Logo
Logo
×

বিশেষ সংবাদ

আজ আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা

Icon

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ১১:৩২ পিএম

আজ আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : সংশয় আর অবিশ্বাস নিয়েই আজ বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় নির্মাণাধীন বারভবনের নিচতলায় এজিএম অনুষ্ঠিত হবে। গত কয়েকবছরের এজিএমের সাথে এবারের এজিএমের তফাৎ অনেক। 


এজিএমের আগে গত কয়েকদিনের নানা প্রোপাগান্ডায় এজিএমের প্রতি বিশেষ নজর আইনজীবীদের। তাছাড়া আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীদের ডাবল প্যানেল গঠনের আভাস এজিএমে আলাদা তাৎপর্য তৈরি হয়েছে।    


সূত্র জানিয়েছে, এজিএমের আলোচ্য সূচি অনুযায়ী, ২০১৯-২০ কার্যবর্ষের এজিএম সভায় কার্যবিবরণী পেশ ও অনুমোদন, বাৎসরিক রিপোর্ট পেশ, অডিট রিপোর্ট পেশ ও অনুমোদন, ২০২০-২০২১ বছরের কার্যকরী পরিষদের নির্বাচনের দিন ধার্য্য, একজন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ ও চারজন সহকারী নির্বাচন কমিশনার নিয়োগ, তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচনী আপিল বোর্ড গঠন, বিবিধ। তবে প্রতিবার এজিএম যতটা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবার তেমনটি না হওয়ার আশঙ্কা করছেন খোদ আইনজীবীরাই।


সংশয়-অবিশ্বাস: 

আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীদের এবার একের অধিক প্যানেল তৈরি হওয়ার আভাস তৈরি হওয়ায় এজিএমে নির্বাচনী তফসিল ঘোষণার আগেই নানা প্রোপাগান্ডায় ভরপুর আদালতপাড়া। এছাড়া নির্বাচনে বর্তমান পর্ষদের আইনজীবীরাও দুটি মতের হওয়ায় প্রোপাগান্ডার পরিমাণ মাত্রাতিরিক্ত। সাধারণ আইনজীবীসহ বিভিন্ন দলের আইনজীবীরা যার যার কোরাম থেকে প্রোপাগান্ডা ছড়িয়ে নানা কৌশল অবলম্বন করার চেষ্টা করছেন। তবে তা এজিএম অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ পাওয়া শুরু করবে। 


নির্বাচন হবে কি হবেনা এর উত্তর এজিএমে মিললেও আওয়ামী বা বিএনপির কয়টি প্যানেল হবে, স্বতন্ত্র কোন প্যানেল হবে কিনা তা জানতে আরো দিন চারেক অপেক্ষায় থাকতে হবে। তবে এজিএমের আগে দুইটি প্রোপাগান্ডায় ভরপুর আদালতপাড়া। সেটি হচ্ছে এজিএমের আগেই বিএনপি নির্বাচন থেকে সরে যেতে কয়েকনেতার মাধ্যমে ২৫ লাখ টাকা লেনদেন করেছেন আবার অন্যদিকে নির্বাচন ঠিকঠাকভাবে অনুষ্ঠিত যাতে হয় সেজন্য এজিএমের আগেই দেড় কোটি টাকার লেনদেন হয়েছে।

 

যদিও দুটোই শেষপর্যন্ত প্রোপাগান্ডা হিসেবেই নিয়েছে আইনজীবীরা। এজিএমের আগে এই দুটো প্রোপাগান্ডাকে আইনজীবীরা নির্বাচনী ফ্লেবার বলে আখ্যা দিয়েছেন। তবে নির্বাচন মানেই প্রতিযোগিতা। আর সেকারণে সংশয় আর অবিশ্বাস নিয়েই আজ এজিএমে অংশ নিচ্ছেন আইনজীবীরা। সব কিছুর রফাদফা এখান থেকেই শুরু বলে মত তাদের। 


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি):  

আইনজীবীদের সাধারণ মানুষ বিজ্ঞ হিসেবে চেনেন। কারণ একজন বিচার প্রার্থী ন্যায় বিচারের প্রত্যাতায় তাদের মাধ্যমেই আদালতের দ্বারস্ত হন। একারণে অন্য আটদশটা পেশার মানুষের চাইতে আইনজীবীরা অধিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি হিসেবে সমাজে বিবেচিত হন এবং বিচরণ করেন। তবে ২০১৯-২০ কার্যবর্ষের নির্বাচনে বিজ্ঞজনদের নির্বাচনে অস্বাভাবিক ভাবে ব্যালট পেপার বাতিলের ঘটনা ঘটেছে। 


দেখা গেছে, একজন বিজ্ঞ আইনজীবী ভোট দিতে গিয়ে ইচ্ছে করেই একই পদের দুই ব্যক্তিকে ভোট দিয়েছেন যাতে করে ভোটটি বাতিল হয়ে যায়। প্রশ্ন উঠেছিলো বিজ্ঞ আইনজীবীরা ভোট দিতেই বা কেন গেলেন আর কেনই বা ব্যালট পেপার এদিক ওদিক ক্রস মেরে নিজের ভোটটি বাতিল করলেন। 


জানা গেছে, গেলো বছরের নির্বাচনে সভাপতি পদে এভাবে ভোট বাতিলের সংখ্যা ১৯টি, সিনিয়র সহসভাপতি পদে ২৫টি, সহসভাপতি পদে ৩৩টি, সাধারণ সম্পাদক পদে ২৫টি, সহ সাধারণ সম্পাদক পদে ২০টি, কোষাধ্যক্ষ পদে ২২টি, আপ্যায়ন সম্পাদক পদে ২৮টি, ক্রীড়া সম্পাদক পদে ৩৪টি,  সাংস্কৃতিক সম্পাদক পদে ৫১টি, সমাজ সেবা সম্পাদক পদে ৪৬টি, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৫২টি ভোট বাতিল হয়। 


এতো সংখ্যক ভোট বাতিলের ঘটনায় বিষয়টি স্থানীয় ও জাতীয়ভাবেও দৃষ্টিকটু হিসেবে ধরা পড়ে। অনেকে বলছেন এবার আইনজীবী সমিতির নির্বাচনে একজন শক্ত ও নিরপেক্ষ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বাঁছাই করতে হবে এজিএমে। আইনজীবীদের নিজেদের স্বার্থেই সৎ, নিষ্ঠাবান ও নিরপেক্ষ সিইসি নির্বাচন করাও এজিএমে অন্যতম চ্যালেঞ্জ। এটি নিয়ে কয়েকপক্ষে তুমুল যুক্তিতর্ক হতে পারে। নির্বাচনী তফসিলও নিধারণ হবে সভায়।   
নির্বাচন :  


২০১৯ সালের ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিলো জেলা আইনজীবী সমিতির ২০১৯-২০ সনের কার্যকরী পরিষদের নির্বাচনে ৯২৬ জন ভোটারের মধ্যে ৯১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে নির্বাচনে ব্যালটে সিগনেচ্যার (স্বাক্ষর) কিংবা টিপসই না থাকায় না নিয়ে নানা গুঞ্জন তৈরি হয় আইনজীবীদের মধ্যে। আওয়ামী কিংবা বিএনপি প্যানেলের প্রার্থীরাসহ আইনজীবীরাও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে নানারকম প্রশ্ন তোলেন। 


তাদের অভিযোগ ছিলো, জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় নির্বাচন সব নির্বাচনেই ব্যালট দেয়ার আগে ভোটারের স্বাক্ষর কিংবা টিপসই নেয়ার ব্যবস্থা রাখা হয়। আইনজীবীদের মতো বিজ্ঞজনদের নির্বাচনেও অতীতে এমন ব্যবস্থা ছিলো। কিন্তু এবার নির্বাচনের দিন নির্বাচন কমিশন ব্যালটে ভোটারদের স্বাক্ষর কিংবা টিপসই নেয়ার প্রয়োজন  মনে করেননি। ফলে আইনজীবীদের মধ্যে নানা বিভ্রান্তি তৈরি হয়েছে। 


তারা প্রশ্ন রাখেন, ৯২৬ জন আইনজীবীদের মধ্যে কেউ যদি প্রশ্ন তোলেন, তিনি তাঁর ভোটটি দিতে পারেননি, অন্য কেউ দিয়ে দিয়েছে তবে তার কোন ব্যবস্থা বা সুরাহা করার উপায় নেই নির্বাচন কমিশনের। এতো সংখ্যক আইনজীবীদের চিনে রাখাও সম্ভবপর নয়। 


নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করলে তাঁরা কোন ব্যবস্থা গ্রহণ করতে পারতেননা। তাই এবার নির্বাচনের দিনক্ষণ ঠিক করার পাশাপাশি এজিএমে এব্যাপারটির সুরাহা নিয়েও ব্যাপক আলোচনা উঠতে পারবে। জেলা আইনজীবী সমিতির ২০২০-২১ সনের কার্যকরী পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণাও হবে এজিএমে। 


গঠনতন্ত্রের ৩৪ (গ) ধারা স্থগিত:  

আইনজীবী সমিতির গঠনতন্ত্রের  ৩৪ অনুচ্ছেদের (ক) ধারা অনুযায়ী নির্বাচনের কমপক্সে দুই সপ্তাহ পূর্বে তিনদিনের সময় প্রদান সাপেক্ষে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী সদস্যদের কাছ থেকে ‘নমিনেশন পেপার’ জমা প্রদানের জন্য আহবান করবেন। তবে একই অনুচ্ছেদের ৩৪(গ) ধারাটি হঠাৎ আলোচনায়। 

 

সেই ধারা অনুযায়ী ‘কোন সদস্য একই পদে পরপর দুইবার নির্বাচিত হবার পর তৃতীয় বার ওই পদে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেনা।’ (গ) ধারটি রদ কিংবা স্থগিত করা গেলে বর্তমান পর্ষদের সভাপতি হাসান ফেরদৌস জুয়েল পরপর দুইবার সভাপতি নির্বাচিত হলেও এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। পরপর দুইবার নির্বাচিত অন্যরাও নির্বাচনে অংশ নিতে বাধা থাকবেনা। 


এই প্রস্তাবটি এজিএমের বিবিধ পর্বে প্রস্তাবনায় আসতে পারে। তবে এটি করতে গেলে আইনজীবীদের দুই তৃতীয়াংশ সমর্থন আদায় করতে হবে। বর্তমান পর্ষদেরই একটি বড় অংশ এমনটি হতে দিতে নারাজ। তাদের মতে, এমনটি হলে নিচের পদে থাকা আইনজীবী নেতাদের উপরের দিকের পদে উঠতে প্রতিবন্ধকতা তৈরি হবে। বারবার একই ব্যক্তি নির্বাচিত হওয়ার রাস্তা প্রসারিত হবে।  

  
এবারের এজিএমে বিএনপি ও আওয়ামী পন্থী আইনজীবীরা ছাড়াও অন্য দল ও সাধারণ আইনজীবীরা সববিষয়ে সম্মিলিতভাবে মতামত রাখার চেষ্টা করবেন। এবং একপেশেভাবে কোন সিদ্ধান্ত আইনজীবীদের উপর চাপিয়ে দেওয়া সম্ভবপর হবেনা বলে মত তাদের। 
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন