Logo
Logo
×

বিশেষ সংবাদ

ফুটবল খেলায় বাচ্চাদের গোল কিপার ছিলেন আব্দুল কাদের

Icon

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ০৮:২৫ পিএম

ফুটবল খেলায় বাচ্চাদের গোল কিপার ছিলেন আব্দুল কাদের
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ছোট বেলায় ফুটবল খেলায় বাচ্চাদের গোল কিপার ছিলেন জাতীয় চলচ্চিত্র টিভি এবং মঞ্চ অভিনেতা আব্দুল কাদের।

 

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় চন্দ্রবিন্দু শিশু মনন বিকাশ কেন্দ্রের দ্বিতীয় সমাবর্তন এবং দশম পতিষ্ঠা বার্ষিকীতে স্মৃতিচারণ করতে গিয়ে প্রধান অতিথিতির বক্তব্যে তিনি একথা জানান। নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে শিশুদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন কার হয়।


আব্দুর কাদের বলেন, ছোটবেলা থেকে আমরা বন্দরে থাকতাম। সেখানকার বিএম স্কুল থেকে ১৯৬৭ সালে ম্যাট্রিক পাশ করি। ছোট বেলা যখন স্কুলে পড়তাম তখন থেকেই কী করা যায় তা নিয়ে ভাবতাম। একবার মনে হলো ফুটবল খেলোয়াড় হবো। সে অনুযায়ী খেলা শুরু করলাম। আমি ছিলাম গোল কিপার। আমাকে একটি খেলার গোল কিপার হিসেবে হায়ার (ভাড়া) করে নেয়া হয়েছিল। সেদিন বৃষ্টি ছিল । তো বল গোলে আসার সাথে সাথে সেটিকে আর ধরে হাতে আটকে রাখতে পারিনি, গোল হয়ে গেল। আর এভাবে ৬ টি গোল হয়ে গেল। এরপর আমকে  খেলা থেকে নামিয়ে দেয়া হলো। সেদিন অনেক মন খারাপ হয়।


তিনি বলেন, এরপর স্থির করলাম ক্রিকেট খেলবো। খেলায় নেমে প্রথম দিনে প্রথম বলেই বোল্ড আউট হয়ে গেলাম! তখন দেখলাম যারা নাটকে অভিনয় করে তারা যদি রাস্তা দিয়ে হাঁটে তখন সবাই কেমন তাঁদের দিকে তাকিয়ে থাকে। কোথাও গেলে তাদের দেখতে অনেক ভীড় জমে যায়। তারা মিষ্টির দোকানে মিষ্টি খেলে পয়সা নেয় না। তখন স্থির করলাম অভিনয় করবো।


আব্দুল কাদের আরও বলেন, অভিনয় শুরু করার চেষ্টা করলাম। প্রথমে আমরা স্কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর করলাম। তখন মঞ্চ সাজানোর জন্য বাশেঁর দরকার হলো। আমরা তখন শীতলক্ষ্যা নদী থেকে বাঁশ চুরি করলাম। উয়িংস সাজানোর জন্য বাড়ি থেকে শাড়ি আনলাম। একবার একটি বালিকা বিদ্যালয়ে নাটকে নায়িকার ভূমিকায়ও অভিনয় করেছিলাম।


তিনি বলেন, এর পর ঢাকা কলেজে ভর্তি হলাম। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। লেখা-পড়া শেষ করলাম, একটি বিদেশি সু কোম্পানির চাকরি নিলাম কিন্তু অভিনয় চালিয়ে গেলাম। কোথাও কেউ নেই এর মতো বিখ্যাত নাটকসহ কিছু মঞ্চ নাটকে অভিনয় করলাম।


কোথাও কেউ নেই নাটকের অভিনয় করে দর্শকের খুব কাছে চলে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সে সময় আমার বদি চরিত্রে বাকের ভাইয়ের বিরুদ্ধে রাজসাক্ষী দেওয়ায় শহরে মিছিল হয়েছিল এবং দেয়ালে দেয়ালে প্রতিবাদ লেখা হয়েছিল ‘বদি তুমি সাক্ষী দিলে ভাসবে তুমি খালে বিলে’, ‘বাকের ভাইয়ের ফাঁসি হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।’

 

শিশুদের মননশীলতার বিকাশ ও সামাজিক মূল্যবোধ জাগানোর কাজ করার জন্য তিনি চন্দ্রবিন্দুকে শুভেচ্ছা জানান এবং তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা আশ্বাস দেন।


চন্দ্রবিন্দুর অধ্যক্ষ সাইফুল আলম নান্টুর সভাপতিত্বে এবং কিন্নরী বহতার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়।


অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পড়িয়ে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিশুরা। শিশুদের বিভিন্ন কৃতিত্বের জন্য সার্টিফিকেট ও স্মারক প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে ও শেষে শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় আবৃত্তি, নাটক, নৃত্য ও গীতি-আলেখ্য।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন