অনার্স-মাস্টার্স পাশ দিয়েই কর্মসংস্থান সম্ভব না:শিক্ষা উপমন্ত্রী
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৫:১৩ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ‘আমাদের যে অর্থনীতি সেখানে এখন শুধুমাত্র অনার্স মাস্টার্স, এমএ, বিএ পাশ করলেই কিন্তু জীবনের মোড় ঘুরবেনা, কর্মসংস্থান অর্জন সম্ভবনা। পুথিঁগত বিদ্যা দিয়ে জীবনের মোড় ঘুরবেনা’ বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রোববার (৫ জানুয়ারি) সকালে বন্দর উপজেলার নাজিম উদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ এর নবীন বরণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, উচ্চ শিক্ষা অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু উচ্চশিক্ষার পাশাপাশি দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ নিতে হবে। উচ্চ শিক্ষা লাইসেন্স হলেও এটি দিয়ে জীবিকা অর্জন হবেনা।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে নওফেল বলেন, যে কোন বিষয়ের সনদে আমরা শিক্ষা নিবো কিন্তু যেগুলো আমাদের অর্থনীতিতে নিজেকে কাজে লাগাতে পারবে সেবিষয়গুলো আমাদের আলাদা করে শিখতে হবে, জানতে হবে। এসময় উপমন্ত্রী তিনি নিজেও উচ্চশিক্ষা গ্রহণের সময় আলাদা করে কম্পিউটারের উপর শিক্ষা নিয়ে তিন বছর চাকুরী করেছিলেন বলে জানান। চাকুরীর সাথে তাঁর নেয়া উচ্চশিক্ষা ডিগ্রির কোন সম্পর্ক ছিলোনা।
শিক্ষা উপমন্ত্রী বলেন, উচ্চ শিক্ষা মনকে উচ্চতর, উন্নত ও চিন্তার গভীরতা বাড়াবে, কিছুটা দক্ষতা দিবে। জীবিকা সম্পর্কিত বৃত্তিমূলক যে কোন বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে। সুশিক্ষিত মানুষ হিসেবে সবাইকে মাথায় রাখতে হবে, পৃথিবীর কোন পেশ, কোন কাজই অসম্মানের নয়। কোন পেশায় দক্ষতা অর্জনকে হেলাফেলা করলে চলবেনা। আইসিটি ভবন গড়ে তোলা হয়েছে, এরমাধ্যমে উচ্চমানের প্রশিক্ষণ নিয়ে ছেলেমেয়েরা আউটসোর্সিং এরকাজ করে ঘরে বসেই বিদেশ থেকে উপার্জন করার সক্ষমতা অর্জন করতে পারবে।
দেশ কৃষিভিত্তিক থেকে শিল্পভিত্তিক দেশে পরিণত হচ্ছে উল্লেখ করে উপমন্ত্রী বলেন, শিল্পক্ষেত্রের সাথে মিল রেখে পেশা নির্বাচন করলে জীবনমান উন্নত হবে। উন্মুক্ত মানসিকতার হতে হবে। কর্মমুখী শিক্ষা গ্রহণ করে নিত্যনতুন দক্ষতা অর্জন করতে হবে।
শিক্ষা উপমন্ত্রী বলেন, এখন ২৮ লাখ গ্রাজুয়েট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি করছে, তবে এই পরিমাণ কর্মসংস্থান বাংলাদেশে সৃষ্টি হয়না। কিন্তু এইদেশেই ৫ লাখ ভারতীয়-চাইনিজ কর্মচারী কাজ করছে কেননা আমাদের শিক্ষার্থীরা সেকাজে প্রশিক্ষণ নিতে পারেনি। বিদেশ থেকে এসে যারা কাজ করছে তারা উচ্চশিক্ষার পাশাপাশি একটি নির্দিষ্ট বিষয়ে টেকনিক্যাল যোগ্যতা নিয়ে তারা আমাদের দেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে। উচ্চশিক্ষা নিতে অনার্স, মাস্টার্স, সাধারণ শিক্ষা সব প্রয়োজন আছে পাশাপাশি জীবিকা অর্জনের জন্য হাতে কলমে কাজ শেখার জন্য সরকার দেশে অনেক সুযোগ তৈরি করছে। দেশের বহু প্রতিষ্ঠিত ব্যক্তি হাতে কলমে কাজ শিখেছেন, করেছেন। প্রধানমন্ত্রী দেশের ১৭ কোটি মানুষের প্রত্যেককে ভালোবাসেন, সমান চোখে দেখেন। ভ্রাতৃত্বের মনোভাব নিয়ে, মানবিক গুনাবলি নিয়ে শান্তিপূর্ণ সমাজে দক্ষ জনশক্তিতে পরিণত হওয়ার আহবান জানান তিনি।
নাজিম উদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ এর গভর্নিং বডির সভাপতি আরজু রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) খোরশেদ আলম, জেলা তত্ত্বাবধায়ক প্রকৌশলী মঞ্জুরুল হাসান, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, বন্দর ইউএনও শুক্লা সরকার, এসিল্যান্ড আফিফা খানম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ প্রমুখ ।


