যুগের চিন্তা রিপোর্ট : নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে আইনজীবীদের বিশাল অংশের তোপের মুখে বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষ না করেই আইনজীবী সমিতির বর্তমান কমিটির নেতারা সভাস্থল ত্যাগ করায় আদালতপাড়ায় ব্যাপক হৈ-চৈ এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
একই সাথে ওই নির্বাচন কমিশনকে প্রত্যাখানের ঘোষণা দিয়ে পৃথক প্রতিবাদ মিছিল বের করে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে আদালতপাড়ায় নির্মাণাধীন বার ভবনে এজিএম সভায় এঘটনা ঘটে।
সভার শুরুতে পূর্ববর্তী সাধারণ সভার কার্যবিবরণী, বাৎসরিক রিপোর্ট ও অডিট পেশ করেন কমিটির সাধারণ সম্পাদক এড. মোহসিন মিয়া।
সভায় আগামী ২৯ জানুয়ারি ২০২০-২১ সালের কার্যকরী পরিষদের নির্বাচনের সম্ভাব্য দিন হিসেবে প্রস্তাব করা হয়। নির্বাচনী আপিল বোর্ড গঠনে পূর্বের নির্বাচনের মতো সভাপতি এড.হাসান ফেরদৌস জুয়েল এড.শওকত আলী, এড.এমদাদুল হক, এড.তারাজউদ্দিন, এড.রমজান আলীর নাম প্রস্তাব করলেএগুলো সর্বসম্মতিক্রমে পাশও (অনুমোদন) হয়।
এরপরই সম্ভাব্য নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এড.আখতার হোসেনের নাম প্রস্তাব করার সাথে সাথেই তা প্রত্যাখ্যান করে বিএনপি ও আওয়ামী লীগের বড় একটি অংশ হৈ চৈ শুরু করেন, এবং অন্য নাম প্রস্তাবের আহবান জানান। তুমুল প্রতিবাদ আর হট্টোগোলের মাথায় বর্তমান পর্ষদের সভাপতিসহ সব সদস্য ও পিপি ওয়াজেদ আলী খোকন বিবিধ আলোচনা ছাড়াই সভাস্থল ছেড়ে চলে যেতে থাকলে আইনজীবীরা আরো ফুঁসে ওঠে।
এমনকি প্রধান নির্বাচন কমিশনার আখতার হোসেনের নাম বললেও বাকি চার কমিশনার কে হবেন সেটিও প্রস্তাব করা হয়নি এজিএমে। সভা শেষ না করে বর্তমান পর্ষদের সকলে বেরিয়ে যাওয়ায় পরে সিনিয়র আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান, এড. জাকির হোসেন, এড. আব্দুল হামিদ ভাষানী, এড. সরকার হুমায়ূনের নেতৃত্বে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা।
অন্যদিকে এই নির্বাচন কমিশনের প্রধানকে বয়কট করে মিছিল করে সিনিয়র আইনজীবী এড. আনিসুর রহমান দিপুর নেতৃত্বে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের একটি বড় অংশ।
প্রতিবাদ মিছিলে আইনজীবী সমিতিরি চারবারের সাবেক সভাপতি এড.আনিসুর রহমান দিপু বলেন, এই ন্যাক্কারজনক পরিস্থিতি সৃষ্টি করায় আমরা প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। প্রয়োজনে আমরা পাল্টা কর্মীসভা আহবান করবো। তাদের পকেটের যে নির্বাচন কমিশন এটি অবৈধ। এখানে আইনজীবীদের মতামত নেই। এই অবৈধ নির্বাচন কমিশন আমরা মানিনা, মানবোনা। নির্বাচন কমিশন হবে সকলের সমর্থন নিয়ে।
এখানে পুরো হাউজ নির্বাচন কমিশন যেখানে বয়কট করেছে সেখানে শ্রদ্ধেয় সিনিয়র আইনজীবী যাদের নাম এসেছে তারা এই নির্বাচন কমিশনে থাকবেননা, এই নির্বাচন পরিচালনাতেও আপনারা আসবেননা। রোববার থেকে গণস্বাক্ষর ও প্রয়োজনে তলবী সভার আয়োজন করা হবে। এই প্রতিবাদ মিছিলে আওয়ামীপন্থী আইনজীবীদের একটি বড় অংশ অংশগ্রহণ করেন।
একই সময় আদালতপাড়া অপরপ্রান্তে প্রতিবাদ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এতোদিন বিভক্তি থাকলেও প্রতিবাদ সভায় সবাই একত্রে প্রতিবাদ জানান। তারা স্লোগান দেন, ‘এই কমিশন ভূঁয়া, মানিনা, মানিনা।’
এড.সাখাওয়াত হোসেন খান বলেন, আইনজীবীরা হলো সমাজের দর্পণ। আইনজীবী সমিতির নির্বাচন থেকে সবাই শিক্ষা গ্রহণ করে। ডাবল গ্র্যাজুয়েটদের নির্বাচনকে তারা স্বৈরতন্ত্রে পরিণত করেছে। গতবারের মতো এবারও জোর করে নির্বাচন কমিশন গঠন করতে চাচ্ছে তারা।
সাধারণ সভায় শতকরা ৯০ জন আইনজীবী এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে। অথচ বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক গায়ের জোরে তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে আইনজীবীদের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, কুলষিত, কলঙ্কিত করতে চাচ্ছে। আমরা এই নির্বাচন কমিশনার মানিনা। পর্যায়ক্রমে এর বিরুদ্ধে আমরা আন্দোলন ঘোষণা করবো। আইনজীবীদের নিয়ে এই হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার দাবি করছি।
আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড.জাকির হোসেন বলেন, নীল নকশার নির্বাচনের জন্য, কারচুপির জন্য আবারো এই নির্বাচন কমিশন আনতে চাচ্ছে। এটাকে সাধারণ আইনজীবীরা মানে না। এই নির্বাচন কমিশনার চাইনা। এদের কোন দায়িত্ব নাই।
আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.বারী ভূইয়া বলেন, আমার দীর্ঘ ওকালতি জীবনে আইনজীবীদের নিয়ে এমন প্রহসন দেখিনি। এসব মানিনা, মানবোনা।
এদিকে আইনজীবীদের অভিযোগ, ইতিহাসে প্রথমবারের মতো এজিএমে আইনজীবীদের স্বাক্ষর নেয়া হয়নি। শুভঙ্করের ফাঁকি দেয়ার চেষ্টা করা হয়েছে। আইনজীবীরা খাবারের কুপন আনতে যাওয়ার সময় তাদের কিছু স্বাক্ষর নেয়া হয়েছে, এটাকে স্বাক্ষর হিসেবে দেখানোর চেষ্টা হতে পারে, যদিও এখানে চালাকি ধরতে পেরে বেশিরভাগ আইনজীবী তারিখে হেরফের করে দিয়েছেন।
এরআগে এজিএমে সাধারণ সম্পাদকের প্রতিবেদন বক্তব্যের পর বর্তমান পর্ষদের নানাদিক নিয়ে সমালোচনা করেন এড.এবি সিদ্দিকী, এড.রমজান আলী, এড.আব্দুল হামিদ খান ভাষানী, এড.সরকার হুমায়ূন কবির, সাবেক পিপি এড.আসাদুজ্জামান আসাদ। এসময়ও আইনজীবীদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গেছে।
আইনজীবীদের প্রতিবাদ মিছিল
এজিএমে বিশাল সংখ্যক আইনজীবীদের অনাস্থা ও প্রতিবাদ এবং বিক্ষোভে আইনজীবী সমিতির নির্বাচন শুরুর আগেই প্রশ্নবিদ্ধ হলো এবং আদালতপাড়ায় আইনজীবীদের মধ্যে নির্বাচন কমিশনার নিযুক্ত করা নিয়ে উত্তেজনার পারদ উস্কে দেয়া হলো এবং এজিএম শেষ না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করায় এই পর্ষদের সদস্যরা নিন্দিত হলেন।


