Logo
Logo
×

ধর্ম ও নৈতিকতা

আজ বিজয়া দশমী, বাজছে বিসর্জনের সুর

Icon

রাসেল আদিত্য 

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০, ১২:০২ এএম

আজ বিজয়া দশমী, বাজছে বিসর্জনের সুর
Swapno


হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দর্গাপূজার আজ শেষ দিন, শুভ বিজয়া দশমী। বিসর্জনেরে মধ্য দিয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামী গৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা।

 

বাজছে বিদায়ের করুণ সুর। আজ সোমবার সকালে দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এবার দেবী দুর্গা এসেছেন দোলায় চড়ে, আর যাবেন গজে বা হাতিতে।


নানা ধর্মীয় আচারের মধ্য দিয়ে গতকাল রোববার নারায়ণগঞ্জসহ সারা দেশে মহানবমী উদ্যাপিত হয়েছে। শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন সকালে মণ্ডপে মণ্ডপে বিহিত পূজার মাধ্যমে শুরু হয় মহানবমীর আনুষ্ঠানিকতা।

 

দুর্গতিনাশিনী দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে মনোজগতের আসুরিক প্রবৃত্তি, সমাজ ও রাষ্ট্রের অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তি জাগরণে প্রার্থনা জানানো হয়।


নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে সকাল সাড়ে ছয়টায় মহানবমীর পূজা অনুষ্ঠিত হয়। সকালে শহরের আমলাপাড়া, পালপাড়া, টানবাজার, নিতাইগঞ্জসহ বিভিন্ন মণ্ডপে নিয়মিত পূজার মধ্যদিয়ে শুরু হয় প্রতিদিনকার আয়োজন।

 

মণ্ডপ ঘুরে দেখা যায়, মহানবমী উপলক্ষে মন্দির-মণ্ডপে ছিল উৎসবমুখর পরিবেশ। শহরের মণ্ডপগুলোতে প্রিয়জন বা পরিবারের সদস্যদের নিয়ে হাজির হয়েছিলেন হিন্দু ধর্মাবলম্বীরা। তাঁদের পরনে ছিল নতুন পোশাক।

 

অন্য ধর্মের লোকজনের উপস্থিতিও দেখা গেছে। হিন্দুধর্মাবলম্বী অনেকের বিশ্বাস, মহানবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেওয়ার ক্ষণ। দেবীর আশীর্বাদ কামনা করে কায়মনে চলে প্রার্থনা। দেবীর সঙ্গে সেলফি তোলাও চলে সমানতালে।


তবে করোনা মহামারির কারণে সংক্রমণ এড়াতে এ বছর দুর্গাপূজার অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। উৎসব পরিহার করে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখতে হবে বিধায় এবারের দুর্গোৎসবকে ‘দুর্গাপূজা’ হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ।

 

সন্ধ্যায় আরতির পরই বন্ধ করে দেওয়া হয়েছে পূজামণ্ডপ। ছিলনা অতিরিক্ত লাইটিং, ডিজে শো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধুনুচি নাচের প্রতিযোগিতা। জনসমাগমের কারণে স্বাস্থ্যবিধি যাতে ভঙ্গ না হয়, সেদিকে খেয়াল রেখেই দুর্গাপূজায় আগেই প্রসাদ বিতরণ ও বিজয়া দশমীর শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন