞ্জে যৌতুকের টাকা না দেওয়ায় তিন মাসের অন্তঃসত্তা স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ উঠে স্বামীর বিরুদ্ধে।২৬ জানুয়ারি সোনারগাঁ উপজেলায় সাগর হোসেন (২৮) নামে এক কাভার্ডভ্যান হেলপারে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।
১৭ জানুয়ারি ফতুল্লায় পাওনা ৫ হাজার টাকা চাওয়া অপরাধে ইলেকট্রিক মিস্ত্রী আব্দুর রহিম (৩৫) কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ হত্যা ঘটনায় মূলহোতা সাদ্দাম হোসেন আসিফ (২৭) সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে হত্যার আলামত নষ্ট করার অপরাধে হত্যাকারীর মা ও খালাকে গ্রেপ্তার করা হয়।
৫ জানুয়ারি ফতুল্লার কাশিপুরে টিপু হাওলাদার (২৫) নামে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যার পর ইজিবাইক ছিনতাই করে দুর্বৃত্তরা।
১ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সিরাজুল ইসলাম নামে এক কাভার্ডভ্যান চালক খুন হয়। হত্যাকান্ডের ঘটনায় চার খুনীকে গ্রেফতার করে পুলিশ। ৬ জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী উপস্থিত গণমাধ্যম কর্মীদেরকে এ তথ্য নিশ্চিত করেন।
একইদিন সোনারগাঁয়ে জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধের জের ধরে আব্দুস সালাম (৩৫) নামে এক দিনমজুরকে হত্যার অভিযোগ উঠে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় ২ জানুয়ারি সকালে নিহতের স্ত্রী রাহিমা আক্তার বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে।
পানিতে ডুবে
২২ জানুয়ারি রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ জাকির হোসেন (৪৮) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
১৪ জানুয়ারি সিদ্ধিরগঞ্জে মৌচাক নিমাইকাশারী এলাকার ডিএনডি’র নিষ্কাশন খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, এলাকাবাসীর তথ্যমেত ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক প্রতিবন্ধী। রাতের বেলা সে বাঁশের সাঁকো পার হতে গিয়ে পা পিছলে ডিএনডি’র নিষ্কাশন খালে পড়ে যায়। পরে সে খালের পানিতে ডুবে গেলে আর উঠতে পারেনি।
১৩ জানুয়ারি সিদ্ধিরগঞ্জে নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে শামীম (৮) ও মনির (৭) নামে দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, পানিতে ডুবেই শিশু দুটির মৃত্যু হয়। তবে, মৃত্যুর অন্যকোন কারণ রয়েছে কি-না ময়না তদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে।
৩ জানুয়ারি ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বালুবাহী একটি বাল্কহেড ডুবে ৪জন শ্রমিক নিহত হয়। ফতুল্লার বিসিক শিল্পনগরীর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কাজল মিয়া বাল্কহেডের মাস্টারের বরাত দিয়ে জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকাস্থ বুড়িগঙ্গা নদীতে একটি বাল্কহেড পরিস্কার করার জন্য নদীর তীরে নোঙর করে রবাল্কহেডের কিছু অংশ ছিদ্র করে দেয়। সেই ছিদ্র দিয়ে পানি প্রবেশ করে আস্তে আস্তে নোঙর করা বাল্কহেড তলিয়ে গিয়ে বাল্কহেডের নিচে থাকা ৪ শ্রমিক ঘুমিয়ে থাকার কারণে পানিতে ডুবে মারা যায়।
রহস্যজনক মৃত্যু
৭ জানুয়ারি আড়াইহাজারে রুবি (৩৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়। সকালে শ্বশুরবাড়িতে গিয়ে তার নিজের শোবার ঘরে খাটে মরদেহ দেখতে পান। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব হবে।
সড়ক দুর্ঘটনা
৩০ জানুয়ারি বন্দরে ট্রাক চাপায় ১০৮ বছর বয়সের এক বৃদ্ধের মৃত্যু হয়। একই দিন রূপগঞ্জে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মিতু আক্তার (১৭) নামে এক প্রতিবন্ধি কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়। ২৪ জানুয়ারি রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার খাদে পরে ধ্রুব কান্ত সাহা ও তার স্ত্রী অজন্তা সাহা নিহত হয়।
