নিরাপদে রাস্তা পার হতে পারেনা ‘জেব্রাক্রসিং’ থেকেও নেই !
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ১২:৪৭ পিএম
নুসরাত জাহান সুপ্তি (যুগের চিন্তা ২৪) : শহরে রাস্তায় চলা দায়। রাস্তায় বিভিন্ন যানবাহন। অবৈধ রিক্সার জঞ্জাল। ফুটপাতে হকারদের পসরা। পথচারী যাবে কোথায় ? রাস্তা পার হতে গিয়ে দৌড়াতে হয়। দৌড়ের গতি শ্লো হলে গাঁয়ের উপর উঠে পড়বে যে কোন যানবাহন। নগরীর রাস্তায় জেব্রা ক্রসিং থেকেও নেই। নগরের পথচারীদের রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং থাকলেও তা কাজে আসেনা।
নগরীর ব্যস্ততম বঙ্গবন্ধু সড়কে পথচারীদের স্বস্তিতে চলাচল ও যাতায়াতের উদ্দেশ্যে জেব্রা ক্রসিং তৈরী করা হলেও বর্তমানে জেব্রা ক্রসিংয়ের অবস্থা বেহাল। ব্যস্ত রাস্তায় পথচারীদের পারাপারের জন্য সাদা-কালো ডোরাচিহ্নিত নির্দিষ্ট অংশ জেব্রা ক্রসিং নামে পরিচিত। কিন্তু পথচারীদের নিরাপদে চলাচলের জন্য জেব্রা ক্রসিং থেকেও যেন নেই।
জেব্রা ক্রসিংয়ে কখনো বাস থামিয়ে যাত্রী তোলেন চালকেরা। আবার কখনো চালকরাও জেব্রা ক্রসিংয়ের সামনে গাড়ি থামাতে চান না। চালকেরা পথচারী পার হচ্ছেন দেখেও দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যেতে চান। যার ফলস্বরূপ প্রায় সময়েই আতঙ্কিত হয়ে যাত্রীরা জ্রেবাক্রসিং দিয়ে রাস্তা পারাপার হন। নগরীর চাষাড়া চত্বরে ৩টি পয়েন্টে জেব্রা ক্রসিং রয়েছে।
স্পটগুলো হচ্ছে সোনালী ব্যাংক হতে শহীদ মিনার ও খাজা সুপার মার্কেট হতে সুগন্ধা বেকারী, বায়তুল আমান ভবন থেকে আল জয়নাল ট্রেড সেন্টার পর্যন্ত। সেই সাথে বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া মর্ডান ডায়গনেস্টিক সেন্টারের সামনে, কালির বাজার ব্যাংকের মোড়, নারায়ণগঞ্জ ক্লাব, দুই নং রেলগেট সংলগ্ন চত্বরে, ডিআইটি আলী আহম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনের সামনে, জিমখানা মোড়ে গত বছরের মার্চ মাসে বঙ্গবন্ধুৃ সড়কের গুরুত্বপূর্ন পয়েন্টে জেব্রাক্রসিং আঁকা হয়। কিন্তু বছর না পেরুতেই জেব্রাক্রসিংয়ের রং হালকা হয়ে গেছে।
পথচারীসহ চালকদের চোখেই পড়ে না জেব্রা ক্রসিং। সাধারণ নিয়মে জেব্রা ক্রসিংয়ের আগে সাদা দাগের সামনে গাড়ি থামতে হবে। কিন্তু সে নিয়ম মানা হচ্ছে না।
৬ জানুয়ারি সরজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু সড়কে নির্মিত একাধিক জেব্রা ক্রসিংয়ের সাদা রং হালকা হয়ে গেছে। আবার কয়েকটি পয়েন্টে জেব্রা ক্রসিংয়ের রং প্রায় উঠেই পড়েছে। জেব্রা ক্রসিং পথচারী ও চালকদের চোখের আড়ালে।
