আ.লীগের নৈরাজ্য প্রতিরোধে রাজপথে জামায়াত-বিএনপি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তান্ডব চালিয়েছে বিভিন্ন পৃথক স্থানে। গোপালগঞ্জে টুঙ্গিপাড়া থানা পুড়িয়ে সারাদেশে আতঙ্ক তৈরীর পায়তারা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জকে টার্গেট করে জেলার বিভিন্ন অঞ্চলে আগুন সন্ত্রাস সহ তান্ডব চালান আওয়ামী লীগের পালিয়ে থাকা দুর্বৃত্তরা। গত কয়েকদিন যাবত দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটছে, যার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দলগুলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীদের দায়ী করছে।
এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি স্থানে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় এশিয়ান হাইওয়েতে একটি খড়বোঝাই ট্রাকে এবং সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে দুটি যানবাহনই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ (১৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশজুড়ে লকডাউন কর্মসূচি থাকলেও নারায়ণগঞ্জ শহরে এর তেমন প্রভাব দেখা যায়নি। দুপাল্লার পরিবহন গুলো চলাচল না করলেও আন্ত জেলা পরিবহন গুলো সচল ছিল। এছাড়া সকাল থেকেই শহরের চাষাঢ়া, ফতুল্লা ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ও জনজীবন স্বাভাবিক রয়েছে। এমনকি ঢাকা চট্রগ্রাম সড়ক যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে জেলার সোনারগাঁয়ে পৃথক দুটি স্থানে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
অন্যদিকে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে ক্ষমতাসিন দলের নারায়ণগঞ্জ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য সহযোগি সংগঠন রাজপথে নেমে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। আগামী দিন গুলোতেও নিষিদ্ধ ঘোষিত দলের বিরুদ্ধে পাড়া মহাল্লার নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। তবে এবার বিএনপির পরে ১৯ নভেম্বর নারায়ণগঞ্জে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে জামায়াতে ইসলাম বিক্ষোভ মিছিল করেছে। একই সাথে পাড়া মহল্লায় জামায়াতের নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান দলটির জেলার শীর্ষ নেতৃবৃন্দ।
মহানগর বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন,“আজকে থেকে কোনো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা শ্রমিক লীগের কারও প্রতি আর কোনো সহানুভূতি দেখাব না। আজকে নয় শুধু, আগামী দিনে সকল আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীদের ধরে পুলিশে সোপর্দ করব। “আসলে আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল। বাংলাদেশের সকল দুর্যোগ সময়ে এই আওয়ামী লীগ দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পরে সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং সকল সাবেক এমপি পালিয়ে গিয়েছিল। আওয়ামী লীগের লোকজন দেশে ছিল, আমরা তাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম। কিন্তু এখন আর তাদের প্রতি কোন সহানুভুতি থাকবে না। তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে।
তিনি বলেন, “আজকে যেসব জায়গায় নাশকতার প্রস্তুতি নেওয়া হয়েছিল, জনগণ তা প্রত্যাখ্যান ও প্রতিহত করেছে। আগামী দিনেও তাদের প্রতিহত করে আমরা এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করব।” নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার বলেন, নারায়ণগঞ্জসহ সারা দেশে বাস, ট্রাকসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগ। এসব ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রমাণ করেছে, রাজনৈতিকভাবে বাংলাদেশে দলটির পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষকে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিজেদের সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে।
শেখ হাসিনার প্রসঙ্গ টেনে মাওলানা আবদুল জব্বার বলেন, জনগণের ঐক্য অটুট থাকলে কোনো সন্ত্রাসীকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। ক্ষমতার লোভ ও ষড়যন্ত্রের কারণে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা বিলম্বিত হচ্ছে। একই সঙ্গে জাতির ঐক্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। বিরোধী রাজনৈতিক দলের ওপর অন্যায়-অবিচার বন্ধ করে বাস্তবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের পর যে দলের প্রধান নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাঁদের ফিরে আসার আর কোনো সুযোগ নেই। বিদেশে পালিয়ে থেকে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জনগণ এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ক্ষমা করবে না। এর আগে গতকাল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে শহরের হোসিয়ারি সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা। পরে বাদমাগরিব আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে মহানগর জামায়াত প্রতিবাদ মিছিল করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়। এতে করে তারা যে আগের মত সরকারি দল বিরোধী দল কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের বিরুদ্ধে একতাবদ্ধ রয়েছেন তার নজির রেখেছেন। এর আগে বিরোধী দলকে এমন ভুমিকায় দেখা যায় নাই। এতেদ করে প্রমান হলো আওয়ামী রীগের বিরুদ্ধে সকল দল এক হয়ে জনগণকে নিয়ে তারা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে।


