Logo
Logo
×

বিশেষ সংবাদ

ফিরে দেখা ২০১৯ : নারায়ণগঞ্জে আলোচিত ১১ হত্যাকাণ্ড

Icon

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ০৩:৩০ পিএম

ফিরে দেখা ২০১৯ : নারায়ণগঞ্জে আলোচিত ১১ হত্যাকাণ্ড
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ২০১৯ সাল জুড়েই  নানা ঘটনায় আলোচনায় ছিলো নারায়ণগঞ্জ। কখনও এসপি হারুন, কখনও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা ও দুই মেয়েকে হত্যা, বন্ধুর হাতে বন্ধু খুন, গণপিটুনীতে নিহত আবার কখনও শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের ধর্ষণের অভিযোগ, পিতা কর্তৃক কন্যাকে ধর্ষণের অভিযোগের মত লোমহর্ষক ঘটনাও সামনে এসেছে। বিভিন্ন  জাতীয় দৈনিক,টিভি চ্যানেল, স্থানীয় দৈনিক ও অনলাইনে  প্রকাশিত সংবাদের ভিত্ততে গত বছরে শুধুমাত্র হত্যাকাণ্ডের ঘটনা ছিলো ৮৮ টি। এর মধ্যে আলোচনায় এসেছে এগারোটি হত্যাকাণ্ড। 

 

সন্তানকে  ছাদ থেকে ফেলে হত্যা : ১৪ অক্টোবর চারতলা বাড়ির ছাদ থেকে নীচে ফেলে আড়াই বছর বয়সী সন্তানকে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন এক মা। শিশুটির নাম মো. আশফাক জামান জাহিন। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন পাগলা পশ্চিম নন্দলালপুর আমান উল্লাহ প্রধানের বাড়িেেত এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করলেও একে একে পুরো এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী বাড়িতে ভিড় জমায়।

 

সিদ্ধিরগঞ্জে মা ও দুই শিশু কন্যাকে গলাকেটে হত্যা : স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে শ্যালিকা ও তার দুই শিশু কন্যাকে গলাকেটে হত্যা করেছে আব্বাস ব্যাপারী (৩৫) নামে এক লোক। শ্যালকের চড়ের ‘প্রতিশোধ নিতেই’ এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে সে। এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের পাওয়ার হাউজের সামনে থেকে তাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন তৎকালীন জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের বিষয়টি স্বীকার করে আব্বাস ব্যাপারী জানায়, পারিবারিক কলহের কারণে প্রায়ই তার স্ত্রী ইয়াসমিন রাগ করে তার ভাই হাসান অথবা বোন নাজমিনের বাড়িতে চলে যেতেন। কয়েকদিন আগে পারিবারিক বিরোধের জেরে হাসান তাকে চড় মারেন এবং সন্তানসহ বোনকে আরেক বোন নাজমিনের বাসায় নিয়ে যান। চড়ের জের ধরেই তিনি এ হত্যার ঘটনা ঘটায়।

 

আব্বাসের বাড়ি পটুয়াখালী জেলায়। সে সিদ্ধিরগঞ্জ বাতেনপাড়া এলাকায় ভাড়া থাকতো। এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর দুপুরে নিহত নাজমিনের স্বামী সুমন মিয়া সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

 

পাওনা টাকা চাওয়ায় ইমাম বন্ধুকে গলা কেটে হত্যা : পাওনা টাকা চাওয়ায় সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নে এক মসজিদের ইমামকে গলা কেটে হত্যা করেছে বন্ধু। ২২ আগস্ট (বৃহস্পতিবার) ভোরে মসজিদের পাশে ইমামের নিজের শয়নকক্ষ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

 

নিহত ইমামের নাম মো. দিদারুল ইসলাম। তিনি মল্লিকপাড়া এলাকার নারায়নদিয়া বায়তুল জালাল জামে মসজিদের ইমাম ছিলেন। খুলনার তেরখাদা থানার রাজাপুর গ্রামে তার বাড়ি। 

 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা মল্লিকপাড়া মসজিদের ইমাম দিদারুল ইসলামের কাছ থেকে সোনারবার কেনার কথা বলে কয়েক দফায় লক্ষাধিক টাকা হাতিয়ে নেন হত্যার সঙ্গে জড়িত আসামি ওহিদুর জামান। তিনি নড়াইলের নড়াগাথি উপজেলার কলাবাড়িয়া পশ্চিম পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও মাদারীপুর শিবচর উপজেলার একটি মসজিদের ইমাম। নিহত দিদারুল ইসলাম ও ওহিদুর জামান একে অপরের বন্ধু ছিলেন। 

 

পরে দিদারুল ইসলাম টাকা ফেরত চেয়ে ওহিদুর জামানকে চাপ দিলে তাকে খুনের পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনা মতে ওহিদুর জামান ২০ আগস্ট দিদারের সঙ্গে দেখা টাকা দেবেন বলে জানান। পরে ওহিদুর শিবচরের পাচঁচর এলাকা থেকে হত্যায় ব্যবহৃত চাপাতিটি কেনেন এবং সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় এসে ঘুমের ওষুধ ও কোকা কোলার বোতল কেনেন। এর মধ্যে একটি কোকের বোতলে তিনি ঘুমের ওষুধ মেশান। পরে ঘুমের ওষুধ মিশানো বোতলটি ইমাম দিদারুল ইসলামকে খেতে দিয়ে অন্য বোতলটি তিনি নিজে খান। খাওয়ার কয়েক মিনিটের মধ্যে দিদারুল ইসলাম অচেতন হয়ে পড়লে তাকে গলা কেটে হত্যা করে ওহিদুর।


প্রেমিকার ফোন দিতে এসে কিশোর খুন : প্রেমিকার ফোন দিতে এসে খুন হয়েছে ফয়সাল হোসেন (১৮) নামের এক কিশোর। নিহত ফয়সাল হোসেন শহরের এনায়েত নগর এলাকার নুরুজ্জামান হোসেনের ছেলে। পেশায় সে একজন রেফ্রিজারেটর মেকানিক ছিল।

 

এঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩১ জুলাই (বুধবার) সন্ধ্যায় শহরের খানপুরের পোলস্টার ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই ওই কিশোরের বাবা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামালায় গ্রেপ্তাররা হলো-নিহত কিশোরের প্রেমিকার বড় ভাই মো. আসিফ (২০), সাকিব (১৫), মিলন (১৮), সানজিল (১৭) ও সায়েম (১৮)। 

 

মামলা ও পরিবারসূত্রে জানা যায়, বরফকল এলাকায় সামিরা নামের এক মেয়ের সঙ্গে ফয়সালের প্রেমের সম্পর্ক ছিল। সামিরা নষ্ট হয়ে যাওয়া মুঠোফোন মেরামতের পর ফেরত দেওয়ার জন্য সামিরার বড় ভাই আসিফ বাসায় ফয়সালকে ডেকে আনে। ফোনটি হস্তান্তর করে ফিরে যাওয়ার সময় আসিফ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এনিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে আসিফ তাদের বন্ধুদের ডেকে এনে লাঠিসোটা দিয়ে মারধর করলে আহত হয় ফয়সাল। গুরুতর আহত অবস্থায় খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

৫০০ টাকার জন্য খুন : ২৩ জুন বন্দর উপজেলায় ৫০০ টাকা নিয়ে বিরোধের জের ধরে মিজান সিকদার মিশর (২৮) নামে যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। নিহত মিজান সিকদার মিশুর উপজেলা কাইতাখালী এলাকার টুক্তি সিকদারের ছেলে।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পূর্বপরিচয় সূত্রে মিঠু নামে এক যুবককে ৫০০ টাকা ধার দেয় মিজান এবং টাকা নেওয়ার পর ফেরত দিতে অনীহা প্রকাশ করছিলো সে। এঘটনার জের ধরে সোমবার রাত ১টার দিকে মশার কয়েল আনতে দোকানে গেলে কয়েল মিঠুর সঙ্গে দেখা হলে পাওয়া টানা দাবি করে মিজান। কিন্তু টাকা পরিশোধে অস্বীকার করে মিঠু। 

 

এনিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে ছুরিকাঘাতে মিঠুকে হত্যা করা হয়। পরে অভিযানে চালিয়ে মিঠু ও তার সহযোগী মুন্না, শ্যামল, সাকিব,জিসানসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে। এঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।

 

ছেলেধরা’ সন্দেহে গণপিটুনিতে লাশ : সিদ্ধিরগঞ্জে মেয়ের খোঁজে গিয়ে ‘ছেলেধরা’ সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছেন সিরাজ (৩০) নামে এক যুবক। ২১ জুলাই (শনিবার) উপজেলার মিজমিজি আল আমিন নগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২২ জুলাই (রোববার) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বাদি হয়ে ৭০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দেড় থেকে দুইশ'জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। নিহত সিরাজ ভোলা জেলার লালমোহন থানার চরলেংগুটিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে। 

 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সিরাজ জন্ম থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী। ১০ বছর আগে সিরাজের সঙ্গে বিয়ে হয় শামসুন্নাহার নামের এক নারীর। বিয়ের পরে তাদের মিঞ্জু নামের এক কন্যা সন্তান হয়। পরে পরকীয়া সম্পর্কে জড়িয়ে সাত মাস আগে শামসুন্নাহার সিরাজকে তালাক দিয়ে সাত বছর বয়সী মিঞ্জুকে নিয়ে মান্নান নামের একজনের সাথে পালিয়ে যান। 

 

এরপর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন সিরাজ। মেয়ে ও স্ত্রীর খোঁজে প্রায়ই সিদ্ধিরগঞ্জের মিজমিজি আল আমিন নগর এলাকায় যেতেন তিনি। সেখানেই পরিচয় হয় আইডিয়াল ইসলামিক স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে সাদিয়ার (৬) সঙ্গে। মেয়ের সঙ্গে চেহারায় মিল থাকায় তিনি সাদিয়াকে নিজের মেয়ে ভেবে প্রায়ই স্কুলের সামনে দেখতে যেতেন।

 

শনিবার সকালেও সিরাজ সাদিয়াকে দেখতে গিয়ে হাত ধরে নিয়ে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু স্থানীয়রা ছেলেধরা সন্দেহে তাকে গণপিটুনি দিয়ে আহত করে। পরে পুলিশ খবর পেয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আওয়ামী লীগ নেত্রী কুট্টিকে কুপিয়ে হত্যা : রূপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেত্রী ও ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টিকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৬ জুন (বুধবার) সকালে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিউটি আক্তার কুট্টি উপজেলার পশ্চিমগাঁও এলাকার মৃত হাসান মুহুরীর স্ত্রী। তিনি কায়েতপাড়া ইউনিয়নের ৭, ৮ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।

 

‘জ্বীন তাড়ানোর নাম করে’ এক গৃহধূকে হত্যা : সিদ্ধিরগঞ্জে ‘জ্বীন তাড়ানোর নাম করে’ এক গৃহধূকে হত্যার অভিযোগ উঠেছে কবিরাজ দম্পতির বিরুদ্ধে। নিহত শাহনাজ আক্তার শিখা (২৫) রাজধানীর যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকার বাসিন্দা।  ১৯ জুন (বুধবার) সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় ‘জ্বীন তাড়ানোর চিকিৎসার’ সময় মারা যান শিখা। এ ঘটনায় অভিযুক্ত কবিরাজ ফারুক হোসেন ও তার স্ত্রী জেসমিনকে আটক করে। 

 

নিখোঁজের ১৭ দিন পর বালিখুঁড়ে নারীর লাশ উদ্ধার : সোনারগাঁয়ে নিখোঁজের ১৭ দিন পর মিনু আক্তার (৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করে র‌্যাব-১১। ৭ জুন (শুক্রবার) সকালে মুনজিলখোলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার (৬ জুন) রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে নিহত মিনুর সাবেক স্বামী জুনায়েদকে (৪৫) গ্রেফতার করে র‌্যাব। 

 

গত ২১ মে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন মিনু। এ ঘটনায় তার মা মনোয়ারা বেগম ২৩ মে সোনারগাঁও থানায় জিডি করেন। পরে বিষয়টি র‌্যাবকে জানানো হলে তারা অভিযান চালিয়ে জুনায়েদকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুনায়েদ জানায়, ২১ মে রাতে তিনি সাবেক স্ত্রী মিনুকে তার বাসায় ডেকে এনে ফুসলিয়ে ধর্ষণ করেন। পরে কাপড়ের ব্যবসার টাকা নিয়ে তাদের মাঝে ঝগড়ার এক পর্যায়ে জুনায়েদ মিনুকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করেন।

 

লাশ বাড়ির পাশের পুকুরে কচুরিপানার নিচে রেখে দেন জুনায়েদ।পরদিন রাতে তিনি লাশটি নিয়ে মুনজিলখোলা এলাকায় বিলের মাঝখানে ড্রেজারে বালি ফেলার স্থানে পুঁতে রাখেন।

 

বৃদ্ধাকে আগুনে পুড়িয়ে হত্যা : আড়াইহাজারে আমেনা বিবি নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠে।  ৫ মে (শনিবার) রাতে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ৬ মে (রবিবার) সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহত আমেনা বেগম কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দী এলাকার বাসিন্দা।

 

স্থানীয়রা জানান, উলুকান্দী এলাকার চকের মধ্যে একটি বাড়িতে একাই বসবাস করতেন বৃদ্ধা আমেনা বিবি। শনিবার মধ্যরাতে চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে দেখতে পান হাত-পা-মুখ বাঁধা অবস্থায় নিজের চৌকির উপর আগুনে পুড়ছেন আমেনা বেগম। কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিজয় কৃষ্ণ কর্মকার জানান, আগুন নেভানোর আগেই বৃদ্ধার মৃত্যু হয়।

 

হত্যার পর লাশের সাথে ১০ দিন বসবাস : ফতুল্লার থানার ভোলাইল এলাকায় একটি গোডাউনের ভেতরে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখার ১০ দিন পর জুট ব্যবসায়ী কামরুজ্জামান চৌধুরী ওরফে সেলিম চৌধুরীর (৫২) মরদেহ উদ্ধার করা হয়। ১০ এপ্রিল (বুধবার) বিকেলে তার লাশ উদ্ধার করে পুলিশ।

 

নিখোঁজের একদিন পর ওই ব্যবসায়ীর স্ত্রী রেখা আক্তারের জিডির তদন্ত করতে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী ফয়সালকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ।তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে লাশ পুঁতে রাখার রহস্য। ফয়সালের স্বীকারোক্তিতে বুধবার ভোলাইল মিষ্টির দোকানের পাশে একটি জুটের গোডাউনের ভেতরে মাটিতে পুঁতে রাখা মরদেহটি উদ্ধার করে পুলিশ। 


পুলিশ জানায়, পার্টনারশিপে জুটের ব্যবসা করতেন কামরুজ্জামান চৌধুরী। ভোলাইলে ছিল তাদের গোডাউন। এই গোডাউনেই পার্টনারের সঙ্গে পাওনা টাকা নিয়ে বিবাদ হয় সেলিমের। এর জের ধরেই তাকে হত্যা করা হয়। পরে লাশ গুমের উদ্দেশে মাটি চাপা দেওয়া হয়। কেউ যাতে কিছু জানতে না পারে সেজন্য মাটির ওপর দেয়া হয় সিমেন্টের আস্তরণ। এমনকি সেই লাশের ওপর গত ১০ দিন ধরে খুনীরা চালিয়ে যাচ্ছিলেন ব্যবসায়িক কার্যক্রম।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন