Logo
Logo
×

বিশেষ সংবাদ

২০১৯ সালে নারায়ণগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১০৭ জন

Icon

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ১২:১০ পিএম

২০১৯ সালে নারায়ণগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১০৭ জন
Swapno

শামীমা রীতা (যুগের চিন্তা ২৪) : নতুন নিরাপদ সড়ক আইন বাস্তবায়নেও সড়কে থামছে না মৃত্যুর মিছিল। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। ২০১৯ সালে নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১০৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে।


বিগত বছরের জানুয়ারিতে ৮ জন, ফেব্রুয়ারিতে  ১২ জন, মার্চে ৭ জন, এপ্রিলে ৬ জন, মে মাসে ৪ জন, জুনে ৮জন, জুলাইয়ে ১৫ জন, আগস্টে ১০ জন, সেপ্টেম্বরে ৭ জন, অক্টোবরে ১৪ জন, নভেম্বরে ৬ জন এবং ডিসেম্বরে ১০জন নিহত হয়। আহত হয়েছে দেড় শতাধিক। এর মধ্যে শুধুমাত্র ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে এক বছরের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৫২ জন।


বিগত বছরের বিভিন্ন জাতীয় দৈনিক, টিভি চ্যানেল এবং স্থানীয় পত্রিকা ও অনলাইনে প্রকাশিত সংবাদ থেকে এ সকল তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্টদের মতে, অশিক্ষিত ও অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ ও অবৈধ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, অসচেতনতা, অনিয়ন্ত্রিত গতি, রাস্তা নির্মাণে ত্রুটি, আইনের যথাযথ প্রয়োগ না করা এসব দুর্ঘটনার মূল কারণ।


তবে পুলিশ বলছে, শুধুমাত্র আইন আর পুলিশ প্রশাসনের পক্ষে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। এর জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন। 


জানা যায়, ডিসেম্বরে রূপগঞ্জে বন্ধুর সাথে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়। বন্দর থানা যুবলীগ নেতার বড় ভাই বাঁশ ব্যবসায়ী আফানুর মিয়া (৫২) বেপরোয়া মিশুকের থাক্কায় নিহত হয়। রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন নিহত হয়। আড়াইহাজারের ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকামুখী লোকাল বাসের চাপায় পিষ্ট হয়ে একই বাসের যাত্রী মা-ছেলে নিহত হয়। বন্দরে ট্রাক চাপায় রবিউল হোসেন(৩৫) নামে এক পথচারী নিহত, আড়াইহাজারে সিএনজি চালিত অটো রিকশার ধাক্কায় শুকুর আলী (৫০) নামে পথচারী নিহত হয়।


নভেম্বরে ফতুল্লার বক্তাবলীর চরবয়রাগাদী এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় হাসপি আক্তার অপু (৮) নামে শিশু নিহত হয়। এর আগে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে পুলিশ লাইনস স্কুল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহমুদা বেগম ইজিবাইক চাপায় নিহত হয়। আড়াইহাজারে ছেলেকে জেএসসি পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় আড়াইহাজার-গোপালদী সড়কে গাড়ি চাপায় নিহত হয় বাবা।


অক্টোবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যান চাপায় হৃদয় (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী পাঠাও চালক নিহত হয়। ফতুল্লার পাগলা  বাজার এলাকায় ট্রাকের চাপায় লালন চাঁন নামের একজন রিক্সাচালক নিহত হয়। রূপগঞ্জে তারাব সুলতানা কামাল সেতু এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় ফরহাদ হোসেন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়। একই দিন সন্ধ্যায় আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়া এলাকায় মেঘালয় পরিবহনের একটি যাত্রীবাহি বাস খাদে পড়ে তিন ব্যক্তি নিহত হয়। 

 

বন্দরে অটো ইজিবাইকের ধাক্কায় নজরুল ইসলাম ওরফে নজু (৫০) নামে এক সিএনজি চালক নিহত হয়। বরফকল মাঠ সংলগ্ন আওয়ামী সলীগ অফিসের সামনে ট্রাকের নীচে চাপা পড়ে মো. শান্ত (৩০) নামের এক যুবক আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশের কনস্টেবল আরিফ নিহত হয়। বন্দরের ফুলহর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় রাসেল ওরফে শুভ (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। একইদিন আড়াইহাজার উপজেলায় কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমিরচর নোয়াগাঁও সড়কে  ট্রাক্টরের চাপায় আবু সাঈদ (৮) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। 


সেপ্টেম্বরে রূপগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাজু পাটোয়ারি (২৮) নামে ট্রাকের এক সহযোগী (হেলপার) নিহত হয়। আড়াইহাজারে নজরুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করে সোনারগাঁয়ের কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার পাশ থেকে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারে নি। নিহতের শরীরে কিছু জখমের চিহ্ন দেখে ধারণা করে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। 


ফতুল্লার দেলপাড়া এলাকায় স্কুল শেষে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় আরাফত হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়। ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে সদর উপজেলার গোগনগর এলাকায় একটি সিমেন্টবাহি ট্রাকচাপায় জামাল হোসেন নামে এক অটোরিকশা চালক নিহত ও একজন যাত্রী আহত হয়। রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় বীর মুক্তিযোদ্ধা খাঁন মোহাম্মদ খুরশিদ আলম (৬৫) নিহত হয়।


জুনে রূপগঞ্জে একটি দুরপাল্লার যানের ধাক্কায় ট্রাক খাদে পড়ে ট্রাক ড্রাইভার নিহত হয়। বন্দরে বাস চাপায় আজগর আলী (৫৮) নামের এক অটোরিক্সা চালক নিহত হয়। রূপগঞ্জে অবৈধ যান ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যুখাদে পড়ে চালক ও হেলাপারের মৃত্যু। রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে লেগুনা বাসের সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়।


জুলাইয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সাইনবোর্ডে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কাভার্ডভ্যানের চাপায় অজ্ঞাত পরিচয় যুবক নিহত হয়। এর আগে এক পথচারীকে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো ট ১৮-৪১০১) চাপা দেয়। রূপগঞ্জ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহসড়কে মালবাহী দুই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চন্ডি সেন (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়। 

 

ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বন্ধন বাসের চাপায় নিহত হয় ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ বাদল। সোনারগাঁও উপজেলায় রাস্তা পারাপার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ দুইজন নিহত হয়। সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস চাপায় প্রশান্ত (২৪) নামের এক যুবক নিহত হয়। ডেমরা-নারায়ণগঞ্জ সড়কে ব্যাটারী চালিত অটো রিকশার সাথে শ্রমিক পরিবহনের একটি বাসের সংঘর্ষে অটো চালক নিহত হয়। 


এপ্রিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ফরিদ আহমেদ (৩৮) নামে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়। রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে প্রভাতি বাসের চাকায় পিষ্ট হয়ে হেলাল উদ্দিন (৪০) নামের লেগুনা চালক নিহত হন। ৪ এপ্রিল ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কে পাগলায় বাসের চাপায় ব্যাটারি চালিত ইজিবাইক চালক নিহত হয়। সড়ক দুর্ঘটনায় সিদ্ধিরগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাছান (৩০) নামে অটোরিক্সা চালক নিহত হয়। 

 

২১ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁও উপজেলার মল্লিকের পাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়। ২৩ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত ট্রাক চাপায় গার্মেন্টস কর্মী ইকবাল নিহত হয়। ১ জানুয়ারি বন্দরের আমিরাবাদ বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় মহানগর আওয়ামী লীগের সহসভাপতির ছেলে রাসেল (৩৭) নিহত হয়।


সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জানান, সড়ক দুর্ঘটনা মূল কারণ সড়ক আইন অমান্য করে ধীরগতির বাহন মহাসড়কে চলাচল করে, যা দূরপাল্লার বড় গাড়িগুলোর চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশকে এই ব্যাপারে তেমন কোনো কার্যকর ভূমিকা নিতে দেখা যায় না। ফলে সড়ক,মহাসড়কগুলোতে দুর্ঘটনা ঘটছে। 


সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব জানিয়ে তিনি জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইন ও পুলিশের সুষ্ঠু ব্যবস্থাপনা। একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে প্রতিনিয় সড়ক-মহাসড়কগুলোতে যে দুর্ঘটনাগুলো ঘটছে তা অধিকাংশই অবৈধ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, অসচেতনতা, অনিয়ন্ত্রিত গতি, ত্রুটিপূর্ণ রাস্তা ও আইনের যথাযথ প্রয়োগের অভাবে। এ সকল বিষয়গুলো যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লক্ষ্য রাখে তাহলে এ ধরণের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।

 
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আগে সড়ক দুর্ঘটনার প্রবণতা বেশি ছিলো। বর্তমানে এটা অনেকাংশে কমে এসেছে। রাস্তাগুলো ঠিক করা হয়েছে, সড়কে সড়কে ট্রাফিক ব্যবস্থার উন্নত করা হয়েছে। এ ধরনের দুর্ঘটনা সামনে আরো কমে আসবে। তবে সড়ক দুর্ঘটনা শুধুমাত্র আইন আর আমাদের কার্যক্রম দিয়ে একার পক্ষে প্রতিরোধ করা সম্ভব নয়। এর জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন। তাদেরও সচেতনতা প্রয়োজন।


তিনি বলেন, একজন মোবাইলে ফোন কানে নিয়ে রাস্তা পারাপার হচ্ছে এ সময় একটা ট্রাক চাপা দিয়ে চলে গেল। এখন এ দোষটা কার। আবার একটা সিএনজিতে ৮-১০ জন বসে যাচ্ছে। কিছু বলতে গেলেই ক্ষমতা দেখাচ্ছে বলছে আমি তার লোক ,এর লোক। এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এর দায় কার?   


নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (ট্রাফিক) সালেহউদ্দীন আহমেদ জানান, অদক্ষ চালক, পথচারী ও চালকদের অসচেতনতা, ত্রুটিপূর্ণ সড়ক ব্যবস্থা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। যদিও সড়ক দুর্ঘটনার হার শতভাগ কমানো সম্ভব নয়। কিন্তু প্রতিরোধ করা সম্ভব। তার জন্য আইন, ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়নের সাথে সাথে সাধারণ মানুষ, যানবাহন চালক ও সড়ক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সচেতন হতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন