Logo
Logo
×

বিশেষ সংবাদ

নাসিক’র সীমানা সম্প্রসারণ নিয়ে ধোঁয়াশা

Icon

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ০২:২৬ পিএম

নাসিক’র সীমানা সম্প্রসারণ নিয়ে ধোঁয়াশা
Swapno

শামীমা রীতা (যুগের চিন্তা ২৪) : আটকে আছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা (সীমানা) সম্প্রসারণ এর কাজ। ৭ বছর ধরে নাসিক এর সীমানা সম্প্রসারণ আটকে আছে প্রস্তাবনার বৃত্তে। এ বিষয়টি সামনে এগোচ্ছেনা।

 

যে সকল ইউনিয়ন নাসিক এর সীমানা সম্প্রসারনে অন্তর্ভূক্ত হয়েছে বিষয়টি ঝুলন্ত অবস্থার সুযোগ নিতে ছাড়েননি সে সকল ইউনিয়নের গুটিকতক জনপ্রতিনিধি। নিজেরা প্রকাশ্যে না এসে অন্যলোক দিয়ে সীমানা সংক্রান্ত জটিলতার মামলা ঠুকে দিয়েছেন। 


কেননা, ওই জনপ্রতিনিধিরা নিজেদের প্রাধান্য বজায় রাখতে ইউনিয়নকে সিটি করপোরেশনের অন্তর্ভূক্ত হতে দিতে চাননা। প্রশাসনের কচ্ছপ গতি ও সংশ্লিস্ট ইউপি’র জনপ্রতিনিধিদের মামলা সংক্রান্ত জটিলতার বেড়াজাল ছিন্ন করে শেষ পর্যন্ত নাসিক এর সীমানা সম্প্রসারণ এর কাজ কবে নাগাদ সম্পন্ন হবে-এ নিয়ে  ধোঁয়াশা তৈরী হয়েছে বলে মনে করেন বোদ্ধামহল ও সংশ্লিষ্ট সূত্রগুলো। 


নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) হচ্ছে বাংলাদেশের সপ্তম সিটি করপোরেশন। ২০১১ সালে ৭২ দশমিক ৪৩ বর্গ বর্গকিলোমিটার এলাকা নিয়ে নাসিক গঠন করা হয়। পরবর্তীতে  ২০১৩ সালে এই নগরীকে সম্প্রসারণে উদ্যোগ নেয় নাসিক। নগরীর বর্তমান আকারের আয়তন বৃদ্ধির একটি প্রস্তাব জমা দেয়া হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। 


কিন্তু ৭  বছর ধরে আটকে আছে এটি শুধু প্রস্তাবনাতেই। তথ্যানুসন্ধানে জানা যায়, বৃটিশ সরকার ১৮৭৬ সালের ৮ সেপ্টেম্বর ২৭ হাজার ৮৭৬ জন জনসংখ্যা অধ্যুষিত ৪ দশমিক ৫ বর্গমাইল এলাকা নিয়ে নারায়ণগঞ্জ পৌরসভা গঠন করে। ৪ জন মনোনীত এবং ৮ জন নির্বাচিত কমিশনার নিয়ে এ পৌরসভার অভিযাত্রা শুরু  হয়। 


তৎকালীন বঙ্গ প্রদেশে  এ নারায়ণগঞ্জ পৌরসভা একটি “মডেল পৌরসভা” হিসেবে খ্যাতি লাভ করে। ব্রিটিশ ও পাকিস্তান আমল পেরিয়ে স্বাধীণ বাংলাদেশেও নারায়ণগঞ্জ পৌরসভা ছিল প্রথম শ্রেণীর ‘এ’ ক্যাটাগরীর পৌরসভা। 


যুগের চাহিদায় ২০১১ সালে ৫ মে এ তিনটি পৌরসভা যথাক্রমে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল কে একীভুত করে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা ২০১০ এর বিধি ৬-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার প্রায় ৭২ দশমিক ৪৩ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে নারায়ণগঞ্জ সিটি  করপোরেশন প্রতিষ্ঠা করে। সিটি করপোরেশন গঠনের পর প্রায় ২৯ দশমিক ৭০ বর্গকিলোমিটার আয়তনে সিটি করপোরেশন বৃদ্ধি করার প্রস্তাব দেয়া হয়।