২০ জানুয়ারি সিদ্ধিরগঞ্জে কাঠ ভর্তি ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে সালাউদ্দিন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। একই দিন রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় বাস চাপায় মফিজুল নামে এক রিক্সা চালক নিহত হয়।
৬ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানী নগর মাদ্রাসা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়। সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) গৌতম তেওয়ারী জানায়, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পরিবহনের চাপায় পড়ে সে ঘটনাস্থলে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আত্মহত্যা
২৩ জানুয়ারি ফতুল্লায় একটি গাছের উপর ঝুলন্ত অবস্থায় জুয়েল (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ১১ জানুয়ারি সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের দৌলরদী এলাকায় নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করায় বিথী আক্তার (১৫) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ উঠে।
১ জানুয়ারি বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে বাজুরবাগ এলাকায় পারিবারিক কলহের জের ধরে বিষপান করে আসমা বেগম (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করে। এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের ইনর্চাজ ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম এলাকাবাসীর বরাত দিয়ে জানান, স্বামীর সাথে অভিমান করে গৃহবধূ আসমা বেগম বিষ সেবন করে আত্মহত্যা করে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
অন্যান্য ঘটনা
২৫ জানুয়ারি বন্দরে ইটভাটার মালিকদের প্রহারে মো. বুলবুল আহম্মেদ (৩৩) আহত যুবকের মৃত্যুর অভিযোগ উঠে।
২৪ জানুয়ারি বন্দরে একটি অনুমোদনহীন ডকইয়ার্ডে জাহাজের নিচে চাপা পড়ে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ২১ জানুয়ারি শীতলক্ষ্যা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবক (২৫) ও এক নবজাতকে লাশ উদ্ধার করে পুলিশ।
১৯ জানুয়ারি সিদ্ধিরগঞ্জে প্রো-অ্যাক্টিভ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠে।
১৭ জানুয়ারি ফতুল্লায় বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে যুবক দুই ছেলেকে ঘরের ভিতর লোহার খাঁচায় এক বছর ধরে বন্দি রেখে নির্যাতনে মৃত্যুর অভিযোগ উঠেছে। দিনের পর দিন খাবার না দিয়ে মারধরে বৃহস্পতিবার রাতে হেমায়েত হোসেন সুমন (৩৫) নামে এক ছেলে মারা যায়।
১৩ জানুয়ারি ফতুল্লায় শাসনগাঁয়ের বিসিক এলাকায় স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদুৎপৃষ্টে মৃত্যু হয় স্বামী-স্ত্রীর।অন্যদিকে শুক্রবার (১০ জানুয়ারি) নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে নিখোঁজের পাঁচদিন পর বাংলা ক্যাট কোম্পানির প্রকৌশলী মাহফুজুর রহমান জিসানের পেট কাটা লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। দ্বিতীয় দিন ধলেশ্বরী নদী থেকে জিসানের সহকর্মী প্রকৌশলী লিখন সরকারের লাশ উদ্ধার করা হয়। এদিকে দুই প্রকৌশলীর নিখোঁজের পর নদী থেকে লাশ উদ্ধারের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান লিখন সরকারের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা।
৮ জানুয়ারি ফতুল্লা কায়েমপুরে গ্যাস লাইনের লিকেজ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যু হয় ফরিদা বেগম (২৫) নামে এক গৃহবধুর। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এসআই মোবারক হোসেন জানান, মুফতি নজরুল ইসলামের বাড়ির নিচতলার ভাড়াটিয়া শরীফের কক্ষে চুলার গ্যাস লাইন লিকেজ ছিলো। ৭ জানুয়ারি ভোরে চুলা ধরানোর চেষ্টা করার সময় ম্যাচের কাঠি ধরাতেই সেই লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে।