বেশিরভাগ পয়েন্টে জেব্রা ক্রসিংয়ের উপর গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জেব্রা ক্রসিংয়ে যানবাহন দাঁড়িয়ে থাকে। পথচারীরা জেব্রাক্রসিং খুঁজে পায়না। এদিকে পথচারীরা জেব্রা ক্রসিং না পেয়ে ঝুঁকি নিয়েই রাস্তায় চলাচল করে।
জানাগেছে, বঙ্গবন্ধু সড়কে জেব্রা ক্রসিং থাকলেও সব পয়েন্টে সিগন্যাল দেওয়ার কোন ব্যবস্থা নেই। সড়কের এতগুলো পয়েন্টে জেব্রা ক্রসিং থাকলেও ট্রাফিক পুলিশ রয়েছে কেবল দুটি পয়েন্টে। চাষাঢ়া চত্বরে ও কালি বাজার ব্যাংক মোড় ব্যতীত অন্য স্থানে কোন ট্রাফিক পুলিশ নেই। কোন সিগন্যাল দেওয়ার ব্যবস্থা না থাকায় জেব্রা ক্রসিং থাকলেও এর ব্যবহার হয় না।
ভুক্তভোগী আমলাপাড়ের বাসিন্ধা রুহুল আমিন বলেন, জেব্রা ক্রসিং করেছে। এটা আমাদের জন্য ভালো হইছে। কিন্তু জেব্রা ক্রসিং থাকলেও এর কোন ব্যবহার হতে দেখি না। ঢাকায় যেভাবে সিগন্যাল দেয় এখানে সেইভাবে সিগন্যাল দেয় না। যে যার যার মতো চলাচল করে। মানুষ দাঁড়ানো দেখলেও চালকরা গাড়ি থামায় না।
জেব্রা ক্রসিংয়ের কাছাকাছি এলে গাড়ির গতি কমানোর নিয়ম। কিন্তু অধিকাংশ চালক সেটা মানেন না। অধিকাংশ চালক জানেন না জেব্রা ক্রসিংয়ে গাড়ি থামাতে হয়। আমান ভবনের সামনের জেব্রা ক্রসিংয়ের উপর কাভার্ড ভ্যান সহ একাধিক যানবাহন ট্রাফিক সিগনালের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।
কাভার্ড ভ্যানের চালক আনোয়ারকে জেব্রা ক্রসিংয়ের উপর দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, ট্রাফিক পুলিশ কিছু বলে না। জেব্রা ক্রসিংয়ে রং উঠে গেছে, দেখিও নাই এজন্য গাড়ি সামনে নিয়ে চলে আসছি। সিগন্যাল না পাইলে কেন থামামু গাড়ি?
চাষাঢ়া চত্বরে জেব্রা ক্রসিংয়ের উপর যানবাহন দাড়িয়ে থাকার প্রসঙ্গে সেখানে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ অফিসার বলেন, আমরা গাড়ি থামার সিগন্যাল দিলেও গাড়ি আসতে আসতে জেব্রা ক্রসিংয়ের উপর চলে আসে।
চাষাঢ়া ট্রাফিক পুলিশ ফাড়ির ট্রাফিক ইন্সপেক্টর সোহরাব হোসেন এই বিষয়ে বলেন, আমাদের জনবল প্রয়োজনের তুলনায় অনেক কম। আমরা চাইলেও প্রয়োজন মত সকল ব্যবস্থা গ্রহণ করতে পারি না। পর্যাপ্ত পুলিশ থাকলে আমাদের সকল কাজ সঠিকভাবে বাস্তবায়ন করতে পারব।
নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এফ এম এহতেশামুল হক এই বিষয়ে বলেন, জেব্রা ক্রসিং মানুষের চলাচলের সুবিধার জন্য তৈরী করা হয়েছে। জেব্রা ক্রসিংয়ের রং উঠে গেলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