২০১৩ সালের ২৩ এপ্রিল এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্মারকের নির্দেশ মোতাবেক এতদ্বারা স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ এবং সংকোচন) বিধিমালা ২০১৩ এর ৫(২) উপ-বিধির আলোকে নারায়ণগঞ্জ জেলার কাশীপুর, এনায়েতনগর ও গোগনগর ইউনিয়নের নিন্মবর্ণিত এলাকাসমূহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়। 


২০১৯ সালের ৩০ এপ্রিল মন্ত্রণালয়ে পাঠানো নাসিকের এ সংক্রান্ত প্রস্তাবনায়  ফতুল্লা ও কুতুবপুর ইউনিয়নের আংশিকসহ গোগনগর,কাশিপুর ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ অংশ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করে সীমানা সম্প্রসারণের জন্য অনুরোধ জানানো হয়।

 

সংযোজন করতে প্রস্তাবিত এলাকার মধ্যে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ২ দশমিক ১৫ বর্গকিলোমিটার। এর মধ্যে মৌজা রয়েছে ৭টি। এগুলো হলো, ফতুল্লা (অংশ), খিজিরপুর (অংশ), কায়েমপুর, হাজীগঞ্জ, তল্লা, খানপুর, ইসদাইর। 


গ্রাম ৭টির অংশের মধ্যে সস্তাপুর (অংশ), ইসদাইর, কায়েমপুর, হাজীগঞ্জ, তল্লা, খানপুর এবং ইসদাইর। কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪ দশমিক ১০ বর্গকিলোমিটার। এর মধ্যে মৌজা রয়েছে ৩টি: দেলপাড়া (অংশ), ভূইগড় (অংশ), কুতুবপুর (অংশ)। গ্রাম রয়েছে ৯টি। সেগুলো হলো, রগুনাথপুর, মাহমুদপুর, ভূঁইগড়, দেলপাড়া, পশ্চিম দেলপাড়া, নয়ামাটি, রামারবাগ, লামাপাড়া (অংশ), কুতুবপুর (অংশ)। 

এছাড়া ৪টি মৌজা ও ১৯টি গ্রাম নিয়ে কাশিপুর ইউনিয়ন পরিষদের ৭ দশমিক ৪৪৫ বর্গকিলোমিটার সংযোজন করা হয়েছে। মৌজাগুলো হল, গোয়ালন্দ, কাশীপুর, বড় দেওভোগ, শ্রীদরদী।

 

গ্রামগুলো হল, কাশিপুর, চৌধুরীগাঁও, নলুয়া, ফরাজীকান্দা, উত্তর গোয়ালন্দ, দক্ষিণ গোয়ালন্দ, পশ্চিম দেওভোগ, বাংলাবাজার, মিয়াপাড়া, দেওভোগ, পূর্বনগর, পশ্চিম নগর, ভোলাইল, উত্তর কাশীপুর, উত্তর নরসিংহপুর, দক্ষিণ নরসিংহপুর, মধ্য নরংসিংপুর, চরকাশীপুর, শ্রীধরদী।

 

গোগনগর ইউনিয়ন পরিষদের রয়েছে ৫টি মৌজা ও ১১ টি গ্রামসহ ৮ দশমিক ৫০ বর্গকিলোমিটার। মৌজাগুলো হলো, মসিনাবন্দ, গোপচর, সৈয়দপুর, মসিনাবন্দ ও সৈয়দপুর ‘ম’ খন্ড। গ্রামগুলো হলো মসিনাবন্দ পূর্ব, মসিনাবন্দ পশ্চিম, মসিনাবন্দ উত্তর, মসিনাবন্দ বারীরটেক, বারীবটেক, সৈয়দপুর পূর্ব, সৈয়দপুর পশ্চিম, সৈয়দপুর কদমতলী, নতুন সৈয়দপুর, পুরান সৈয়দপুর, চর সৈয়দপুর।

