লাইফসাপোর্টে মহানগরের সাধারণ সম্পাদক খোকন সাহা
নিষিদ্ধ আ.লীগের না.গঞ্জের শীর্ষ নেতারা হাসপাতালে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
শামীম ওসমান, খোকন সাহা, আব্দুল হাই, আবু হাসনাত শহীদ, মো. বাদল, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, আনিসুর রহমান দিপু
জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর নারায়ণগঞ্জ থেকে ধীরে ধীরে পালিয়ে যান শীর্ষ আওয়ামী লীগ নেতারা। কালেভাদ্রে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখা যায়। তবে একের পর এক নিজেদের অবস্থান বদল করছেন নারায়ণগঞ্জ শহরের শীর্ষ আওয়ামী লীগ নেতারা।
সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপুসহ আরো বেশ কয়েকজন নেতা গুরুতর অসুস্থ হয়ে বিভিন্নভাবে চিকিৎসা নিচ্ছেন। শেখ হাসিনা যখন ডিসেম্বরে ফেরার কথা বার কয়েক আওয়াজ দিয়েছেন তখনই নারায়ণগঞ্জের এই শীর্ষ নেতাদের অসুস্থতার কথা বড় দাগে সামনে এলো।
সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগরেরর সাধারণ সম্পাদক খোকন সাহা সবচেয়ে বেশি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। সূত্র জানিয়েছে, রাজধানীর একটি হাসপাতালে বেশ কিছুদিন আইসিইউতে থাকলেও এখন তিনি লাইফ সোপোর্টে রয়েছেন। কিডনী, লিভার ও ফুসফুসের বিভিন্ন জটিলতায় তিনি ভুগছেন। সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা গেছে, সাবেক এমপি শামীম ওসমান লাঙ্ক ক্যানসার নিয়ে চেন্নাইয়ে চিকিৎসা নিচ্ছেন। ইতিমধ্যে তিনি ২টি কেমোথেরাপি নিয়েছেন, আরো অনেকগুলো কেমো নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।
আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপুর সম্প্রতি অপেন হার্ট সার্জারি হয়েছে। তিনি ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ভারতে অসুস্থ হয়ে শয্যাশায়ী। সূত্র জানিয়েছে, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনও শারীরিক নানা জটিলতায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই মেয়ের বাড়িতে ঢাকায় আশ্রয় নিয়ে চিকিৎসা করাচ্ছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল মনস্তাত্ত্বিক নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিকে যখন দেশে ফেরার কথা বলছেন, তখন নারায়ণগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের শারীরিক অসুস্থতার বিষয়টি সামনে এনেছেন তাদের কর্মীরা।


