সুশীল পাঠক : ‘গরু ঘাস খায়’, এতে গরুর কোন অপরাধ হতে পারে না। এটা গরু সম্পর্কে নিতান্ত নির্দোষ একটি বর্ননা বা বিবৃতি মাত্র। তবে, ‘পুলিশ ঘুষ খায়’, ইহা নির্ভেজাল অপরাধ। তেমনি ‘পানকৌড়ি মাছ খায়’, ইহাও অপরাধ নহে।
তবে, গতকাল এ অভিযোগেই নারায়ণগঞ্জ শহরে একটি পানকৌড়ির প্রাণসংহার অভিযান চালানো হয়েছে। তাও প্রকাশ্য দিবালোকে শত শত লোকের সামনে নগরীর রাসেল পার্ক সংলগ্ন লেকে। বিকাল তিনটায় এ দৃশ্যের অবতারণা ঘটে।
এ সময় রাসেল লেকের দক্ষিণ ও পশ্চিম পারে শত শত মানুষ তামাসা দেখার মনোভাব নিয়ে এ দৃশ্য অবলোকন করেছে। ডিব্বা নামে বাবুরাইলের এক যুবক একটি নৌকা ও এক কিশোর সঙ্গীকে নিয়ে লেকের জলে সন্তরনরত একটি পানকৌড়ীকে ধাওয়া করছিল।
দীর্ঘ সময় জলে ভিজে পাখা ভারী হয়ে যাওয়ায় পাখিটি উড়ে পালাতে পারছিল না। সম্ভাব্য ঘাতকের হাত থেকে বাঁচতে তাই পানকৌড়ীকে বার বার ডুব সাঁতার কেটে স্থানান্তর হতে হচ্ছিল।
এভাবে প্রায় পনের মিনিট প্রাণান্তকর চেষ্টায় এক পর্যায়ে শিকার ও শিকারী দু’পক্ষই ক্লান্ত হয়ে পড়ে। মনে হচ্ছিল, এই বুঝি সামনের গলুইয়ে বসা কিশোরের লাঠির আঘাতে ধরাশায়ী হয় পানকৌড়ীটি।
কিন্তু প্রতিবারই সে ঘাতকের আঘাত এড়িয়ে যেতে সমর্থ হয়। এদিকে, নৌকা বাইতে বাইতে শেষ পর্যন্ত শিকারী ডিব্বাই নেতিয়ে পড়ে রণে ক্ষান্ত দেয়। এতে প্রাণে রক্ষা পায়, নিরীহ মৎসভূক পানকৌড়ী।
এ ব্যাপারে শিকারী ডিব্বার কাছে জানতে চাইলে সে জানায়, এ লেকের মাছ চাষীর সে একজন বেতনভুক কর্মচারী। অনেক দিন ধরে এ পাখিটি এসে লেকের মাছ খেয়ে যাচ্ছে। এ কারণে তাকে পাখিটি মারার নির্দেশ দেয়া হয়েছে।
পাঠকের কাছে জিজ্ঞাস্য, পানকৌড়ী মাছ খাবে না তো কি খাবে, বোস কেবিনের চপ কাটলেট?
উল্লেখ্য, প্রায় দু’বছর ধরে যুগলবন্দী দুটি পানকৌড়ী এ লেকে মাছ খেতে আসে। প্রতিদিন নিয়ম করে সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত এরা ডুব দিয়ে দিয়ে মাছের সন্ধান করে। বিকালে লেক থেকে উঠে এরা প্রথমে পূর্ব পারের গাছের ডালে বসে রোদে ভেজা ডানা ও পালক শুকিয়ে নেয়; তারপর উড়ে যায় নিজ নীড়ে।
এ দৃশ্য লেকের আশপাশের অধিবাসীদের কাছে এখন পরিচিত ও প্রিয় হয়ে উঠেছে। এক বছর আগে ‘যুগের চিন্তা’ পত্রিকাও এ পানকৌড়ী যুগলকে নিয়ে একটি ফিচার প্রকাশ করেছে।