 

এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৯টি মৌজা ও ১৭টি গ্রামসহ ৭ দশমিক ৪৪৫ বর্গকিলোমিটার কথা প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে। মৌজাগুলো হলো, আলীনগর, ফাজিলপুর, ধর্মগঞ্জ, শ্রীধরদী, হরিহরপাড়া, এনায়েতনগর, বাড়ৈভোগ, মাসদাইর, উত্তর আজমতপুর।

 

গ্রামগুলো হল,  আলীনগর, ফাজিলপুর, পশ্চিম ধর্মগঞ্জ, পূর্ব ধর্মগঞ্জ, মধ্য ধর্মগঞ্জ, শাসনগাঁও, শ্রীধরদী, হরিহরপাড়া, এনায়েতনগর, বারইভোগ, ঘোসেরবাগ, পশ্চিম মাসদাইর, দক্ষিণ মাসদাইর, উত্তর মাসদাইর, গাবতলী, নবীনগর, উত্তর আজমতপুর, দক্ষিণ আজমতপুর, গোয়ালবন্দ, উত্তর গোয়ালবন্দ, দক্ষিণ গোয়ালবন্দ, চৌধুরীগাঁও, নলুয়া, ফরাজীকান্দা, কাশীপুর, ভোলাইল, উত্তর কাশীপুর, উত্তর নরসিংহপুর, দক্ষিণ নরসিংহপুর, মধ্য নরসিংহপুর, চর কাশিপুর।  

 
নগরীর বর্তমান লোকসংখ্যা প্রায় ২০লাখ। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) পরিধি বাড়ানো হলে নগরবাসীকে আরও বেশি নাগরিক সুবিধা ও অধিকতর রাজস্ব আদায় হবে বলে মনে করেন নাসিকের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম। 


তিনি বলেন, নারায়ণগঞ্জ ‘সিটি করপোরেশনের পরিধি বাড়লে সেবার মানও বাড়বে। আরও বেশি মানুষকে নাগরিক সুবিধা দেওয়া সম্ভব হবে। এতে অধিকতর রাজস্ব আদায় হবে।’


তিনি আরো জানান, ‘এ বিষয়ে জেলা প্রশাসকের মতামত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি এখন উনিই দেখছেন।’


সিটি করপোরেশনের পরিধি সম্প্রসারণ প্রস্তাবনার অগ্রগতি প্রসঙ্গে জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, ‘সিটি করপোরেশনের পক্ষ থেকে এ ব্যাপারে চিঠি দেয়া হয়েছে । বিষয়টি পর্যবেক্ষণের জন্য  নারায়ণগঞ্জ সদর থানার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বিষয়টি নিশ্চিত করে অনুলিপি দিলে আমরা মন্ত্রণালয়ে পাঠাবো।’ 

 
এ ব্যাপারে জানতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক জানান, ‘আমি কাগজপত্র নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছি। ’ 


এদিকে সিটি করপোরেশন সম্প্রসারণ প্রসঙ্গে নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক জানান, ‘সিটি করপোরেশন সম্প্রসারণের বিষয়টি অনেকদিন আগে থেকেই শুনেছি। 

সিটি করপোরেশন সম্প্রসারণ প্রক্রিয়াটি বাস্তবায়ন হলে এলাকাগুলোর মানুষ যেমন উপকৃত হবে তেমনি সিটি করপোরেশনও  উপকৃত হবে বলে আমি মনে করি। সিটি করপোরেশন রাজস্ব পাবে এবং ওই সকল এলাকার মানুষ সিটি করপোরেশনের পুরোপুরি সুবিধা ভোগ করতে পারবে।’


উল্লেখ্য, ২৯২ বর্গমাইল এলাকা নিয়ে ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জকে জেলা হিসেবে ঘোষণা করা হয়। যা ৫টি উপজেলা নিয়ে গঠিত। ১৮৮২ সালে নারায়ণগঞ্জ মহকুমা ঘোষিত হয়, যা ১৯৮৪ সালে জেলায় উন্নিত হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন