Logo
Logo
×

বিশেষ সংবাদ

সাবরেজিস্ট্রি অফিসে ‘কর জরিপ’ হবে 

Icon

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ০১:৫১ পিএম

সাবরেজিস্ট্রি অফিসে ‘কর জরিপ’ হবে 
Swapno

যুগের চিন্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলার ৭টি সাবরেজিস্ট্রি অফিসে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন কার্যক্রম কেমন চলছে? এ প্রশ্নের উত্তরে সারাবছর অনিয়মের হাজারো অভিযোগ উঠে আসে ভুক্তভোগীদের কাছ থেকে। মাঝে মধ্যে কিছু অনিয়ম ও দুর্নীতি ধরা পড়লেও তা পরবর্তীতে ধামাচাপা পড়ে যায়। 

 

ফলে অনিয়ম ও দুর্নীতির শেকড় আরো ছড়ায় বলে মনে করেন  বোদ্ধামহল। তাদের মতে, ফ্ল্যাট ও জমি কেনাবেচার ক্ষেত্রে অনেক সময় ইটিআইএন সঠিকভাবে দেয়া হচ্ছে না। এদিকে, ফ্ল্যাট ও জমি কেনাবেচার ক্ষেত্রে ইলেকট্রনিক ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর (ইটিআইএন) সঠিকভাবে দেয়া হচ্ছে কি না কিংবা নিবন্ধনের সময় ফ্ল্যাট বা জমির প্রকৃত মূল্য দেখানো হচ্ছে কি না, তা যাচাই করবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগ। এ লক্ষে নতুন বছরের শুরুতে বিভিন্ন আয়কর অঞ্চলের গোয়েন্দা সেলে কর্মরত কর কর্মকর্তারা সাবরেজিস্ট্রি অফিসে জরিপ কার্যক্রম পরিচালনা করবে।

 

এ বিষয়ে এনবিআরের আয়কর বিভাগের সদস্য (কর জরিপ) মেফতাহ উদ্দিন খান বলেন, ‘ফ্ল্যাট ও জমি কেনাবেচার ক্ষেত্রে অনেক সময় ইটিআইএন সঠিকভাবে দেয়া হচ্ছে না। এর পাশাপাশি নিবন্ধনের সময় ফ্ল্যাট ও জমির প্রকৃত মূল্য না দেখিয়ে হয় অতিমূল্য বা কম মূল্য দেখানো হচ্ছে। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি নিবন্ধনের ক্ষেত্রে অনিয়ম সংঘটিত হচ্ছে। মূলত সেটি প্রতিরোধে সাবরেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করার উদ্যোগ  নেয়া হয়েছে।’

 

তিনি আরও বলেন, রাজস্ব ফাঁকি দিতে অনেক সময় জমি বা ফ্ল্যাটের মূল্য কম করে দেখানো হয়, আবার অন্যদিকে ব্যাংক ঋণ পাওয়ার আশায় অতিমূল্যও দেখানো হচ্ছে। কর কর্মকর্তারা অভিযান পরিচালনা করলে এসব অনিয়ম উদঘাটন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

এনবিআর সূত্র মতে, প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রাম নগরীতে জানুয়ারিতে সাবরেজিস্ট্রি অফিসে জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সিলেট, রাজশাহী ও খুলনায় জরিপ চালানো হবে। তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা  রেজিস্ট্রি অফিসে এখনো উপর থেকে কোন নির্দেশনা আসেনি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাগেছে।

 

অনুসন্ধানে জানাগেছে, জেলার বিভিন্ন উপজেলা সাবরেজিস্ট্রার ও তার অফিসের কর্মচারীরা জমি রেজিস্ট্রি করার ক্ষেত্রে জমি ক্রেতা-বিক্রেতার সঙ্গে যোগসাজশে প্রকৃত মূল্য থেকে কম মূল্য দেখিয়ে অবৈধভাবে উৎকোচ গ্রহণের মাধ্যমে দলিল রেজিস্ট্রি সম্পাদন করেন।এক্ষেত্রে বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় সরকার। একই সঙ্গে অফিসের সংশ্লিষ্টরা সরকারি নিয়মে ৭ দিনের মধ্যে নকল  দেয়ার ক্ষেত্রে ২৫২ টাকা সরকারি ফি’র পরিবর্তে জমি ক্রেতার কাছ থেকে আদায় করছেন প্রকার  ভেদে ১১শ’ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। 

