নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এবং তাদের ব্যবসায় বিএনপি নেতাদের শেল্টার
নজরদারিতে বিএনপি নেতারা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা ও দলের ভাবমূর্তি অটুট রাখতে নিজ দলের নেতাকর্মীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়, সহযোগিতা কিংবা মামলা থেকে ছাড়িয়ে নিতে তদবির করার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের স্থায়ী বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। ইতিমধ্যে চলছে তদন্ত সেই পরিপ্রেক্ষিতে সতর্ক অবস্থানে নারায়ণগঞ্জ বিএনপির একাধিক নেতাকর্মীরা। সূত্র জানিয়েছে, হাইকমান্ডের তালিকায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী সেই তালিকাভুক্ত হয়েছেন। এদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত আসছে। একই সাথে ক্ষমতাসীন দলে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ গ্রুপিং, পদ-পদবি নিয়ে প্রতিযোগিতা এবং সমন্বয়হীনতার পাশাপাশি অর্থের বিনিময়ে আ.লীগের সঙ্গে সমাঝোতার কারণে সংগঠনগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়েছে। বিএনপি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যদের ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা সহায়তা করছেন। এমন অভিযোগ দেশজুড়ে চলছে কেন্দ্রীয় পর্যায়ে পাওয়ার পর নির্দেশনা দেওয়া হয়।
বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন, অভিযোগগুলো খতিয়ে দেখে জড়িতদের পদ-পদবি বা প্রভাব বিবেচনা না করেই ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশকেও সহায়তা করবে বিএনপি। এ ছাড়া, ডিসেম্বরকে সামনে রেখে সম্ভাব্য সহিংসতা বা নাশকতার বিষয়ে নজর রাখতে এবং পুলিশ ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করতে তৃণমূল নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান নেতারা। এ লক্ষ্যে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অভিযুক্ত নেতাকর্মীদের তালিকা করা হচ্ছে। গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিএনপির একটি উচ্চপর্যায়ের টিমও পৃথকভাবে অভিযোগ যাচাই করছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তা দলীয় হাইকমান্ডকে জানানো হবে।
বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের নেতারা জানিয়েছেন, ডিসেম্বরে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণাকে কেন্দ্র করে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে থাকবে। এ পরিস্থিতিতে বিএনপির কেউ আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন বা আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
দলটির নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ আমলে হামলা ও নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার হওয়ার পর স্থানীয় বিএনপির কিছু নেতা তাদের ছাড়িয়ে নিতে তদবির করছেন। ব্যক্তিগত স্বার্থ, আর্থিক লেনদেন কিংবা আত্মীয়তার সূত্রে কেউ কেউ আওয়ামী লীগের পলাতক ও অভিযুক্ত নেতাকর্মীদের আশ্রয়ও দিচ্ছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা রক্ষায় নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে অভিযোগ পাওয়া গেছে, সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে আ.লীগের সঙ্গে বিএনপির সমাঝোতার বিষয়টি সব থেকে বেশি বললেই চলে। যার মূল সমস্যা আত্মীয়তা ও ব্যবসায়ীক অর্থের সমাঝোতা। এদিকে নারায়ণগঞ্জে আ.লীগের সঙ্গে আত্মীয়তার বন্ধন সব থেকে বেশি ফতুল্লাতেই বৃদ্ধমান। তা ছাড়া শহরে ও রয়েছে এমনকি বন্দর,রূপগঞ্জ,আড়াইহাজার, সিদ্ধিরগঞ্জে ও অহর অহর।
এদিকে চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জে দলটির যেসব নেতা-কর্মী ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন খাতের নিয়ন্ত্রণে ছিলেন, তাদের একটি অংশের সঙ্গে যোগাযোগ রেখে চলার অভিযোগ উঠেছে বিএনপির একাংশের নেতা-কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সমঝোতা করে হাট-বাজার, পরিবহন ও পোশাক কারখানার ঝুট ব্যবসাসহ বিভিন্ন খাতে নিজেদের অবস্থান শক্ত করেছেন তারা। এসব খাত থেকে আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতাদেরও ভাগ দেওয়া হচ্ছে বলে আলোচনা রয়েছে। শহরে হত্যা, চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত ওসমান পরিবারের সদস্যদের সঙ্গে অতীতে ঘনিষ্ঠতা বজায় রাখা বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধেও সেই সম্পর্ক অব্যাহত রাখার অভিযোগ রয়েছে।
এমনকি, গণঅভ্যুত্থানের পর ওসমান পরিবারের সদস্যরা আত্মগোপনে থাকলেও তাদের কেউ কেউ আশ্রয় পেয়েছেন বিএনপির ওই নেতাদের কাছ থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর নারায়ণগঞ্জে এ নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক শ্রমিক আন্দোলন ও গোপালগঞ্জের সহিংস ঘটনার পর আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে থাকা বিএনপি নেতাদের বিষয়ে দলটি সতর্ক অবস্থান নিয়েছে বলে জানা গেছে। তাছাড়া, গত কয়েকমাসে নারায়ণগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল, যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনায় বিষয়টি আরো গুরুত্ব দিয়ে দেখছে সরকার ও সরকারি দল বিএনপি।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় উত্তাল ছিল রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জ। বিশেষ করে ওসমান পরিবারের দীর্ঘদিনের প্রভাব ও আধিপত্যের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন শহরের মানুষ। সরকার পতনের পর ওসমান পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠজনেরা নারায়ণগঞ্জ ছেড়ে আত্মগোপনে চলে যান। তাদের কেউ কেউ দেশ ছাড়তে সক্ষম হন, অন্যরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তবে কয়েক মাস পর তাদের কেউ কেউ আবার শহরে ফিরতে শুরু করেন। এমতা অবস্থায় আ.লীগের সঙ্গে সমাঝোতার বিষয়ে বিএনপিকেই বার বার দুষছেন, জামায়াত-এনসিপিসহ দলীয় একাধিক নেতাকর্মীরা।


