স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলচলরত উপরের সারির বেশ কয়েকটি বাস কোম্পানির মধ্যে প্রতিযোগিতা ছিলো বহুদিনের। বন্ধন, উৎসব, বন্ধু পরিবহনের মতো বাস কোম্পানি সবসময় চাইতো কে কার চেয়ে বেশি যাত্রী আনা-নেয়া করবে। তবে যাত্রীদের সেবার মান নিশ্চিতের দিক থেকে পিছিয়ে ছিলো প্রায় সবাই। ফিটনেসবিহীন গাড়ি চালানো, যাত্রীদের সাথে খারাপ আচরণ, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অভিযোগ ছিলো এদের ঘাড়ে।
গত বছরের ২৪ অক্টোবর সাধারণ যাত্রীদের কাছে ৩০ টাকায় ৩০ মিনিটে ঢাকা যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাস্তায় নামানো হয় ১৫ টি বিআরটিসি (সরকার নিয়ন্ত্রিত) ডাবল ডেকার বাস। আর মূলত এরপর থেকেই যাত্রীদের কাছে বিশ্বাসযোগ্য এবং জনপ্রিয় যাতায়তের মাধ্যম হিসেবে পরিচিতি পেয়েছে বিআরটিসির ‘ডাবল ডেকার’। ফলে যাত্রীদের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে পিছিয়ে পড়ে অন্যান্য পরিবহন কোম্পানিগুলো।
যেমন, উৎসব পরিবহনের নাম এবং রুট পারমিট নিয়ে এখনো রয়েছে নানান জল্পনা-কল্পনা। কেউ কেউ বলছে, উৎসব পরিবহনের বর্তমান রুট পারমিট সম্পূর্ণ অবৈধ। আপত্তি ও নিষেধাজ্ঞা থাকলেও গত ১ জানুয়ারি নতুন করে যাত্রা শুরু করে উৎসব পরিবহন নামেই। তবে নতুন বাস নিয়েও এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে এই পরিবহন।
জানা যায়, উৎসব পরিবহনের আগের ৪০ টি বাসের মধ্যে সবগুলোই খুলনা, রংপুর, সিলেটের মতো অন্যান্য জেলায় বিক্রি করে দেয়া হয়েছে। এখন মাত্র ৭ টি বাস নিয়েই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন চলাচল করছে উৎসব পরিবহন। এছাড়া ভাড়া বেশি হওয়াতে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে উৎসবের কাউন্টার থেকে।
শনিবার (৪ জানুয়ারি) সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় উৎসব পরিবহনের এক সুপারভাইজার (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, আমাদের উৎসব পরিবহনের বাস সংখ্যা বর্তমানে রয়েছে ৭টি তাই এখন যাত্রীরা ঠিক মতো বাস পাচ্ছেনা। তবে এই মাসের মধ্যে আরো ৩০ টি নতুন বাস নামানো হবে। তখন বিআরটিসি ডাবল ডেকার বাস লোহার মার্কেটে বিক্রি করতে হবে। কারণ সবাই তখন উৎসবেই চড়বে।
উৎসব পরিবহনের চেয়ারম্যান শহিদুল্লাহ বলেন, আমাদের বাস সংখ্যা এখন কম তাই যাত্রীদের একটু সমস্যা হচ্ছে কিন্তু এই মাসেই মোট ৩৭ টি বাস থাকবে আমাদের কাছে তখন আমাদের বাসেই সবচেয়ে বেশি যাত্রী উঠবে।
অন্যদিকে সিটি বন্ধন পরিবহনের পরিচালক আয়ূব আলী বলেন, প্রথম প্রথম আমাদের বাস টার্মিনাল এলাকায় পরিবহন কোম্পানি কম ছিলো তখন সবার বাসেই যাত্রী প্রচুর ছিলো। এখন যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠান যোগ হয়েছে তাই সব বাসেই যাত্রী কমে গেছে আমরাও তার ব্যতিক্রম নই। সুতরাং এগুলো মেনে নিয়েই ব্যবসা পরিচালনা করতে হবে আমাদের।
এছাড়া যাত্রী সংখ্যা কমার বিষয়টি স্বীকার করে বন্ধু পরিবহনের পরিচালক মোহাম্মদ মুরাদ বলেন, আসলে আমাদের যাত্রী সংখ্যা কমার কারণ হলো বিআরটিসি বাস।এরা বলে ৩০ টাকা ভাড়ায় যাত্রী ঢাকায় আনা নেয়া করছে কিন্তু বাস্তবতা ভিন্ন। দেখা যায় ২০ টাকায় তারা যাত্রী আনা নেয়া করে তাই আমাদের বাসে কেউই তেমন আসে না। আর আমরা চাইলেও ভাড়া কমাতে পারবো না। কারণ আমাদের বেসরকারি প্রতিষ্ঠান সকল খরচ আমাদেরই বহন করতে হয়। সরকারের কাছ থেকে কিছু পাইনা; যেমনটা পায় বিআরটিসি।
বিআরটিসি ডাবল ডেকার বাস সার্ভিসের সহযোগিতা করছে উৎসব পরিবহন। উৎসব কমিউনিকেশন কোম্পানির মালিক কামাল উদ্দিন মৃধা সংক্ষেপে বলেন, বর্তমানে উৎসব বাস যেই নামে ব্যবহৃত হচ্ছে সেটা পুরোপুরি অবৈধ। তাই বিআরটিসির সাথে উৎসবের তো কোন জোড়াই দেওয়া যাবে না। আর অন্যান্য বাসসার্ভিসগুলোর তুলনায় বিআরটিসি ডাবল ডেকার অনন্য সেবা দিয়ে যাচ্ছে যাত্রীদের। বিআরটিসির এমন সেবা প্রদান শুধু নারায়ণগঞ্জে নয়, সারা দেশের জন্য জন্য উৎকৃষ্ট দৃষ্টান্ত।সাময়িক যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দূর করা গেলে বিআরটিসি ডাবল ডেকারের সাথে অন্যান্য সার্ভিস ধোপে টিকবেনা।