 

গুরুতর অভিযোগ রয়েছে, জমি রেজিস্ট্রি করার ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতার ছবি, জন্মনিবন্ধন ও  ভোটার আইডি না থাকলেও মুহূর্তেই এসব করে দেয় দলিল লেখক সিন্ডিকেট। সাব রেজিস্ট্রি অফিসের দুর্নীতি কারও অজানা নয়। অনিয়মই নিয়ম এখানে। 

 

কন্ট্রোলার অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের হালনাগাদ এক প্রতিবেদনে সাবরেজিস্ট্রি অফিসগুলোর ব্যাপক অনিয়মের চিত্র উঠে আসে। সাবরেজিস্ট্রি অফিসের ওপর তৈরি করা সিএজির প্রতিবেদনে বলা হয়েছে, জমি নিবন্ধনের সময় শতকরা ৭৮ ভাগ দলিলে অনিয়ম-দুর্নীতির চিত্র পাওয়া গেছে। এসব দলিলে বাজারদর অপেক্ষা অনেক কম মূল্য দেখানো হয়। এতে করে কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় সরকার। জমির দাম কম দেখানোর নেপথ্যে সাবরেজিস্ট্রি অফিসের কারসাজি, বেআইনিভাবে দলিল করা, বিভাগীয় পরিদর্শক, জেলা ও সাবরেজিস্ট্রাররা যথাযথভাবে দায়িত্ব পালন না করা, তদারকির অভাবসহ কারণ শনাক্ত করা হয়। 

 

তবে সাবরেজিস্ট্রি অফিস কর্তৃপক্ষ বলেছে, সিএজির প্রতিবেদনের অভিযোগ সত্য নয়। জমি  বেচাকেনার ক্ষেত্রে মূল্য নির্ধারিত হয় 'সরকারি কমিটি'র মাধ্যমে। এলাকাভেদে 'সর্বনিম্ন দাম' ঠিক করে দেয় এ কমিটি। এক্ষেত্রে কারসাজি করে মূল্য কম দেখিয়ে নিবন্ধনের কোনো সুযোগ নেই।  কেউ জালিয়াতি করলে তা ধরার দায়িত্ব সাবরেজিস্ট্রি অফিসের নয়। 

 

এ ছাড়া জমির শ্রেণি পরিবর্তন সাবরেজেস্ট্রি অফিস করে না। এটি করে থাকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে সহকারী কমিশনারের (এসি ল্যান্ড) অফিস। জানাগেছে, বাড়ি, ভিটা, চালা, নাল, ডোবা, পুকুর ইত্যাদি শ্রেণি নামে জমি বেচাকেনা হয়। রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে  শ্রেণি পরিবর্তন করে কম দামে জমি নিবন্ধন করা হয়।

 

পর্যবেক্ষক মহলের মতে, সাব রেজিস্ট্রি অফিস শুধু নয়। নারায়ণগঞ্জের ৪৩ টি ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ মিলে। ভুক্তভোগী লোকজন পদে পদে হয়রানির শিকার হন। এখানে টাকা ছাড়া ফাইল নড়েনা। একদিকে সাধারণ মানুষ হয়ারনির শিকার হচ্ছেন। অন্যদিকে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রকৃত মূল্যের চেয়ে দাম কম দেখিয়ে প্রভাবশালীদের  দেয়া হয় অনৈতিক সুবিধা। এতে সরকার রাজস্ব বঞ্চিত হয়। এ কারণেই সরকার নতুন বছরে সাবরেজিস্ট্রি অফিসগুলোতে আয়কর অফিসকে জরিপ করার দায়িত্ব দিয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন