Logo
Logo
×

বিশেষ সংবাদ

‘গ্যাস সিলিন্ডার’ যেন মৃত্যুদূত !

Icon

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০৯:২১ এএম

‘গ্যাস সিলিন্ডার’ যেন মৃত্যুদূত !
Swapno

বিশেষ প্রতিনিধি (যুগের চিন্তা ২৪) : জনজীবনে নতুন আতঙ্কের নাম সিলিন্ডার বিস্ফোরণ। গ্যাস সংকট নিত্য সমস্যা হওয়ায় রান্নার  ক্ষেত্রে বিকল্প জ্বালানি হিসেবে বাড়ছে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ব্যবহার। এ সুযোগে বাজারে সরবরাহ বেড়েছে মানহীন এলপিজি সিলিন্ডার। আর মানহীনতার কারণে বাড়ছে সিলিন্ডার বিস্ফোরণ।


এলপিজি সিলিন্ডার শুধু বাসা বাড়ি কিংবা হোটেল-রেস্তোরাঁয় রান্নার কাজে নয়, বর্তমানে যানবাহনেও ব্যবহৃত হচ্ছে। দেশের বিভিন্ন এলাকার বাসাবাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রায়ই ঘটছে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা।


এতে প্রাণ হারাচ্ছে শিশুসহ নানা বয়সী নারী-পুরুষ। কোনো কোনো ঘটনায় পুরো পরিবারই ধ্বংস হয়ে গেছে। দগ্ধদের দুয়েকজন সুস্থ হলেও পঙ্গুত্ববরণ করে দুর্বিষহ জীবনযাপন করছেন। ভুক্তভোগীদের কাছে গ্যাস সিলিন্ডার আবির্ভূত হচ্ছে ‘মৃত্যুদূত’ হয়ে। তবে গ্যাসের আগুনের এমন মর্মন্তুদ দুর্ঘটনার দায় নিচ্ছে না কেউ।


২০১৯ সালে নারায়ণগঞ্জ জেলায় মোট অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ৪৯৫টি। এতেকরে ক্ষতি হয়েছে ৭ কোটি ২৭ লাখ ১৫ হাজার ৫০০ টাকার সম্পদ। এর মধ্যে গ্যাস জাতীয়সহ চুলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ৭৯ টি। এতে ক্ষতি হয়েছে ১ কোটি ১১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকার সম্পদ। ফায়ার সার্ভিস রক্ষা করতে পেরেছে ৪ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকার সম্পদ।


 ২০১৮ সালে  জেলায়  মোট অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ৪৫৩ টি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ কোটি ৫৯ লাখ ২৬ হাজার ৬৫০ টাকা। এরমধ্যে গ্যাস জাতীয়সহ চুলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ৪৪ টি। এতে ক্ষতি হয়েছে ৫৯ লাখ ৭১ হাজার ৫০০ টাকার সম্পদ। ফায়ার সার্ভিস রক্ষা করেছে ৭ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকা। এসব ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হলেও কারো সাজা পাওয়ার পরিসংখ্যান নেই পুলিশ সদর দপ্তরে।


তদারক সংস্থা এর জন্য ব্যবহারকারীর অসচেতনতাকেই দায়ী করেছেন। তবে শুধু অসচেতনতাই নয়, মেয়াদোত্তীর্ণ, মানহীন সিলিন্ডার তৈরি ও সরবরাহ, সিলিন্ডারের সঙ্গে চুলার সংযোগ পাইপ সঠিক ফিটিংস না হওয়া এবং নিয়মিত মনিটরিং না করাকেও দায়ী করেছেন বিশেষজ্ঞরা। বর্তমানে এলপিজি সিলিন্ডার ব্যবহার সংখ্যা প্রায় দেড় কোটিতে  পৌঁছেছে।


কিন্তু ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহার ও নানা ত্রুটির কারণে বাড়ছে দুর্ঘটনা। এটির মান যাচাই বা নিয়ন্ত্রণে নেই কোনো সংস্থা। ফলে বিশৃঙ্খলভাবে চলছে এলপিজি সিলিন্ডার উৎপাদন, সরবরাহ, বিক্রি ও ব্যবস্থাপনা।


সর্বশেষ ফতুল্লায় একটি বাড়িতে চুলার গ্যাস লাইনে লিকেজ থেকে গ্যাসের বিস্ফোরণ হয়ে আগুনে শরীফ ও ফরিদা নামে এক দম্পতি দগ্ধ হয়। দগ্ধ স্বামী-স্ত্রীকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার (৭ জানুয়ারী)  ভোর ছয়টায় সদর উপজেলার ফতুল্লা থানার কায়েমপুর এলাকায় মুফতি নজরুল ইসলামের তিনতলা বাড়ির নিচ তলায় এ ঘটনা ঘটে।


আগুনে দগ্ধ ফরিদার অবস্থা আশংকাজনক ছিল। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। একদিন পর ৮ জানুয়ারী গৃহবধূ ফরিদা মারা যায়। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের চূলার পাইপে লিকেজ থাকতে পারে। সেই লিকেজ থেকে সারা রাত গ্যাস বের হয়ে জমাট বেঁধে থাকে। ভোরে রান্না করার জন্য চুলায় আগুন দিলে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ ঘটে।


সিদ্ধিরগঞ্জে একটি ফ্ল্যাট বাসায় চুলা থেকে জমা থাকা গ্যাসের আগুনে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারী) ভোর সাড়ে পাঁচটায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী সিআইখোলার ৬ তলা ইটালী ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ দূর্ঘটনা ঘটে।


দগ্ধরা হলেন- কবির হোসেন (৬৫), তার স্ত্রী রেখা বেগম (৫৫) ও মেয়ে সুফিয়া (২৮)। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, পাইনাদী সিআইখোলা এলাকায় সুফিয়া বেগমের ইটালি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট বাসায় কবির হোসেন তার পরিবার নিয়ে বসবাস করেন। বৃহস্পতিবার রাতে ওই ফ্ল্যাট বাসার রান্নাঘরের চূলা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন তারা।


এতে রান্নঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। ভোরে রান্নার জন্য চূলায় আগুন দিলে সাথে সাথেই দগ্ধ হন গৃহকর্তা কবির হোসেন, তার স্ত্রী রেখা বেগম ও মেয়ে সুফিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করে।


আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহজাহান এর ধারণা করা হচ্ছে গ্যাসের চুলা বন্ধ না করেই পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েছিল। এতে রাতভর দরজা-জানালা বন্ধ থাকায় বাসায় ভেতরে গ্যাস জমে যায়। বাসা-বাড়িতে সার্বক্ষনিক গ্যাস সরবরাহের দাবীতে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা।


বৃহস্পতিবার (২ জানুয়ারী) বিকাল ৩টায়  সংগঠন কার্যালয় থেকে এ প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত পথসভার মধ্যে দিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে শেষ হয়।


এ বিষয়ে বিস্ফোরক পরিদপ্তরের প্রধান পরিদর্শক সামসুল আলম বলেন, সিলিন্ডারের মুখে রেগুলেটর লক হয়ে একটি রাবারের সিল চেপে থাকে। ব্যবহারকারীরা চুলার সুইচ বন্ধ করলেও অজ্ঞতার কারণে রেগুলেটরের সুইচ বন্ধ করেন না।


যার কারণে সিলিন্ডারের গ্যাস বের হয়ে রাবারের সিলে চাপ সৃষ্টি করে এবং লিকেজ হয়ে গ্যাস বের হয়ে ঘরে জমতে থাকে। সকালে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়ে আগুনের গোলা তৈরি হয়। তখন আশপাশে থাকা সবাই মারাত্মক দগ্ধ হন।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন জানান, মানুষ একটু সচেতন হলে আগুন থেকে অনেকটাই পরিত্রাণ পাওয়া যাবে। গ্যাস পাইপ কিংবা সিলিন্ডার লিকেজ থেকে গ্যাস  বের হলে শব্দ এবং পচা ডিমের মতো দুর্গন্ধ ছড়াবে। এ ধরনের গন্ধ পাওয়ামাত্র জানালা দরজা খুলে গ্যাস বের করে দেয়ার ব্যবস্থা করতে হবে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন